দলীয় সংকীর্ণতার ঊর্ধ্বে উঠে মুক্তিযোদ্ধাদের সম্মান জানানো যাচ্ছে না

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মুক্তিযুদ্ধ ও মুক্তিযোদ্ধাদের নিয়ে দলীয়করণ চরম পর্যায়ে পৌঁছেছে। মৃত্যুর পরও দলীয় সংকীর্ণতার ঊর্ধ্বে উঠে মুক্তিযোদ্ধাদের সম্মান জানানো যাচ্ছে না।আজ বুধবার উইং কমান্ডার হামিদুল্লাহ খানের নাগরিক স্মরণসভায় বক্তারা এ কথা বলেছেন। সম্মিলিত পেশাজীবী পরিষদ জাতীয় শহীদ মিনারে ওই স্মরণসভার আয়োজন করে।এলডিপির সভাপতি অলি আহমদ বলেন, ‘আমরা মুক্তিযোদ্ধাদের জীবিত থাকতে সম্মান দেখাতে পারি না।’ আওয়ামী লীগের প্রয়াত নেতা আবদুর রাজ্জাকের প্রসঙ্গ টেনে তিনি বলেন, তাঁর মৃত্যুর পর অনেকে বিজ্ঞাপন দিয়ে শোক প্রকাশ করছে। কিন্তু জীবিত থাকতে কোনো খবর ছিল না। তিনি বলেন, মুক্তিযোদ্ধাদের জীবিত থাকতে সম্মান দিতে হবে, না হলে সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক থাকবে না।বিএনপির স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন বলেন, আওয়ামী লীগ মুক্তিযুদ্ধের চেতনার কথা বলে। কিন্তু হামিদুল্লাহ খানের মৃত্যুর পর কেউ, এমনকি সেক্টর কমান্ডারস ফোরামেরও কেউ আসেননি। আওয়ামী লীগ মুক্তিযুদ্ধের মূল চেতনা ভূলুণ্ঠিত করছে বলেও তিনি অভিযোগ করেন।বিএনপির নেতা হাফিজউদ্দিন আহম্মদ বলেন, হামিদুল্লাহ খানের মৃত্যুর পর সংসদ এলাকায় তাঁর জানাজা অনুষ্ঠিত হয়। তার ১০০ গজের মধ্যে ৩৫০ জন সাংসদ থাকেন। তাঁদের বেশির ভাগই আওয়ামী লীগের কিন্তু কেউ জানাজায় আসেননি।সম্মিলিত পরিষদের আহ্বায়ক ও দৈনিক আমার দেশের ভারপ্রাপ্ত সম্পাদক মাহমুদুর রহমানের সভাপতিত্বে স্মরণসভায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য রফিকুল ইসলাম মিয়া, ভাইস চেয়ারম্যান শাহ মোয়াজ্জেম হোসেন, শমসের মবিন চৌধুরী, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য এমাজউদ্দীন আহমদ, সাংবাদিক আতাউস সামাদ প্রমুখ আলোচনায় অংশ নেন।