দলছুট কোড়ার করুণ পরিণতি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিলেটের জনপদে ঢুকে পড়া শম্বর হরিণ ধরে জবাইয়ের পরদিনই সুনামগঞ্জে একটি বিরল ধরনের বড় পরিযায়ী পাখি মারা নিয়ে এলাকায় সাড়া পড়ে যায়। গতকাল বুধবার হাওর থেকে কুড়কুড়া সারস নামের ওই পাখিটি মারার জন্য দুজনকে গ্রেপ্তার করা হয়েছে। শীতে উত্তর-পূর্বাঞ্চলের হাওর এলাকার বাসিন্দা এ পাখিটি স্থানীয় মানুষের কাছে ‘কুড়া সারস’ নামেই বেশি পরিচিত।সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার আশারকান্দি ইউনিয়নের কাঁঠালকাইর হাওর থেকে গতকাল ভোরে পাখিটিকে গুলি করে আহত করার পর জবাই করা হয়। প্রায় পাঁচ কেজি ওজনের পাখিটি শিকারের কথা গ্রামে প্রচার হলে সিলেট বন বিভাগের ‘বিশেষ টহল বাহিনী’র কাছেও খবর যায়। তারা ঘটনাস্থলে গিয়ে মৃত পাখিটি উদ্ধার করে। দোষ স্বীকার করার পর শিকারি দুই ব্যক্তিকে বন্দুকসহ গ্রেপ্তার করা হয়েছে।বন বিভাগের বিশেষ টহল বাহিনীর ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. নূরুজ্জামান প্রথম আলোকে জানান, কাঁঠালকাইর হাওরপাড়ের বাসিন্দা মো. কাচা মিয়া ও হাজি মো. নূর আলী বন্দুক দিয়ে পাখিটিকে গুলি করে ধরেন। পরে বাড়িতে এনে জবাই করেন। বিশেষ টহল বাহিনী ঘটনাস্থলে গেলে তাঁরা ঘটনার জন্য উল্টো দম্ভোক্তি করেন। একপর্যায়ে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‍্যাব-৯) সহায়তায় তাঁদের আটক করা হয়। এ ব্যাপারে বন্য প্রাণী সংরক্ষণ আইনে মামলা হয়েছে এবং এতে গ্রেপ্তার দেখিয়ে আদালতের মাধ্যমে কাচা মিয়া ও হাজি নূরকে জেলহাজতে পাঠানো হয়েছে।এর আগে সিলেট বিভাগীয় বন কর্মকর্তার কার্যালয়ে আটক থাকাকালে শিকারি দুজনই বন্য প্রাণী সংরক্ষণ আইনের প্রতি দৃশ্যত অজ্ঞতা ও নিস্পৃহতা প্রকাশ করেন। ‘শখ করে’ শিকার করার জন্য আটক হওয়ায় তাঁরা বিস্মিত বলেও জানান। মো. কাচা মিয়া প্রথম আলোকে বলেন, ‘আমরা তো প্রত্যেকবার শীত আইলেই পাখি মারি। আইজকু বড় পাখি মারি দিছি বইলা তারা ধরছে!’ অন্যদিকে নূর আলী জানান, কোড়া সারস সাধারণত ঝাঁক বেঁধে চলে। এ পাখিটিকে একা দেখে তাঁরা আকৃষ্ট হন এবং বন্দুক নিয়ে মারতে যান।বন্য প্রাণী সংরক্ষণ শাখার পর্যবেক্ষণের বরাত দিয়ে টহল বাহিনীর ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. নূরুজ্জামান জানান, কোড়া সারস শীতের অতিথি পাখি। হাওর অঞ্চলে গত কয়েক বছর তাদের আগের মতো দেখা যাচ্ছে না। লম্বা পা, ধূসর শরীর ও কালো ঠোঁট দেখে এদের সহজে চেনা যায়। পূর্ণ বয়সে এদের আকৃতি ৮৫ থেকে ১০০ সেন্টিমিটার পর্যন্ত হয়। মেলা ডানার পরিধি ১৫৫ থেকে ১৮০ সেন্টিমিটার। এর ইংরেজি নাম ডেমোয়াজেল ক্রেন। বৈজ্ঞানিক নাম anthropoides virgo।মঙ্গলবার সিলেটের জৈন্তাপুরের হাটির গ্রামে একটি দলছুট শম্বর হরিণকে ধানখেত থেকে ধরে নিয়ে জবাই করে কয়েকজন লোক।