দলীয় স্বার্থে ছাত্রদের কোন্দলে জড়ানো কাম্য নয়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাষ্ট্রপতি মোহাম্মদ জিল্লুর রহমান বলেছেন, আমাদের স্বাধীনতার ইতিহাসে ছাত্রসমাজের গৌরবময় অবদান রয়েছে। ১৯৫২ সালের ভাষা আন্দোলন থেকে শুরু করে ঊনসত্তরের গণ-অভ্যুত্থান, একাত্তরের মুক্তিযুদ্ধ—প্রতিটি গণতান্ত্রিক আন্দোলনে তারা অবদান রেখেছে। তাদের আত্মত্যাগের বিনিময়ে অর্জিত হয়েছে স্বাধীন-সার্বভৌম দেশ। ছাত্রসমাজের অতীতের সেই গৌরব এখন অনেকটাই ম্লান। তিনি বলেন, ছাত্ররা দেশের চালিকাশক্তি, জাতির আশা-আকাঙ্ক্ষা এবং সামনে এগিয়ে যাওয়ার অবলম্বন। ছাত্রদের গৌরবময় অতীত এখন প্রতিফলিত হয় না। ব্যক্তি বা ক্ষুদ্র দলীয় স্বার্থে ছাত্র সংগঠনগুলোর আন্তদলীয় কোন্দলে জড়িয়ে পড়া জাতি প্রত্যাশা করে না। অতীত গৌরবকে ধারণ করে জাতির গঠনমূলক কাজে অবদান রাখার জন্য তিনি ছাত্রদের প্রতি আহ্বান জানান।আজ শনিবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের ৪৬তম সমাবর্তন অনুষ্ঠানে রাষ্ট্রপতি এসব কথা বলেন। সমাবর্তন উপলক্ষে সকাল থেকেই ক্যাম্পাসে জড়ো হন বিশ্ববিদ্যালয়ের ইতিহাসে সবচেয়ে বড় এই সমাবর্তনে অংশ নেওয়া শিক্ষার্থীরা। উত্সবের আমেজ ছড়িয়ে পড়ে গোটা ক্যাম্পাসে। প্রচণ্ড গরম উপেক্ষা করে স্নাতকেরা মেতে ওঠেন প্রাণের উত্সবে। চলে বন্ধু-সহপাঠীদের সঙ্গে ছবি তোলা। স্নাতক ডিগ্রি অর্জনের আনন্দ ছিল সবার চোখে-মুখে।ঢাকা বিশ্ববিদ্যালয়ের কার্জন হল থেকে সমাবর্তনের শোভাযাত্রা শুরু হয়ে সাড়ে ১১টার দিকে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় খেলার মাঠে হাজির হলে শুরু হয় মূল অনুষ্ঠান। রাষ্ট্রপতি ও বিশ্ববিদ্যালয়ের আচার্য মোহাম্মদ জিল্লুর রহমান এতে সভাপতিত্ব করেন। এবারের সমাবর্তন বক্তা ছিলেন বিশ্ব বাণিজ্য সংস্থার মহাসচিব প্যাসকেল ল্যামি।জাতীয় সংগীত পরিবেশের পর সমাবর্তন অনুষ্ঠানের উদ্বোধন ঘোষণা করেন রাষ্ট্রপতি। এরপর বিভিন্ন ধর্মীয় গ্রন্থ থেকে পাঠ করা হয়। প্যাসকেল লামিকে ডক্টর অব লজ দেওয়ার ঘোষণা দিয়ে পরিচিতি পাঠ করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য আ আ ম স আরেফিন সিদ্দিক। রাষ্ট্রপতি তাঁর কাছে ডক্টর অব লজ ডিগ্রির পত্র ও ক্রেস্ট তুলে দেন। এরপর পিএইচডি ডিগ্রিপ্রাপ্ত ১০০ জন ও এমফিল ডিগ্রিপ্রাপ্ত ৫৩ জনের নাম ঘোষণা করা হয়। তারপর স্বর্ণপদকপ্রাপ্ত শিক্ষার্থী-গবেষকদের হাতে পদক তুলে দেন রাষ্ট্রপতি। রাষ্ট্রপতি তাঁর বক্তব্যে স্নাতকদের উদ্দেশে বলেন, প্রতিযোগিতাপূর্ণ বিশ্বে আমাদেরকে উন্নয়নের পথে এগিয়ে যেতে হবে। তথ্যপ্রযুক্তি ও জীবপ্রযুক্তির অগ্রযাত্রার সঙ্গে আমাদের পুরোপুরিভাবে সম্পৃক্ত হতে হবে। এ জন্য গবেষণা কার্যক্রম নিবিড় ও সম্প্রসারণ করতে হবে। গবেষণার ফলাফল দেশের সাধারণ মানুষের জীবনমানের উন্নয়নে কাজে লাগাতে হবে। বিজ্ঞান ও প্রযুক্তির উত্কর্ষের সুফল জনগণের কাছে পৌঁছে দিতে হবে। উপাচার্য তাঁর বক্তব্যে বলেন, জলবায়ুর উষ্ণায়ন, বিশ্বমন্দার কারণে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, ক্রমবর্ধমান জনসংখ্যার কর্মসংস্থানের অভাবসহ নানা সমস্যায় আমরা আকীর্ণ। কিন্তু এ সবের চেয়ে ভয়াবহ সমস্যা আমাদের মূল্যবোধের সংকট। আর্থিক ক্ষতি কয়েক বছরের মধ্যেই পূরণ করা যায়। কিন্তু মূল্যবোধ একবার বিনষ্ট হলে তা সহজে উদ্ধার করা যায় না। এ জন্য কয়েক দশক এমনকি তার চেয়েও বেশি সময় প্রতীক্ষা করতে হয়। অনেকটা পরিকল্পিতভাবে আমাদের জাতীয় মূল্যবোধকে ভিন্ন খাতে প্রবাহিত করার চেষ্টা হয়েছে বলে তিনি উল্লেখ করেন।সমাবর্তন বক্তা প্যাসকেল লামি বলেন, সোনার বাংলা গড়তে এই স্নাতকেরা অবদান রাখবে। সমাবর্তনে অংশগ্রহণ করছেন ১৬ হাজার ৮২৬ জন গ্র্যাজুয়েট, পিএইচডি ও এমফিল ডিগ্রিপ্রাপ্ত, স্বর্ণপদকপ্রাপ্ত শিক্ষার্থী-গবেষক এবং প্রায় তিন হাজার অতিথি।