দলীয় সরকারের অধীনে নির্বাচন করতে পথনকশা করছে ইসি
দলীয় সরকারের অধীনে আগামী জাতীয় সংসদ নির্বাচন করার পথনকশা বা রোডম্যাপ তৈরি করছে নির্বাচন কমিশন (ইসি)। কমিশনের মতে, সংবিধানের পঞ্চদশ সংশোধনী জাতি মেনে নিয়েছে। সুতরাং সংশোধিত সংবিধানের আলোকেই সংসদ নির্বাচন হবে। গতকাল রোববার এক সংবাদ ব্রিফিংয়ে নির্বাচন কমিশনের পক্ষ থেকে এ কথা বলা হয়েছে। প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী রকিবউদ্দীন আহমদ বলেছেন, আগামী জাতীয় সংসদ নির্বাচনে ইলেকট্রনিক ভোটিং মেশিন (ইভিএম) ব্যবহার করা হবে না। তবে জনগণের আস্থা অর্জনে স্থানীয় নির্বাচনে ইভিএম ব্যবহার করা হবে। রংপুর সিটি করপোরেশন নির্বাচনেও পরীক্ষামূলকভাবে ইভিএম ব্যবহার করা হবে। কমিশনের সম্মেলনকক্ষে অনুষ্ঠিত এই সংবাদ ব্রিফিংয়ে আরও উপস্থিত ছিলেন নির্বাচন কমিশনার জাবেদ আলী ও মোহাম্মদ শাহনেওয়াজ, কমিশন সচিবালয়ের সচিব মোহাম্মদ সাদিক প্রমুখ সিইসির কাছে সাংবাদিকদের প্রশ্ন ছিল, ‘কেউ কেউ মনে করছেন, সংবিধানের সঙ্গে গণপ্রতিনিধিত্ব আদেশের কিছু বিধান সাংঘর্ষিক। এ জন্য আইনে প্রয়োজনীয় সংশোধনী আনার ব্যবস্থা নেওয়া হবে কি না?’—প্রশ্নের জবাব দেন কমিশনার আবদুল মোবারক। তিনি বলেন, নির্বাচন কমিশনের দায়িত্ব হলো, সংবিধান ও আইন মেনে নির্বাচন করা। সংবিধানের পঞ্চদশ সংশোধনী জাতি মেনে নিয়েছে। মেনে না নিলে এত দিনে আদালতে অনেক মামলা হতো। কিন্তু কোনো মামলা হয়নি। সুতরাং বিদ্যমান সংবিধানের আলোকেই আগামী জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে।প্রসঙ্গত, গত বছরের ৩০ জুন পাস হওয়া সংবিধানের পঞ্চদশ সংশোধনীর মাধ্যমে নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা বাতিল করা হয়। সংশোধিত সংবিধান অনুযায়ী, জাতীয় সংসদের মেয়াদ শেষ হওয়ার আগের ৯০ দিনের মধ্যে পরবর্তী সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে। এবং তা ক্ষমতাসীন সরকারের অধীনেই হবে। সংবাদ ব্রিফিংয়ের শুরুতে সিইসি বলেন, কমিশনকে সামনে অনেক নির্বাচন করতে হবে। সে জন্য রোডম্যাপ তৈরি হচ্ছে। রোডম্যাপ অনুযায়ী প্রয়োজনীয় মালমাল কেনার প্রস্তুতি চলছে। একই সঙ্গে ভোটার তালিকা হালনাগাদের কাজও চলছে। নির্বাচনী আসনের সীমানা পুনর্নির্ধারণের কাজ ঈদের পর শুরু হবে। তিনি বলেন, সংসদ ও উপজেলা নির্বাচন প্রায় একই সময়ে হবে। তবে উপজেলা নির্বাচন সংসদ নির্বাচনের আগে নাকি পরে হবে, সে বিষয়ে পরে সিদ্ধান্ত নেওয়া হবে।