দলীয় নয়, জাতীয় শিক্ষানীতি করব: শিক্ষামন্ত্রী
শিক্ষামন্ত্রী নূরুল ইসলাম নাহিদ শিক্ষকদের উদ্দেশে বলেছেন, ‘আপনাদের ওপর আমাদের জাতির ভবিষ্যত্ নির্ভর করছে। জানি, আপনাদের আমরা যোগ্য সম্মানী দিতে পারি না। তবুও দেশের কথা চিন্তা করে আপনাদের কাজ করে যেতে হবে। তবে শিক্ষকদের যোগ্য সম্মানী ও বেতন-ভাতা দিতে আমাদের সরকার যথেষ্ট আন্তরিক।’আজ রোববার বিকেলে পাবনার বেড়া উপজেলায় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী শামসুল হক টুকুর বাসভবনে শিক্ষকদের সঙ্গে মতবিনিময় সভায় শিক্ষামন্ত্রী এসব কথা বলেন।শিক্ষামন্ত্রী বলেন, ‘আমরা দলীয় শিক্ষানীতি নয়, জাতীয় শিক্ষানীতি করব। এ জন্য আমরা এক বছরের বেশি সময় ধরে শিক্ষাবিদসহ বিভিন্ন শ্রেণীর ব্যক্তি এমনকি বিরোধী দলের মতামতও গ্রহণ করেছি। গৃহীত মতামতের পরিপ্রেক্ষিতে নতুন শিক্ষানীতি বাস্তবায়নের প্রক্রিয়া চলছে। আশা করি, এটি সবার কাছেই গ্রহণযোগ্য হবে।’নূরুল ইসলাম নাহিদ আরও বলেন, দেশকে দুর্নীতি ও দারিদ্র্যমুক্ত করে উন্নয়নের পথে নিয়ে যাওয়ার সবচেয়ে বড় হাতিয়ার হলো জ্ঞান ও প্রযুক্তি। শিক্ষকেরাই পারেন নতুন প্রজন্মের মধ্যে জ্ঞান ও প্রযুক্তি ছড়িয়ে দিয়ে দেশকে উন্নয়নের পথে নিয়ে যেতে। ২০২১ সালের মধ্যে আমরা দারিদ্র্য ও দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়তে চাই বলেও মন্তব্য করেন তিনি।জেলা আওয়ামী লীগ বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক সম্পাদক আল মাহমুদ সরকারের সভাপতিত্বে মতবিনিময়সভায় বেড়া উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক, মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক নোমানুর রশীদ প্রমুখ উপস্থিত ছিলেন।