দলীয় বিবেচনায় না এনে মনজুরকে সহযোগিতা করুন : খালেদা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিএনপির চেয়ারপারসন ও সংসদে বিরোধীদলীয় নেতা খালেদা জিয়া চট্টগ্রাম সিটি করপোরেশনের প্রতি বিমাতাসুলভ আচরণ না করার জন্য সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন। তিনি চট্টগ্রাম নগরের উন্নয়নে বর্তমান মেয়রকে দলীয় বিবেচনায় না এনে সব ধরনের সহযোগিতা দেওয়ার জন্য সরকারের প্রতি আহ্বান জানান।আজ রোববার চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র মোহাম্মদ মনজুর আলমের সংবর্ধনা অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। বিএনপির পক্ষ থেকে গুলশানে দলীয় চেয়ারপারসনের কার্যালয়ে এই সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। মনজুর আলম বিএনপির সমর্থন নিয়ে নির্বাচনে অংশ নেন।খালেদা জিয়া অভিযোগ করেন, চট্টগ্রামের বিগত মেয়র সিটি করপোরেশনকে দেউলিয়া করে ফেলেছেন। তাই সরকারের উচিত সেই অবস্থা থেকে সিটি করপোরেশনকে মুক্ত করতে বর্তমান মেয়রকে সহযোগিতা করা। মনজুর আলম বলেন, সবাইকে সঙ্গে নিয়ে তিনি চট্টগ্রামের উন্নয়নের জন্য কাজ করবেন। তিনি বলেন, চট্টগ্রাম বন্দর ও ট্রানজিট বিষয়ে বিএনপি যে কর্মসূচি দেবে তা তিনি পালন করবেন। সংবর্ধনা অনুষ্ঠানে সিটি করপোরেশন নির্বাচনে বিএনপি-সমর্থিত বিজয়ী কাউন্সিলররাও উপস্থিত ছিলেন। নবনির্বাচিত মেয়র ও কাউন্সিলররা খালেদা জিয়ার হাতে ফুলের তোড়া তুলে দিয়ে শুভেচ্ছা বিনিময় করেন। এ সময় শহিদুল ইসলাম নামে একজন স্বতন্ত্র প্রার্থীও খালেদা জিয়ার হাতে ফুলের তোড়া তুলে দেন। অনুষ্ঠানে বিএনপির মহাসচিব খোন্দকার দেলোয়ার হোসেন, স্থায়ী ও জাতীয় নির্বাহী কমিটির সদস্য এবং চট্টগ্রামের বিএনপির নেতারা উপস্থিত ছিলেন।