চট্টগ্রামে গতকাল শুক্রবার মহানগর আওয়ামী লীগের সমাবেশে দলীয় নেতাদের প্রতি ভেদাভেদ ভুলে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানানো হয়েছে। সমাবেশে মহানগর আওয়ামী লীগের সভাপতি এ বি এম মহিউদ্দিন চৌধুরীসহ প্রধান বক্তাদের প্রায় সবাই দলে তাঁদের বিরোধী বলে পরিচিত নেতাদের প্রতি এ আহ্বান জানান। আগামী ফেব্রুয়ারি মাসে ওয়ার্ড ও থানা পর্যায়ে মহাপরিকল্পনা করে কর্মসূচি পালনের ঘোষণাও দেওয়া হয় সমাবেশে।হরতালের নামে দেশে ‘নৈরাজ্য’ সৃষ্টির প্রতিবাদে ও যুদ্ধাপরাধীদের বিচারের দাবিতে বিকেলে লালদীঘি মাঠে এই সমাবেশ হয়। এ বি এম মহিউদ্দিন চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে তাঁর দীর্ঘদিনের বৈরী বলে পরিচিত আ জ ম নাছির উদ্দিন ও সাংসদ এম এ লতিফও যোগ দেন। সমাবেশে বিরোধী বলে পরিচিত নেতাদের সমালোচনাও করা হয়।প্রসঙ্গত, চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের পাঁচটি অংশের মধ্যে সম্প্রতি মেরুকরণ হয়ে দুটি অংশ হয়েছে। চট্টগ্রাম সিটি করপোরেশনের সাবেক মেয়র মহিউদ্দিন চৌধুরীর নেতৃত্বাধীন অংশের সঙ্গে মিশেছেন সাংসদ লতিফ এবং আ জ ম নাছির। অপরদিকে প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী আফছারুল আমীন ও সিডিএর চেয়ারম্যান আবদুচ ছালামের নেতৃত্বাধীন অংশ এবং সাংসদ নুরুল ইসলাম বিএসসির নেতৃত্বাধীন অংশও সম্প্রতি এক হয়েছে।মহিউদ্দিন চৌধুরী তাঁর বক্তব্যে দলীয় কয়েকজন নেতার সমালোচনা করে বলেন, ‘অনেকে অনেক পদ পেয়েছেন। আমার বদৌলতে এই পদ পেয়েছেন। কিন্তু পদে বসে আজ আমাকে হুমকি দেওয়া হচ্ছে।’ আফছারুল আমীন ও নুরুল ইসলাম বিএসসিকে উদ্দেশ করে তিনি বলেন, ‘বিএসসি সাহেব, আসুন, আপনি আমাদের ভাই। ডা. সাহেব (আফছারুল), আমরা একই দল করি। আমাদের মধ্যে যেন কোনো ভেদাভেদ না হয়। বিজয় মেলায় আপনাদের দাওয়াত দেওয়া হয়েছে। আপনারা আসবেন।’মহিউদ্দিন চৌধুরী বলেন, ‘আমি ছালাম সাহেবকে সিডিএতে বসিয়েছিলাম। তিনি এখন উল্টাপাল্টা করছেন। সঠিক পথে চলে আসুন।’ বিএনপির হরতালের সমালোচনা করে তিনি বলেন, ‘একটি বাড়ির জন্য খালেদা জিয়া সেজেগুজে এসে কান্নাকাটি করলেন। হরতাল ডেকে নৈরাজ্য সৃষ্টি করছেন। এর জবাব দেবে দেশের মানুষ।’সমাবেশে প্রধান অতিথি আওয়ামী লীগের প্রবীণ নেতা ইসহাক মিয়া সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়ে অপর অংশের নেতাদের উদ্দেশ করে বলেন, ‘ষড়যন্ত্র অনেক হবে। আমার অনুরোধ, আপনারা ঘরে চলে আসুন।’সাংসদ লতিফ বলেন, ‘অর্থনৈতিক উন্নতি নস্যাৎ ও ব্যক্তিগত স্বার্থ চরিতার্থ করতে বিএনপি হরতাল দিয়ে নৈরাজ্য সৃষ্টি করছে।’আ জ ম নাছির বলেন, মহিউদ্দিন চৌধুরীর নেতৃত্বে হরতালসহ গণবিরোধী কর্মসূচি প্রতিরোধ করা হবে।সমাবেশে অন্যদের মধ্যে বক্তব্য দেন নগর আওয়ামী লীগের সহসভাপতি এ কে এম বেলায়েত হোসেন, মো. নঈমুদ্দিন, সাধারণ সম্পাদক কাজী ইনামুল হক, সুনীল সরকার, ইফতেখার সাইমুল চৌধুরী ও ওয়ার্ড কাউন্সিলর জহরলাল হাজারী। নগরের ১১টি থানা ও ৪১টি ওয়ার্ড থেকে বিপুলসংখ্যক দলীয় নেতা-কর্মী মিছিল নিয়ে সমাবেশে যোগ দেন।