দলছুট এক দুষ্টু ছানা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ছবির এই নিরীহ গোবেচারা পাখির ছানাটি দেখে বোঝার উপায় নেই যে এক ঝটকা লাফে এটি খাড়া ছয় ফুট উচ্চতায় উঠে যেতে পারবে। এরপর মাটিতে নেমেই অসম্ভব দ্রুত গতিতে হেঁটে পালিয়ে যেতে পারবে চোখের পলকে। প্রয়োজনে ঘাসবন, ঝোপঝাড়ে আত্মগোপন করতে পারবে অসম্ভব কুশলতায়। ওর শরীরের কাছে শত্রুর পা না পড়া পর্যন্ত নড়বে না একটুও, বিপদ বুঝলে আবারও ঝটকা লাফে খাড়া উঠে যাবে নান্দনিক ভঙ্গিতে।এই ছানাটি নাগরবাটই পাখির। এটির বয়স দুই মাসের কম। মাস খানেক আগে আমাদের গ্রাম বাগেরহাটের সাতসৈয়ায় দলছুট হয়ে ধরা পড়েছিল এটি। পরে ছেড়ে দেওয়া হয়। এই ছানাগুলো মায়ের উত্তাপ-ভালোবাসা পায় না। হয়তো বা চেনেও না মাকে। এদের মা-পাখি স্বভাবে বহুগামী। জুটি বাঁধে। বাসা গড়ে মাটির ওপরেই। ডিম পাড়ে চারটি। এরপর পুরুষ পাখিটিকে ডিমে বসিয়ে দিয়ে আবারও চলে যায় নতুন সঙ্গীর খোঁজে। আবারও বাসা, আবারও ডিম। স্থায়ী জুটি বাঁধে না কারও সঙ্গে। ডিমে তা দেওয়া থেকে ছানাগুলোর লালন-পালনের সব দায়িত্ব বাবা-পাখির। বাবার আদরেই বেড়ে ওঠে চঞ্চল দুষ্টু ছানাগুলো।খোলা মাঠের পাখি এরা। ইংরেজি নাম Barred Button Quail। বৈজ্ঞানিক নাম Turnix suscitator। মাপ ১৫ সেন্টিমিটার। খাদ্য এদের পোকামাকড়, ঘাসফড়িং ও শস্যবীজ। এদেরও আছে প্রেমের গান, বাসা বাঁধার গান। সারা দেশেই এরা আছে বলা যায়, তবে দেখা খুব দুরূহ ব্যাপার। কুষ্টিয়ার আখমহালে এরা আছে। ডিম দেয়, ছানা তোলে। সাতসৈয়ায় এরা প্রতি মৌসুমে ডিম দেয়, ছানা তোলে। ডিম থেকে সদ্য ফোটা পিচ্চি ছানার ছবিও আমার সংগ্রহে আছে। এককথায় বলা যায়, ভালোই আছে এরা আমাদের দেশে।