দলীয় বিবেচনায় বাজেট হচ্ছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দলীয় বিবেচনায় ২০১২-১৩ অর্থবছরের জাতীয় বাজেট হচ্ছে বলে মনে করেন বিএনপির চেয়ারপারসন ও বিরোধীদলীয় নেতা খালেদা জিয়া। তিনি বলেন, ‘নির্বাচন সামনে রেখে বাজেট বরাদ্দের পরিমাণ নির্ধারণ করা হচ্ছে।’গতকাল মঙ্গলবার রাজধানীর একটি হোটেলে আগামী অর্থবছরের বাজেট ভাবনা তুলে ধরতে গিয়ে খালেদা জিয়া এসব কথা বলেন। এর আগে গত দুই বছর একইভাবে খালেদা জিয়া বাজেট ভাবনা তুলে ধরেছেন। গতকাল তিনি অভিযোগ করেন, ‘বিরোধী দলের প্রস্তাব সরকার আমলে নেয় না।’ বিএনপির চেয়ারপারসন বলেন, নতুন বছরের বাজেটের অর্থায়ন বড় চ্যালেঞ্জ। ঘাটতি বাজেটে অর্থ জোগান দেওয়ার চিন্তা অর্থনৈতিক ভারসাম্যহীনতা, নৈরাজ্য ও অস্থিরতা তৈরি করবে। এই বাজেট প্রয়োজনের তুলনায় উচ্চাভিলাষী নয়। তবে বাস্তবায়ন-যোগ্যতা এবং প্রয়োজনীয় অর্থ জোগানে সক্ষমতার নিরিখে অর্থহীন।বিরোধীদলীয় নেতা আরও বলেন, সরকার দেশের অর্থনীতি যে পর্যায়ে নামিয়ে এনেছে, তা থেকে টেনে তোলা আগামী সরকারগুলোর জন্য কঠিন হবে। তা ছাড়া সরকার প্রতিহিংসার বশবর্তী হয়ে যেভাবে রাজনৈতিক প্রতিপক্ষের ওপর দমন-পীড়ন চালিয়ে যাচ্ছে, তাতে রাজনৈতিক অস্থিরতা আরও বাড়বে। এতে রাজস্ব সংগ্রহ লক্ষ্যমাত্রা অনিশ্চয়তার মধ্যে পড়বে।প্রায় টানা এক ঘণ্টা বাজেট ভাবনা উপস্থাপনের সময়ে খালেদা জিয়া মূলত সরকারের অর্থ ব্যবস্থার বিভিন্ন সংকট, দুর্নীতি, অনিয়ম তুলে ধরেন। পাশাপাশি বিএনপি ক্ষমতায় গেলে তাঁর সরকার কী করবে সে সম্পর্কে বক্তব্য দেন। তিনি বলেন, বিএনপি ২০৩০ সালের মধ্যে দেশকে উচ্চতর মধ্যম আয়ের দেশে পরিণত করবে। দুর্নীতিবাজদের শাস্তি দেবে।বিরোধীদলীয় নেতা বলেন, ২০১২-১৩ অর্থবছরে খাতওয়ারি বরাদ্দের বাইরে এক হাজার ৫১৭ কোটি টাকা উন্নয়ন সহায়তার নামে বরাদ্দ রাখা হচ্ছে। এই অর্থ দলীয় ব্যক্তিদের অর্থক্ষুধা মেটানোর জন্যই ব্যয় হবে। এর বাইরেও এক হাজার ৭৪০ কোটি টাকা থোক বরাদ্দ হিসেবে রাখা হয়েছে। এটা নির্বাচন সামনে রেখে রাজনৈতিক স্বার্থেই ব্যবহার করা হবে।চলতি অর্থবছরে প্রবৃদ্ধি ৭ শতাংশ হবে—অর্থমন্ত্রীর এ দাবি ‘সম্পূর্ণ অবাস্তব’ বলেও মন্তব্য করেন সাবেক প্রধানমন্ত্রী।খালেদা জিয়া বলেন, গুমের ঘটনায় দেশে এবং বিদেশে প্রচণ্ড উদ্বেগ ও উৎকণ্ঠার সৃষ্টি হয়েছে। এ রকম ভীতি ও নিরাপত্তাহীনতায় সুষ্ঠুভাবে উৎপাদনমুখী ও সৃজনশীল কাজ করা অসম্ভব। দুর্নীতিতে সরকারের উচ্চপর্যায়সহ সরকারদলীয় পেটোয়া বাহিনী আকণ্ঠ নিমজ্জিত। জনজীবন বিপর্যস্ত। অথচ জনজীবনের অসহনীয় সমস্যা সমাধানের মৌলিক ইস্যুগুলোকে পাশ কাটিয়ে সরকার ১৯৯৬ সালে মীমাংসিত তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা বাতিল করে পুরো জাতিকে এক অনিশ্চিত ও ভয়ংকর ভবিষ্যতের দিকে ঠেলে দিচ্ছে।ক্রনি ক্যাপিটালিজম: খালেদা জিয়া বলেন, সরকারের নির্লজ্জ ক্রনি ক্যাপিটালিজম (দুর্নীতির মাধ্যমে রাষ্ট্রীয় কোষাগারের অর্থ ক্ষমতাসীনদের পৃষ্ঠপোষকতায় তাদের নিজস্ব ব্যক্তিদের মধ্যে ভাগ-বাটোয়ারা করে নেওয়ার প্রক্রিয়া) নীতি নিয়েছে। পদ্মা সেতু প্রকল্পে দুর্নীতির কারণে প্রকল্পে সহায়তা স্থগিত করে দিয়েছে বিশ্বব্যাংক। পদ্মা সেতুর অর্থায়নের জন্য বিকল্প উৎস হিসেবে সরকার অপর একটি দেশের সঙ্গে সমঝোতা স্মারক স্বাক্ষর করেছে। অথচ এতে কারা অর্থায়ন করবে, কত সুদে কী শর্তে এই অর্থায়ন হবে তা অস্বচ্ছ ও সন্দেহজনক।