দলীয় কার্যালয় স্থাপনের হিড়িক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

হঠাৎ রাজনৈতিক দলের কার্যালয় স্থাপনের হিড়িক পড়েছে বরিশাল শহরে। নির্বাচনী আচরণবিধিকে ফাঁকি দিতেই নগরের অলিগলিতে গড়ে তোলা হয়েছে আওয়ামী লীগ ও বিএনপি-সমর্থিত মেয়র পদপ্রার্থীদের নির্বাচনী কার্যালয়।বিধিমালা অনুযায়ী ‘মেয়র পদে প্রতিদ্বন্দ্বী কোনো প্রার্থী প্রতি থানায় একের অধিক নির্বাচনী ক্যাম্প বা অফিস স্থাপন করতে পারবেন না।’ বিধিমালা মেনে চললে বরিশাল সিটি করপোরেশনে একজন মেয়র প্রার্থী নগরের তিন থানায় তিনটি কার্যালয় করতে পারবেন। কিন্তু সরেজমিনে ঘুরে দেখা গেছে, ৩০টি ওয়ার্ডের প্রতিটিতে ন্যূনতম একটি করে দলীয় কার্যালয় রয়েছে।এ ব্যাপারে জানতে চাইলে আওয়ামী লীগ-সমর্থিত মেয়র প্রার্থী শওকত হোসেন তাঁর প্রধান সমন্বয়কারী সাংসদ তালুকদার মো. ইউনুসের সঙ্গে কথা বলার পরামর্শ দেন। তালুকদার ইউনুস বলেন, তাঁদের নির্বাচনী কার্যালয় তিনটি। ৩০ ওয়ার্ডে গড়ে ওঠা কার্যালয়গুলো সম্পর্কে তিনি বলেন, ওগুলো আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনগুলোর পুরোনো কার্যালয়।বিএনপি-সমর্থিত মেয়র প্রার্থী আহসান হাবিবের প্রধান নির্বাচন সমন্বয়কারী সাংসদ মজিবর রহমান বলেন, ওয়ার্ডগুলোর কোথাও কোথাও উৎসাহী নেতা-কর্মীরা নির্বাচনী কার্যালয় খুলে বসেছেন। সব কার্যালয়ের তথ্য তাঁর জানা নেই বলে দাবি করে বলেন, তবে বেশির ভাগ ক্ষেত্রে বিএনপির ওয়ার্ড কার্যালয় থেকে কার্যক্রম পরিচালিত হচ্ছে।বরিশাল সিটি করপোরেশন নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা মো. মুজিবুর রহমান বলেন, সিটি করপোরেশন নির্বাচন অরাজনৈতিক, তাই রাজনৈতিক দলের কার্যালয়কে নির্বাচনী কার্যালয় হিসেবে ব্যবহার করা যাবে না। এটিও আচরণবিধির লঙ্ঘন বলে গণ্য হবে।নগরের ১ নম্বর ওয়ার্ড এলাকায় একেবারে পাশাপাশি দুটি পাকা ঘরে প্রতিদ্বন্দ্বী দুই মেয়র প্রার্থীর নির্বাচনী কার্যক্রম পরিচালিত হতে দেখা গেল। তার মধ্যে আহসান হাবিবের কার্যালয়টিতে স্পষ্ট করে নির্বাচনী কার্যালয়ের সাইনবোর্ড ঝুলিয়ে দেওয়া হলেও শওকত হোসেনের কার্যালয়ে এ জাতীয় সাইনবোর্ড নেই। শওকতের কার্যালয়ে কথা হয় ১ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি হেমায়েত উদ্দিন খানের সঙ্গে। তিনি বলেন, কার্যালয়টি সম্প্রতি তাঁরা ভাড়া নিয়েছেন। হেমায়েতের মুখের কথা কেড়ে নিয়ে সেখানে উপস্থিত বরিশাল ব্রজমোহন কলেজ ছাত্র সংসদের সহসভাপতি মঈন তুষার বলেন, এটা ওয়ার্ড আওয়ামী লীগের কার্যালয় হিসেবে ভাড়া নেওয়া হয়েছে।২২ নম্বর ওয়ার্ডে সিঅ্যান্ডবি রাস্তার পাশে লোকজনের চলাচলের পথের ওপর তোলা হয়েছে দুই মেয়র প্রার্থীর দুটি কার্যালয়। চারদিকে কাপড় দিয়ে ঘিরে কার্যালয় দুটির মেঝেতে ইট বিছিয়ে পাতা হয়েছে টেবিল-চেয়ার।বিএনপির ২২ নম্বর ওয়ার্ডের সভাপতি শেখ সুলতান আহমেদ বললেন, মহানগর কমিটির নির্দেশেই তাঁরা এ নির্বাচনী কার্যালয়টি খুলেছেন। বিএনপির ২২ নম্বর ওয়ার্ডের কোনো কার্যালয় না থাকায় বাধ্য হয়েই তাঁরা রাস্তার ওপর কার্যালয়টি করেছেন।আওয়ামী লীগের ২২ নম্বর ওয়ার্ডের আহ্বায়ক আবদুল হালিম খান বলেন, ‘আমরা আচরণবিধি ভালো বুঝি না। তবে এটা বুঝতে পারছি, নির্বাচন পরিচালনার জন্য প্রতিটি ওয়ার্ডে কমপক্ষে একটি কার্যালয় থাকা দরকার। বাড়িঘরে বসে তো হাজার মানুষের সঙ্গে আলাপ করা যায় না?’আচরণবিধি লঙ্ঘন করে বিশালাকৃতির বিলবোর্ডও করা হয়েছে। শওকত হোসেন নগরজুড়ে লাগিয়েছেন আলোকিত বরিশাল নামের অনেক বিলবোর্ড। অথচ আচরণবিধিতে বিলবোর্ড লাগানো সম্পূর্ণ নিষিদ্ধ। হলফনামায় মেয়র প্রার্থীরা ৮০ থেকে ১২০টি ব্যানার করার কথা উল্লেখ করেছেন। বাস্তবে শহরে এই সংখ্যা কয়েক হাজার।মো. মুজিবুর রহমান জানান, এরই মধ্যে তিন মেয়র প্রার্থীসহ মোট ১৭ জনকে আচরণবিধি লঙ্ঘনের দায়ে কারণ দর্শানো নোটিশ ও সতর্ক করে লিখিত চিঠি দেওয়া হয়েছে। এরই মধ্যে মেয়র প্রার্থী শওকত হোসেনসহ কয়েকজন কাউন্সিলর প্রার্থীকে ৩৫ হাজার টাকার অর্থদণ্ড দিতেও বাধ্য করেছেন ভ্রাম্যমাণ আদালত। তবু নতুন নতুন কৌশলে আচরণবিধি লঙ্ঘনের মহোৎসব চলছে। তবে আচরণবিধির লঙ্ঘন ঠেকাতে নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে সাতটি ভ্রাম্যমাণ আদালত কাজ করছেন।