দলিতদের অবস্থা পরিবর্তনে দরকার সরকারি-বেসরকারি উদ্যোগ
রাজধানীর স্বামীবাগের এ কলোনির সরু গলির দুই ধারে সারি সারি ঘর। ১২ ফুট লম্বা আর ১০ ফুট চওড়া একটি কক্ষে বাস করছে অনেক মানুষ। মা-বাবার সঙ্গে ছেলেমেয়ে, ছেলে ও ছেলের বউয়ের বসবাস এক ঘরে। যুগ যুগ ধরে এভাবেই চলছে তাদের জীবন। কলোনিতে ঢোকার পথে ময়লা-আবর্জনার স্তূপ। ভোর না হতেই চোখে পড়ে গোসল আর খাওয়ার পানির জন্য হুড়োহুড়ি।ঢাকা শহরের মানুষ ও সরকারি কর্মকর্তাদের কাছে এটা সুইপার কলোনি হিসেবে পরিচিত। অধিকাংশ বাসিন্দার মূল কাজ ঢাকা সিটি করপোরেশনের ময়লা-আবর্জনা পরিষ্কার করা। বংশপরম্পরায় বাসিন্দারা এ কাজই করে আসছে। কলোনির বাসিন্দা আরতি রানী বলেন, ‘১৯৪৯ সালে আমার দাদা (বাবার বাবা) ভারতের অন্ধ্র প্রদেশ থেকে ঢাকায় এসেছিলেন। এরপর আমার বাবা, তারপর আমি এ পেশায় এসেছি। ছেলেমেয়েদেরও এ পেশায় থাকতে হবে।’কলোনির একাধিক বাসিন্দা জানান, সমাজ তাঁদের এড়িয়ে চলে। কেউ কলোনিতে এলে বসতে দিলে তাঁরা বসেন না। সমাজের কাছে তাঁরা অস্পৃশ্য, অচ্ছুত। তাঁদের ছেলেমেয়েরা বাইরের স্কুলে লেখাপড়া করতে পারে না। পরিচয় দিলে কলোনির বাইরে বাড়িভাড়া পান না। পরিচয় গোপন রেখে বাইরের লোকজনের সঙ্গে মিশতে হয়। তাঁরা পদে পদে বঞ্চনার শিকার হন।কাছাকাছি আরও একটি কলোনি। দুটি কলোনিতে এক হাজার ১০০টি পরিবারের প্রায় ছয় হাজার মানুষ বাস করে। সমস্যা একই। চারদিকে ময়লা-আবর্জনার স্তূপ। নর্দমা পরিষ্কার হয় না দীর্ঘদিন। আবাসন, শিক্ষা, স্বাস্থ্য ও জীবিকার সংকট। দুই কলোনিতে বেসরকারি সংস্থা পরিচালিত একটি কমিউনিটি প্রাথমিক বিদ্যালয় রয়েছে। কলোনির ছেলেমেয়েদের বাইরে লেখাপড়ার সুযোগ কম। দুই কলোনির বাসিন্দারা নিজেদের মধ্যে তেলেগু ও কানপুরি ভাষায় কথা বলে। তারা সনাতন ধর্ম মেনে চলে।কলোনি দুটি পরিচালনায় রয়েছে দুটি ক্লাব। কলোনির বাসিন্দারা ক্লাব দুটির সদস্য। কলোনিতে পানি, বিদ্যুৎ, গ্যাস বা অন্য কোনো সমস্যা দেখা দিলে সিটি করপোরেশন বা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ ও দেনদরবার করে ক্লাবগুলো।এ দুটি কলোনি ছাড়াও ধলপুর, গোপীবাগ, গাবতলী, আগারগাঁও, আগাসাদেক রোড ও গণকটুলিতে পরিচ্ছন্নতাকর্মীদের কলোনি রয়েছে। ঢাকার কিছু কলোনিতে সিটি করপোরেশন দলিতদের আবাসনের ব্যবস্থা করলেও এর অধিকাংশই ব্যবহারের অনুপযোগী বলে জানিয়েছেন বাসিন্দারা।পরিচ্ছন্নতাকর্মীদের আবাসন-সংকট প্রসঙ্গে ঢাকা সিটি করপোরেশনের প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা বিপন কুমার সাহা জানান, দলিতদের আবাসনসমস্যা দূর করার জন্য সরকারের উদ্যোগ আছে।শুধু ঢাকা শহর নয়, বাংলাদেশের প্রতিটি জেলায় এই ‘অস্পৃশ্য’, ‘অচ্ছুত’ বা ‘দলিত’ শ্রেণীর মানুষ বাস করে। আদমশুমারিতে তাদের সম্পর্কে পৃথক পরিসংখ্যান পাওয়া যায় না। তবে বেসরকারি কিছু উদ্যোগ চোখে পড়ে।