ভূমি নিবন্ধন অফিসের দুর্নীতি দূর করতে দলিললেখকদের সহযোগিতা চেয়েছেন আইন প্রতিমন্ত্রী কামরুল ইসলাম। আজ শনিবার সকালে বাংলাদেশ দলিললেখক সমিতি আয়োজিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। রাজধানীর মহানগর নাট্যমঞ্চে অনুষ্ঠিত সমাবেশে পারিশ্রমিক বাড়ানোর দাবি জানান দলিললেখকরা। এ ছাড়া নিবন্ধিত দলিললেখক ছাড়া অন্য কেউ দলিল লিখতে পারবেন না মর্মে বিধান চালুর দাবি দাবি জানান তাঁরা। বর্তমানে একটি দলিল লেখার জন্য সরকার নির্ধারিত ফি ৬৯ টাকা।কামরুল ইসলাম বলেন, দলিললেখকদের বিভিন্ন দাবি আইন মন্ত্রণালয় বিবেচনা করে দেখবে। তিনি বলেন, সরকার ডিজিটাল পদ্ধতিতে ভূমি নিবন্ধনের কাজ হাতে নিয়েছে। এই পদ্ধতি চালু হলে নিবন্ধন বিভাগের দুর্নীতি অনেকাংশে কমবে। দলিললেখকরা নিবন্ধন বিভাগের অবিচ্ছেদ্য অংশ। সুতরাং নিবন্ধন পদ্ধতি ডিজিটাল হলেও দলিললেখকরা পেশাচ্যুত হবেন না।সমিতির সভাপতি নূর আলম ভূঁইয়ার সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশের অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সাংসদ আ ক ম বাহাউদ্দিন ও নজরুল ইসলাম, নিবন্ধন পরিদপ্তরের মহাপরিদর্শক মুন্সী নজরুল ইসলাম, সমিতির মহাসচিব এম এ রশিদ প্রমুখ।