দলীয় সভায় লাঠির আঘাতে আ.লীগ নেতা নিহত
রংপুরের পীরগাছা উপজেলার পারুল ইউনিয়নের কাউন্সিলার মনোনয়ন নিয়ে বিবদমান দুই গ্রুপের মধ্যে সংঘর্ষে উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মফিজুল ইসলাম (৫০) নিহত হয়েছে। আজ বৃহস্পতিবার দুপুরে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে তিনি মারা যায়। বর্তমানে ওই এলাকায় উত্তেজনাকর পরিস্থিতি বিরাজ করছে। পুলিশ, প্রত্যক্ষদর্শী ও উপজেলা আওয়ামী লীগ সূত্র জানায়, দুপুর ১২টায় পারুল ইউনিয়ন পরিষদ কার্যালয়ে ইউনিয়ন আওয়ামী লীগের এক সভা ছিল। সভার আলোচ্য বিষয় ছিল ইউনিয়নের ১, ২ ও ৩ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর মনোনয়ন। সভায় ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মতিউল ইসলাম ও সাবেক সাধারণ সম্পাদক তোফাজ্জল হোসেন পৃথক দুটি তালিকা অনুমোদনের জন্য জমা দেন। দুপুর সাড়ে ১২টার দিকে উভয় পক্ষ তাদের তালিকা পাস করার জন্য বৈঠকে উপস্থিত উপজেলা আওয়ামী নেতাদের চাপ দিতে থাকলে দুই পক্ষের মধ্যে হট্টগোল বেধে যায়। একপর্যায়ে দুই পক্ষই বাঁশ, লাঠি ও দেশীয় ধারালো অস্ত্র নিয়ে একে অপরকে আক্রমণ করে। এ সময় পরিস্থিতি সামাল দিতে গেলে মফিজুল ইসলামের মাথায় লাঠির আঘাত লাগে। গুরুতর অবস্থায় তাঁকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে বেলা দুইটার দিকে তিনি মারা যান। উপজেলা আওয়ামী লীগের সভাপতি আবদুল হাকিম সরদার বলেন, ভালোভাবেই সভা চলছিল। বিবদমান দুটি পক্ষ তালিকা দেওয়ায় গন্ডগোল শুরু হয়। আর এ হামলার শিকার হয়ে প্রাণ গিয়েছে মফিজুলের।পীরগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রওশন মোস্তফা জানান, সংঘর্ষের খবর পেয়ে তাত্ক্ষণিকভাবে পুলিশ ঘটনাস্থলে যায়। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে আছে। তবে আবারও সংঘর্ষের আশঙ্কায় উপজেলা ও ইউনিয়নের গুরুত্বপূর্ণ স্থানে পুলিশ মোতায়েন করা হয়েছে। তোফাজ্জল হোসেন বলেন, ‘আমার লোকজনের হাতে উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মারধরের শিকার হননি।’ মতিউল ইসলাম বলেন, ‘এই হত্যার সঙ্গে আমি জড়িত নই।’ কে বা কারা মেরেছে তা তিনি জানেন না বলে মন্তব্য করেন।