প্রধানমন্ত্রীর স্বাস্থ্যবিষয়ক উপদেষ্টা মোদাচ্ছের আলী বলেছেন, সারা দেশে আওয়ামী লীগের পরীক্ষিত কর্মীদের মধ্য থেকে সাড়ে ১৩ হাজারজনকে কমিউনিটি হেলথ সার্ভিস প্রোভাইডার হিসেবে নিয়োগ দেওয়া হবে। গতকাল সোমবার গোপালগঞ্জ ২৫০ শয্যা হাসপাতালের সম্মেলনকক্ষে অ্যানথ্রাক্স নিয়ে বিশেষ আলোচনা সভায় তিনি এ কথা বলেন।মোদাচ্ছের আলী বলেন, নিয়োগের ক্ষেত্রে সরকারি দলের বাইরে কেউ যাতে সুযোগ না পায়, তা নিশ্চিত করা হবে। তিনি বলেন, ‘দলের পরীক্ষিত কর্মীরাই যাতে চাকরি পায়, সে জন্য আমি মোটামুটি একটা সিস্টেম করেছি। আমি তো আমার অফিসারকে বলে দেব, আমার লোককে চাকরি দিতে হবে।’ স্বাস্থ্য উপদেষ্টা আরও বলেন, ‘তিনজনের মধ্যে দলের ছেলেটি যদি সবচেয়ে খারাপও করে, সে ক্ষেত্রেও যেন দলের বাইরে কেউ নিয়োগ না পায়। আমি সবাইকে বলি, যদি কিছু নিতে হয়, নিজের কর্মীদের কাছ থেকেই নিতে।’মোদাচ্ছের আলী বলেন, ‘সরকারি অফিসের কোনো তথ্য সবাইকে দেওয়া হবে না। এভাবে তথ্য দিলে সরকারি কর্মকর্তারা কাজ করতে পারবেন না। তবে কারও বিরুদ্ধে অভিযোগ থাকলে তাঁকে খাতির করা হবে না। আইন তার নিজস্ব গতিতে চলবে।’অ্যানথ্রাক্স প্রসঙ্গে স্বাস্থ্য উপদেষ্টা বলেন, অ্যানথ্রাক্স প্রতিরোধে সরকারের স্বাস্থ্য ও প্রাণিসম্পদ দপ্তর কাজ করে যাচ্ছে। এতে আক্রান্ত হলে আতঙ্কিত হওয়ার কিছু নেই। তিনি জানান, গোপালগঞ্জে শেখ ফজিলাতুন্নেসা মুজিব মেডিকেল কলেজ, ডেন্টাল কলেজ ও চক্ষু হাসপাতাল করা হবে।গোপালগঞ্জের সিভিল সার্জন মোস্তাফিজুর রহমানের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধানমন্ত্রীর নির্বাচনী এলাকা গোপালগঞ্জ-৩ (টুঙ্গিপাড়া ও কোটালীপাড়া) আসনের দায়িত্বপ্রাপ্ত প্রতিনিধি মোহম্মদ আলী খান, জেলা পুলিশ সুপার আবদুল কুদ্দুছ, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মো. মনিরুজ্জামান, জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা শাহ জামান, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এমদাদুল হক চৌধুরী প্রমুখ উপস্থিত ছিলেন।