দলমতের ঊর্ধ্বে উঠে সরকার যুদ্ধাপরাধীদের বিচার করবে: বাণিজ্যমন্ত্রী
বাণিজ্যমন্ত্রী মুহাম্মদ ফারুক খান বলেছেন, সরকার অবিলম্বে যুদ্ধাপরাধীদের বিচারের কার্যক্রম শুরু করবে। আন্তর্জাতিক মানদণ্ড বজায় রেখে দলমতের ঊর্ধ্বে উঠে সরকার যুদ্ধাপরাধীদের বিচার করবে। এর ফলে ক্ষমতার পালাবদল হলেও কোনো যুদ্ধাপরাধী দল পরিবর্তন করে আত্মরক্ষা করতে পারবে না। আজ শনিবার সকালে গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলার ভাটিয়াপাড়া মুক্তদিবস উপলক্ষে ভাটিয়াপাড়া রেলস্টেশন মাঠে মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী এসব কথা বলেন। বাণিজ্যমন্ত্রী আরও বলেন, ‘মুক্তিযোদ্ধারা জাতির শ্রেষ্ঠ সন্তান। জাতি চিরদিন তাঁদের সম্মান দেখিয়ে যাবে। মুক্তিযুদ্ধের চেতনা লালন করে বঙ্গবন্ধুর স্বপ্ন বাস্তবায়ন এবং শেখ হাসিনার ডিজিটাল বাংলাদেশ গড়ার লক্ষ্যে আমাদের কাজ করে যেতে হবে। ২০২১ সালের মধ্যে বাংলাদেশকে মধ্য আয়ের দেশে পরিণত করা হবে।’কাশিয়ানী উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ আয়োজিত এ অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন মুক্তিযুদ্ধের সাব সেক্টর কমান্ডার ক্যাপ্টেন (অব.) নূর মোহম্মদ বাবুল, মুজিববাহিনীর কমান্ডার ইসমত কাদির গামা, বাণিজ্যমন্ত্রীর স্ত্রী নিলুফার খান, শহীদ জায়া জগলুল কাদের জুন্নু। কাশিয়ানী উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার এস এম মহসিন আলীর সভাপতিত্বে অন্যান্যের মধ্যে বক্তব্য দেন জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার বদরুদ্দোজা বদর, কাশিয়ানী উপজেলা আওয়ামী লীগের সভাপতি আবদুর রউফ মোল্লা, সাধারণ সম্পাদক মোক্তার হোসেন প্রমুখ। অনুষ্ঠনে বৃহত্তর ফরিদপুর অঞ্চলের সহস্রাধিক মুক্তিযোদ্ধা অংশ নেন। এর আগে বাণিজ্যমন্ত্রী ভাটিয়াপাড়ায় স্মৃতিসৌধে পুষ্পমাল্য অর্পণ করে শহীদ মুক্তিযোদ্ধাদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন।