দলীয় স্বার্থে রাষ্ট্রপতির মনোনয়ন সংকট ঘনীভূত করবে: মোশাররফ
বিএনপির স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন বলেছেন, দলীয় স্বার্থে রাষ্ট্রপতির মনোনয়ন দেওয়া হলে নির্বাচন নিয়ে যে সংকট চলছে, তা আরও ঘনীভূত হবে। দলীয় স্বার্থ বড় করে না দেখে জাতীয় স্বার্থ বড় করে দেখার আহ্বান জানান তিনি।আজ রোববার জাতীয় প্রেসক্লাবে ‘জাতীয় সংকট নিরসনে তত্ত্বাবধায়ক সরকারের প্রয়োজনীয়তা’ শীর্ষক আলোচনা সভায় খন্দকার মোশাররফ হোসেন এ কথা বলেন। অল কমিউনিটি ফোরাম নামের একটি সংগঠন এই আলোচনা সভার আয়োজন করে। বিএনপির স্থায়ী কমিটির সদস্য বলেন, অতীতে আওয়ামী লীগ ও বিএনপি নির্দলীয় ব্যক্তিকে রাষ্ট্রপতি করেছিল। এবারও সে ধরনের পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান তিনি। আগামী নির্বাচনের সময় রাষ্ট্রপতির ভূমিকাই মুখ্য হবে—এমন মন্তব্য করে তিনি বলেন, ‘সে জন্য সবার আস্থাভাজন ও নিরপেক্ষ কাউকে রাষ্ট্রপতি পদে মনোনয়ন দেওয়া উচিত।’ খন্দকার মোশাররফ অভিযোগ করেন, রাষ্ট্রপতি জিল্লুর রহমানের মৃত্যুর পর বিএনপি শোক পালন করেছে। তাঁর প্রতি শেষ শ্রদ্ধা জানাতে বিএনপি বঙ্গভবনে গেলে সরকারের পক্ষ থেকে সামান্যতম সৌজন্য দেখানো হয়নি। বিএনপির স্থায়ী কমিটির এই সদস্য বলেন, আগামী নির্বাচন অনিশ্চিত। সরকারের দুর্নীতি, অযোগ্যতা ও ব্যর্থতার কারণে জনগণ তাদের ভোট দেবে না, সরকারি দল আওয়ামী লীগ এটি জানে। নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন হলে তারা প্রত্যাখ্যাত হবে এবং অনেক প্রার্থীর জামানত থাকবে না বলেও তিনি মন্তব্য করেন।