দলীয় বা ব্যক্তিগত প্রতিক্রিয়া না দিতে বিএনপির নেতাদের নির্দেশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের খুনিদের ফাঁসির রায় কার্যকর হওয়ার বিষয়ে দলীয় বা ব্যক্তিগত প্রতিক্রিয়া দেওয়া থেকে বিরত থাকতে বিএনপির নেতাদের নির্দেশ দেওয়া হয়েছে। এ জন্য আজ বৃহস্পতিবার পর্যন্ত বিএনপি এবং এর কেন্দ্রীয় নেতারা কোনো প্রতিক্রিয়া জানাননি।সূত্র জানায়, এ ব্যাপারে দলের অবস্থান ব্যাখ্যা করতে কাউকে দায়িত্ব দেওয়া হয়নি। তা ছাড়া ব্যক্তিগত প্রতিক্রিয়া না জানানোর নির্দেশ থাকায় দলের শীর্ষস্থানীয় নেতারা এ নিয়ে ব্যক্তিগত মতামত দিতেও অপারগতা প্রকাশ করেছেন।বঙ্গবন্ধুর খুনিদের ফাঁসি কার্যকর করা নিয়ে বিএনপির প্রতিক্রিয়া জানতে চাইলে শীর্ষস্থানীয় কয়েকজন নেতা প্রথম আলোকে জানান, এ ব্যাপারে দলীয় বা ব্যক্তিগত প্রতিক্রিয়া না জানানোর নির্দেশ আছে।আজ জাতীয় প্রেসক্লাবের সামনে বিএনপির স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন, এম কে আনোয়ার ও জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের কাছে এ ব্যাপারে সাংবাদিকেরা মন্তব্য জানতে চান। এ সময় তাঁদের মুখে কেবল একটা কথাই ছিল, যেতে দাও। তাঁরা রায় কার্যকর বিষয়ে কোনো মন্তব্য করতে চাননি।মওদুদ আহমদের কাছে এ ব্যাপারে টেলিফোনে জানতে চাওয়া হলে তিনি কোনো মন্তব্য করতে অপারগতা প্রকাশ করেন।তবে বিএনপির স্থায়ী কমিটির সদস্য লেফটেন্যান্ট জেনারেল (অব.) মাহাবুবুর রহমান টেলিফোনে প্রথম আলোকে বলেন, বিষয়টি আইনি প্রক্রিয়ার মধ্যে শেষ হয়েছে। তাই বলার কিছু নেই। তিনি নিজের ব্যক্তিগত মত উল্লেখ করে বলেন, তবে রাষ্ট্রপতি খুনিদের প্রাণ ভিক্ষা দিতে পারতেন।বিএনপি সূত্র জানায়, দলের চেয়ারপারসন খালেদা জিয়া এ বিষয়ে কোনো প্রতিক্রিয়া না জানাতে দলের নেতাদের নির্দেশ দিয়েছেন। গত বছরের ১৯ নভেম্বর আপিল বিভাগে বঙ্গবন্ধু হত্যা মামলার রায় ঘোষণার পর কোনো কোনো নেতা ব্যক্তিগতভাবে প্রতিক্রিয়া ব্যক্ত করে খালেদা জিয়ার রোষানলে পড়েন। বিশেষ করে সাবেক আইনমন্ত্রী ও দলের স্থায়ী কমিটির সদস্য মওদুদ আহমদকে খালেদা জিয়া ডেকে নিয়ে প্রতিক্রিয়া জানানোর জন্য ক্ষোভ প্রকাশ করেন।আপিল বিভাগের রায়ের পর প্রায় আড়াই মাস পার হলেও বিএনপি এখন পর্যন্ত ওই রায়ের বিষয়ে কোনো প্রতিক্রিয়া দেয়নি। আজ রায় কার্যকরের পর বিভিন্ন দল এ ব্যাপারে মত তুলে ধরলেও বিএনপি দলীয় অবস্থান তুলে ধরবে কি না, তা কোনো নেতাই জানাতে পারেননি।