দলীয় ও আঞ্চলিক রাজনীতির দাপটে ক্ষতিগ্রস্ত শিক্ষার্থীরা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজনীতিমুক্ত বিশ্ববিদ্যালয় হিসেবে গড়ে ওঠার কথা থাকলেও ছাত্ররাজনীতি বাদে বাকি সব রাজনীতিই আছে খুলনা বিশ্ববিদ্যালয়ে। নিজেদের স্বার্থ রক্ষার রাজনীতির পাশাপাশি শিক্ষকদের একটি অংশ এখন প্রত্যক্ষ ও পরোক্ষভাবে দলীয় রাজনীতিতে জড়িয়ে পড়ছে। কল্যাণ সমিতির নামে চলে কর্মকর্তা-কর্মচারীদেরও রাজনীতি। আর এর শিকার হয়ে ক্ষতিগ্রস্ত হচ্ছেন শিক্ষার্থীরা। তবে খুলনা বিশ্ববিদ্যালয়ে সবচেয়ে বড় রাজনীতির নাম আঞ্চলিকতার রাজনীতি—এমন মন্তব্য করেছেন বিশ্ববিদ্যালয়ের অনেক শিক্ষক ও শিক্ষার্থী। তাঁদের মতে, বিশ্ববিদ্যালয়ে নিয়োগ থেকে শুরু করে পদোন্নতি— সবকিছুতেই প্রাধান্য পায় এই আঞ্চলিকতা। রাজনৈতিকভাবে একই আদর্শের হওয়া সত্ত্বেও আঞ্চলিকতার কারণে বর্তমান উপাচার্য ও সহ-উপাচার্যের মধ্যে দ্বন্দ্ব প্রকট। ফলে বিশ্ববিদ্যালয়ে সব ক্ষেত্রেই তৈরি হচ্ছে নানা সমস্যা। সর্বশেষ তুচ্ছ একটি ঘটনায় দুই মাস বিশ্ববিদ্যালয় বন্ধ থাকা এবং ৩৪ শিক্ষার্থীর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার ঘটনাটিকেও নোংরা রাজনীতির ফল বলে মনে করছেন শিক্ষার্থীরা। খুলনা বিশ্ববিদ্যালয়ের শুরু থেকে আছেন এমন কয়েকজন শিক্ষক প্রথম আলোকে জানান, তাঁরা সবাই চেয়েছিলেন, এটি রাজনীতিমুক্ত বিশ্ববিদ্যালয় হিসেবে গড়ে উঠুক। কিন্তু যেকোনো পদে নিয়োগ পেতে এখন অধিকাংশ শিক্ষকই দলীয় ও আঞ্চলিক রাজনীতি করেন।বিশ্ববিদ্যালয়ের সাবেক ছাত্রবিষয়ক পরিচালক অধ্যাপক আইয়াজ হাসান চিশতী বলেন, ‘এটি সত্যি, খুলনা বিশ্ববিদ্যালয়ের ছাত্ররাই শুধু রাজনীতির বাইরে নিষ্পাপ আছে। বাকি সবাই নানা দল-উপদলের হয়ে রাজনীতি করেন। এই রাজনীতিই বিশ্ববিদ্যালয়ের জন্য কাল হয়ে দাঁড়িয়েছে।’বিশ্ববিদ্যালয়ের গবেষণা সেলের সাবেক পরিচালক ও মাত্স্যবিজ্ঞান বিভাগের (এফএমআরটি) অধ্যাপক নাজমুল আহসান প্রথম আলোকে বলেন, ছাত্ররাজনীতি না থাকলেও খুলনা বিশ্ববিদ্যালয় এখন ধ্বংসের দিকে নিয়ে যাচ্ছে দলীয় ও লেজুড়বৃত্তির রাজনীতি। এর মধ্যে সবচেয়ে ভয়াবহ আঞ্চলিক রাজনীতি। উচ্চপর্যায়ের সব নিয়োগ এখানে হয় রাজনৈতিক মদদে। কিন্তু এই বিশ্ববিদ্যালয়কে বাঁচাতে হলে সব ধরনের রাজনীতি নিষিদ্ধ করে মেধা ও যোগ্যতাকে প্রাধান্য দেওয়া দরকার। কর্মচারী নিয়োগে আঞ্চলিকতা প্রাধান্য পেতে পারে। কিন্তু কর্মকর্তা বা শিক্ষক নিয়োগে এসব বন্ধ হওয়া দরকার। বিশ্ববিদ্যালয়ের নগর ও গ্রামীণ পরিকল্পনা (ইউআরপি) বিভাগের একজন শিক্ষক বলেন, যখন যে দলই ক্ষমতায় থাকুক, বাগেরহাট, খুলনা ও সাতক্ষীরা—এই তিন এলাকার রাজনীতি খুলনা বিশ্ববিদ্যালয়কে নিয়ন্ত্রণ করবেই। খুলনা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-কর্মকর্তা-কর্মচারী নিয়োগ—সবই এই তিন এলাকা দেখে হয়।বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক মাহমুদ হোসেন বলেন, ‘একটি বিশ্ববিদ্যালয় যে এলাকায়, সেখানকার ছাত্ররা বেশি আসে। তাদের মধ্য থেকে শিক্ষক বেশি হয়। ওই এলাকার লোকজনও বেশি নিয়োগ পেতেই পারে। তবে এখানে দলীয় লেজুড়বৃত্তির রাজনীতি সেভাবে নেই। আর দলীয় বিবেচনায় অতীতে অনেক বেশি নিয়োগ হয়েছে। সেই তুলনায় এখন অনেক কম লোক নিয়োগ হচ্ছে।’ উপাচার্য সাইফুদ্দিন শাহ বলেন, অতীতে খুলনা বিশ্ববিদ্যালয়ে অনেক রাজনীতি হয়েছে। তিনিও চান, মেধা ও যোগ্যতা সবকিছুর ওপরে প্রাধান্য পাক। নিজের নিয়োগ রাজনৈতিক কি না, জানতে চাইলে তিনি বলেন, যোগ্য মনে করেই তাঁকে এখানে বসানো হয়েছে।সহ-উপাচার্য পুর্ণেন্দু গাইন বলেন, ‘অস্বীকার করার উপায় নেই, খুলনা বিশ্ববিদ্যালয়ে আঞ্চলিকতার রাজনীতি আছে। কিন্তু এটাকে আমি কোনো প্রকট সমস্যা বলে মনে করি না। সবাই মিলেমিশে কাজ করতে পারলে বিশ্ববিদ্যালয় ভালোভাবে চলবে। কিন্তু অনেকেই সেই মানসিকতা রাখেন না।’ বিশ্ববিদ্যালয়ে ছাত্রদের স্বার্থরক্ষা হয় কীভাবে, জানতে চাইলে তিনি বলেন, সে জন্য তো ছাত্রবিষয়ক পরিচালক আছেন। ছাত্ররা তাঁর কাছে যেতে পারে।খুলনা বিশ্ববিদ্যালয়ের কোনো ছাত্রই এখন নিজের নাম প্রকাশ করে সংবাদমাধ্যমের সঙ্গে কথা বলতে রাজি নন। বিশ্ববিদ্যালয়ের ইংরেজি, অর্থনীতি ও ফার্মেসি বিভাগের চতুর্থ বর্ষের আটজন ছাত্রের সঙ্গে কথা হয় গতকাল শুক্রবার। ক্ষুব্ধ এই ছাত্ররা বলেন, শিক্ষার্থীদের কাছে একটি আতঙ্কের নাম ছাত্রবিষয়ক পরিচালক। কোনো কারণে তাঁর ডাক পড়লেই বুঝতে হবে বিপদ আছে। বহিষ্কার, না হয় জরিমানা।শিক্ষার্থীরা বলেন, ছাত্ররাজনীতি তারা চান না। কিন্তু শিক্ষক ও কর্মকর্তা-কর্মচারীদের নোংরা রাজনীতিও বন্ধ হওয়া দরকার। তাঁরা বলেন, ছাত্রদের স্বার্থ নিয়ে এখানে কেউ কথা বলেন না; বরং শিক্ষকদের মধ্যে যে রাজনীতি, তার প্রভাব পড়ে ছাত্রদের ওপর। কোনো ছাত্র এক শিক্ষকের ঘনিষ্ঠ হলে বিপরীত আদর্শের শিক্ষক তাঁকে নম্বর কম দেন। নানাভাবে হেনস্তা করেন।শিক্ষার্থীরা জানান, এই বিশ্ববিদ্যালয়ে খাতা পুনর্মূল্যায়নের কোনো সুযোগ নেই। ফলে নম্বর কম পেলেও কেউ কিছু করতে পারেন না। আর ছাত্ররা কোনো দাবি নিয়ে কথা বললেই বহিষ্কারের হুমকি দেওয়া হয়।এ বিষয়ে ছাত্রবিষয়ক পরিচালক মোল্লা শফিকুর রহমান বলেন, ‘ছাত্রদের সমস্যাগুলো জানলে আমরা সমাধানের চেষ্টা করি। কিন্তু পরীক্ষা বা ফলাফলসংক্রান্ত কোনো বিষয়ে আমরা অভিযোগ পাই না। এ ক্ষেত্রে আমাদের কিছু করারও নেই। পরীক্ষা নিয়ন্ত্রকের দপ্তর এ বিষয়ে বলতে পারবে।’