বেসরকারি প্রতিষ্ঠান নাগরিক উদ্যোগ এবং গবেষণা ও উন্নয়ন কালেকটিভ কয়েক বছর ধরে দলিতদের অধিকার নিয়ে কাজ করছে। বিভিন্ন জেলার দলিতদের বিভিন্ন সম্প্রদায়ের কাছ থেকে তথ্য সংগ্রহ করে প্রতিষ্ঠান দুটি দাবি করছে, দেশে তাদের সংখ্যা ৫০ লক্ষাধিক।নাগরিক উদ্যোগ ও বঞ্চিত জনগোষ্ঠীর অধিকার আন্দোলন বৈচিত্র্য ও সামাজিক বঞ্চনা শীর্ষক প্রকাশনায় বলছে, দলিত সম্প্রদায়ের লোকজন সমাজের ‘নিচু’ পেশায় নিয়োজিত। তারা বৈষম্যের শিকার। তাদের বড় অংশ ব্রিটিশ শাসনামলে ভারতের উত্তর প্রদেশ ও অন্ধ্র প্রদেশ থেকে এ অঞ্চলে আসে। তারা বংশপরম্পরায় রাস্তা ও বাড়িঘরের ময়লা-আবর্জনা পরিষ্কার, মাছ ধরা, মাছ বিক্রি, মধু সংগ্রহ, চুল কাটা, চামড়া প্রক্রিয়াজাতকরণ, শূকর পালন, চুন তৈরি, কাপড় পরিষ্কারসহ বিভিন্ন কাজে নিয়োজিত। তারা হরিজন, জলদাস, রবিদাস, কায়পুত্র, কৈবর্ত, কুর্মি, কুমার, ধোপা, বাগদি, ডোম, হাঁড়ি, চামার, নলুয়া, চণ্ডাল, মুচি, পাড়ই, কাওরা, নিকারি, শিকারি, মেছোসহ বিভিন্ন নামে পরিচিত।ঢাকার স্বামীবাগের তেলেগু কলোনির বাসিন্দা বি আপপা রাও জানান, এ কলোনির লোকজন জীবিকা নির্বাহ করে পরিচ্ছন্নতার কাজ করে। ৬০০টি পরিবারের মধ্যে ৪০০টি ঢাকা সিটি করপোরেশনে পরিচ্ছন্নতাকর্মীর কাজ করে। তাদের বেতন ছয় থেকে ১২ হাজার টাকা। বাকি ২০০টি পরিবার জীবিকার জন্য বেসরকারি প্রতিষ্ঠান কিংবা বাসাবাড়িতে একই কাজ করে। তাদের বেতন দুই থেকে চার হাজার টাকা।গবেষণা ও উন্নয়ন কালেকটিভ তাদের সমীক্ষায় দেখিয়েছে, দলিত পেশাজীবীদের মধ্যে বছরে সবচেয়ে বেশি আয় করে ধোপা—৬৫ হাজার ৭৭৭ টাকা এবং সর্বনিম্ন আয় রবিদাস (মুচি) পরিবারে—১৪ হাজার ৩২৭ টাকা। নিম্ন আয়ের কারণে এ সম্প্রদায়ের লোকজন নিজেদের অবস্থা বদলাতে পারছে না। প্রায় সব পরিবারই চলে ধারদেনা করে। শিক্ষার অভাবে পেশায় পরিবর্তন আসছে না।অস্পৃশ্য, অচ্ছুত বা দলিতরা যুগ যুগ ধরে বৈষম্যের শিকার—এটা সবারই কমবেশি জানা। এখন দলিত জনগোষ্ঠীর নেতা বা সংশ্লিষ্ট উন্নয়নকর্মীরা বলছেন, অবস্থার পরিবর্তন করতে হলে শিক্ষা, স্বাস্থ্য ও আয় বৃদ্ধিমূলক কাজে সরকারি ও বেসরকারি যৌথ উদ্যোগ দরকার।বঞ্চিত জনগোষ্ঠীর অধিকার আন্দোলনের সাধারণ সম্পাদক বোধানকি সলোমন প্রথম আলোকে বলেন, অস্পৃশ্যতা ও সামাজিক বৈষম্য-বঞ্চনাবিরোধী আইন থাকা উচিত নয়।ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগের শিক্ষক মেসবাহ কামাল প্রথম আলোকে বলেন, দলিতদের মূল ধারায় ফিরিয়ে আনতে বৈষম্যবিরোধী আইন করতে হবে। তাদের প্রতি দৃষ্টিভঙ্গি বদলাতে হবে। চাকরিসহ বিভিন্ন ক্ষেত্রে কোটা নির্ধারণের মাধ্যমে তাদের সুযোগ-সুবিধা বাড়ানোর উদ্যোগ নিতে হবে।নাগরিক উদ্যোগের পরিচালক জাকির হোসেন বলেন, বৈষম্যবিরোধী আইন প্রণয়নের পাশাপাশি দলিতদের জন্য সব ধরনের নাগরিক সুবিধা নিশ্চিত করতে হবে। তিনি আরও বলেন, তাদের বিষয়ে কোনো উন্নয়ন পরিকল্পনা করার আগে আদমশুমারিতে তাদের সঠিক পরিসংখ্যান থাকা জরুরি।