খুলনা সিটি করপোরেশন নির্বাচনে বিএনপির নেতৃত্বাধীন ১৮-দলীয় জোট সমর্থিত প্রার্থী মনিরুজ্জামান গতকাল রোববার এক সভায় বলেন, বিএনপির সব নেতাই মনে করেন, হেফাজতে ইসলাম প্রসঙ্গ তাঁদের এই নির্বাচনে বড় সহযোগিতা করবে।অটোরিকশাচালক সাইফুর রহমানও মনে করেন, হেফাজতে ইসলামের ঘটনা নির্বাচনে প্রভাব ফেলবে। নগরের বিভিন্ন শ্রেণী-পেশার বেশ কয়েকজন ভোটারেরও এমন মত।অবশ্য সদ্য সাবেক মেয়র ও ১৪ দল সমর্থিত মেয়র পদপ্রার্থী তালুকদার আবদুল খালেক দাবি করেন, বিএনপি-জমায়াত বিষয়টি রটাচ্ছে। এটি সাধারণ মানুষ গ্রহণ করবে না বলেই তিনি বিশ্বাস করেন। তাই তিনি জাতীয় এসব বিষয়ের চেয়ে মেয়র থাকাকালে যেসব উন্নয়নকাজ করেছেন, প্রচারণায় সেগুলোর ওপরই বেশি জোর দিচ্ছেন। তিনি বলেন, ‘আমি কোনো কাজ করিনি—এ কথা কি আমার চরম শত্রুও বলবে?’এদিকে মেয়র থাকাকালে তালুকদার খালেকের কিছু আচরণকে ভোট টানার হাতিয়ার হিসেবে কাজে লাগাতে চাইছে তাঁর প্রতিপক্ষ। তবে বিভিন্নজনের সঙ্গে কথা বলে জানা গেছে, ওই আচরণ অনেককে যেমন ক্ষুব্ধ করেছে, তেমনি ঠিকাদার ও কর্মকর্তাদের সঙ্গে তাঁর ওই আচরণকে সমর্থনও করেন অনেকে।অনেক ভোটারের মতে, বন্ধ হয়ে যাওয়া পাটকল তালুকদার খালেকের আমলে চালু হওয়া, নগরের রাস্তাঘাটের উন্নয়ন, পানিনিষ্কাশন, পরিচ্ছন্নতা বৃদ্ধি ইত্যাদি বিষয়ও জয়-পরাজয়ে প্রভাব রাখবে। যদিও প্রতিপক্ষ এগুলোকে ‘লোক দেখানো’ বা ‘বাড়িয়ে বলা’ বলে প্রচার করছে।খুলনার শিল্পাঞ্চলের শ্রমিক ও নতুন ভোটার হওয়া তরুণেরাই আসলে নিয়ামক হয়ে উঠবেন জয়-পরাজয়ের। তাই এই দুই দিকেই নজর প্রার্থীদের।এদিকে হেফাজতের সমাবেশকে কেন্দ্র করে সুবিধা নেওয়ার জন্য প্রচারণা মনিরুজ্জামানকে পছন্দ করা বাম ঘরানার মানুষকে অনেকটা বিব্রত করবে বলে মনে করেন সম্মিলিত সাংস্কৃতিক জোটের খুলনার আহ্বায়ক সাজ্জাদুর রহিম।অবশ্য বেশ কয়েকজন সাধারণ ভোটারের সঙ্গে কথা বলে জানা গেছে, ১৫ জুন জয়-পরাজয় নির্ধারণে দলীয় বিবেচনাও বড় ভূমিকা রাখবে। সে আভাসও ক্রমশ স্পষ্ট হচ্ছে।টুটপাড়ার ভোটার মফিদুল ইসলাম বলেন, ‘দলের সমর্থন না নিয়ে কি কেউ দাঁড়িয়েছে? এখানে দলের বিবেচনা তো হবেই।’ গতবারের মেয়র পদপ্রার্থী ও রাজনীতিবিদ ফিরোজ আহমেদ অবশ্য মনে করেন, ‘ভোটে জাতীয় ও স্থানীয় দুটি বিবেচনাই কাজ করবে। আমরা চাই আর না চাই, এটা হবেই।’