খালেদা জিয়া অভিযোগ করেন, সরকার নয়টি নতুন ব্যাংক স্থাপনের অনুমোদন দিয়েছে। যাঁরা পেয়েছেন, তাঁরা সবাই শাসক দলের পরিচিত মুখ। ব্যাংক স্থাপনের জন্য ৪০০ কোটি টাকার মূলধনের প্রয়োজন। যাঁরা ব্যাংক করবেন, তাঁদের অর্থের উৎস কী, তা অস্বচ্ছ রয়েছে। আগামী বাজেটেও কালোটাকা সাদা করার সুযোগ থাকছে। সংগতভাবেই প্রশ্ন করা যায়, তথাকথিত ব্যাংক-উদ্যোক্তাদের কালোটাকা সাদা করে পরিশোধিত মূলধন জোগান দেওয়ার সুযোগ করে দেওয়া হচ্ছে কি না? খালেদা আরও বলেন, কুইক রেন্টাল ও রেন্টাল পাওয়ার প্ল্যান্ট স্থাপনে বিদ্যুৎ খাতে ২০ হাজার কোটি টাকার ঊর্ধ্বে লুটপাট হওয়া এবং ওই টাকার সিংহভাগ ডলারে রূপান্তর করে বিদেশে পাচার হয়েছে। বিদ্যুৎ খাতে অপকর্মের বৈধতা দিতে দায়মুক্তি আইন পাস করা হয়েছে। বিএনপি ক্ষমতায় এলে দায়ী ব্যক্তিদের ছাড় দেওয়া হবে না।রেলওয়ের ‘কালো বিড়ালের’ কাহিনিটি আজ আর কারও অজানা নেই উল্লেখ করে খালেদা জিয়া বলেন, এক সময়কার রেলমন্ত্রীর এপিএসের গাড়ি থেকে বস্তাভরা টাকা উদ্ধারের মধ্য দিয়ে রেলে কোটি কোটি টাকার নিয়োগ-বাণিজ্য জাতির নজরে এসেছে। শেয়ারবাজারে ৩৩ লাখ বিনিয়োগকারীকে সর্বস্বান্ত করে প্রায় লক্ষ কোটি টাকা লোপাট করা হয়েছে। শেয়ার মার্কেট বিপর্যয়ের পরই ডলার দুষপ্রাপ্য হয়ে পড়েছে।বিএনপির চেয়ারপারসন আরও বলেন, সাহারা গ্রুপের বিষয়টি সম্পূর্ণ অস্বচ্ছ। এ দেশীয় আবাসন কোম্পানিগুলোর স্বার্থ সম্পূর্ণ অগ্রাহ্য করা হয়েছে। এই চুক্তি বাস্তবায়িত হলে মহাদুর্নীতির সুযোগ সৃষ্টি হবে। তিনি অভিযোগ করেন, প্রধানমন্ত্রীর ঘনিষ্ঠ এক আত্মীয়কে আর্থিক আনুকূল্য পাইয়ে দিতে সাহারার সঙ্গে এ চুক্তি করা হয়েছে।সাবেক এই প্রধানমন্ত্রী বলেন, ঋণ পরিশোধের ব্যয় যেভাবে বাড়ছে তাতে জাতীয় অর্থনীতি ঋণের ফাঁদে পড়তে যাচ্ছে। প্রবৃদ্ধির হার হ্রাসের ধারা অব্যাহত থাকলে উচ্চাভিলাষী রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রা অর্জন ঝুঁকির মধ্যে পড়বে। বাজেটে কৃষিতে ভর্তুকি কমিয়ে দেওয়া হলে তা হবে কৃষকদের জন্য মড়ার ওপর খাঁড়ার ঘা।গ্রামীণ ব্যাংক: খালেদা জিয়া বলেন, ক্ষুদ্রঋণের প্রবর্তক গ্রামীণ ব্যাংক ও ড. মুহাম্মদ ইউনূস নোবেল পুরস্কার অর্জনের মাধ্যমে জাতির মুখ উজ্জ্বল হয়েছে। কিন্তু ভাগ্যের নির্মম পরিহাস, ব্যক্তি-ঈর্ষা ও হিংসার বশবর্তী হয়ে সরকার গ্রামীণ ব্যাংক ও এর সহযোগী প্রতিষ্ঠানগুলো ধ্বংসের খেলায় মেতেছে। সাবেক এই প্রধানমন্ত্রী বলেন, গ্রামীণ ব্যাংকের সঙ্গে ৮৫ লাখ পরিবার জড়িত। এই ৮৫ লাখ দরিদ্র সদস্যের ৯০ শতাংশই নারী। তাঁরাই এই ব্যাংকের ৯৭ শতাংশের মালিক। গ্রামীণ ব্যাংককে নিয়ন্ত্রণ ও দলীয়করণের সরকারি উদ্যোগ ৯৭ শতাংশের দরিদ্র মালিকের ভাগ্য অনিশ্চিত করে ফেলেছে। বিএনপি সরকারে গেলে গ্রামীণ ব্যাংককে ধ্বংসের হাত থেকে রক্ষা করবে।