সংসদে মুখোমুখি দুই নেত্রীসংসদে খালেদা জিয়ার বক্তব্যের রেকর্ড
দলীয় সরকারের অধীনে নির্বাচন নয়
বিএনপির চেয়ারপারসন ও সংসদে বিরোধীদলীয় নেতা খালেদা জিয়া বলেছেন, দলীয় সরকারের অধীনে কোনো নির্বাচন হবে না, হতে দেওয়া হবে না। এভাবে নির্বাচন করার চেষ্টা করা হলে বিএনপি তাতে অংশ নেবে না। কারণ, আওয়ামী লীগের অধীনে সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়।তত্ত্বাবধায়ক সরকার পুনর্বহালের দাবি জানিয়ে খালেদা জিয়া বলেন, সমঝোতার মাধ্যমে সমস্যার সমাধান করুন। তা না হলে গণতন্ত্র টিকবে না। তিনি বলেন, বিএনপিকে আন্দোলনের দিকে ঠেলে দেবেন না। একতরফা নির্বাচন হলে বিএনপি কঠোর আন্দোলন গড়ে তুলবে। খালেদা জিয়া আরও বলেন, নির্বাচনের জন্য নিরপেক্ষ নির্বাচন কমিশন গঠন করতে হবে এবং ইলেকট্রনিক ভোটিং মেশিন (ইভিএম) ব্যবহার করা যাবে না। গতকাল মঙ্গলবার জাতীয় সংসদে রাষ্ট্রপতির ভাষণের ওপর ধন্যবাদ প্রস্তাবের আলোচনায় খালেদা জিয়া এ কথা বলেন। গত ২৫ জানুয়ারি রাষ্ট্রপতি সংসদের শীতকালীন অধিবেশনে ভাষণ দেন। খালেদা জিয়া বক্তব্য দিয়েই অধিবেশনকক্ষ ত্যাগ করেন। তাঁর বক্তব্য শেষ হওয়ার আধা ঘণ্টা আগে প্রধানমন্ত্রী শেখ হাসিনা সংসদে আসেন। খালেদা জিয়া বলেন, সরকার সমঝোতার পথ বন্ধ করে গায়ের জোরে সবকিছু করার চেষ্টা করছে। কিন্তু গণতন্ত্র গায়ের জোরে হয় না, সমঝোতার মাধ্যমে হয়। তাই সরকারের উচিত তত্ত্বাবধায়ক সরকারের দাবি মেনে নেওয়া। তিনি বলেন, আদালতের ছলচাতুরী করে কোনো লাভ হবে না। আদালত বলেছেন, আরও দুই মেয়াদে তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন হতে পারে। তিনি বলেন, ‘সংসদের বাইরে বিএনপি তত্ত্বাবধায়ক সরকারের দাবি জানিয়েছে। এখন সংসদেও এই দাবি জানাচ্ছি। আওয়ামী লীগ যদি এরশাদকে নিয়ে নির্বাচন করে ক্ষমতায় থাকার কথা ভাবে, তাহলে বলব, একতরফা নির্বাচন দিয়ে ক্ষমতায় থাকা যায় না।’ মামলায় জিতে মিয়ানমারের কাছ থেকে সমুদ্রে অধিকার প্রতিষ্ঠায় সফল হওয়ায় তিনি পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তা, পররাষ্ট্রমন্ত্রী ও প্রধানমন্ত্রীকে শুভেচ্ছা ও ধন্যবাদ জানান। তিনি বলেন, ‘আমরা বলেছি, সরকারের ভালো কাজে সমর্থন দেব, খারাপ কাজের সমালোচনা করব। সবাই মিলে একসঙ্গে কাজ করলে সব সমস্যার সমাধান হওয়া সম্ভব। এ জন্য পারস্পরিক শ্রদ্ধা থাকতে হবে।’ তিনি ভারতের সঙ্গে নানা অমীমাংসিত বিষয়ে সমাধানে সরকারকে জোর পদক্ষেপ নিতে আহ্বান জানিয়ে বলেন, ‘আপনারা আওয়াজ তোলেন, আমরা পাশে থাকব।’ সাবেক এই প্রধানমন্ত্রী বলেন, ‘রাষ্ট্রপতিকে তাঁর ভাষণের জন্য ধন্যবাদ দিতে পারছি না। কেননা, তিনি সরকারের ইশতেহার পাঠ করেছেন। এখানে সরকারের গুণগান ছাড়া কিছু নেই। তাঁর বেশভূষাও ছিল দলীয়। তবে তাঁকে আমরা সম্মান ও শ্রদ্ধা করি। কিন্তু ধন্যবাদ দিতে পারছি না।’ এই সরকারের আমলে সংসদে পাস হওয়া পঞ্চদশ সংশোধনী প্রসঙ্গে তিনি বলেন, এর মাধ্যমে জনগণের ক্ষমতায়নকে কুক্ষিগত করা হয়েছে। আল্লাহর ওপর বিশ্বাস তুলে দেওয়া হয়েছে। বক্তব্যে রেকর্ড: খালেদা জিয়ার বক্তব্য চলাকালে স্পিকার আবদুল হামিদ কয়েকবার তাঁকে বক্তব্য সংক্ষিপ্ত করতে বলেন। তিনি বলেন, নিয়মিত না এসে একবার এসে এত বড় বক্তব্য দিলে সংসদ চালাতে সমস্যা হয়। তা ছাড়া আজ বাংলাদেশের খেলা আছে। জবাবে খালেদা জিয়া বলেন, ‘খেলা থাকলে আজ অধিবেশন না ডাকতেন!’ খালেদা জিয়া এক ঘণ্টা ৫৩ মিনিট বক্তব্য দেন। তাঁর বক্তব্যের সময় সরকারদলীয় সাংসদেরা হইচই করলে তিনি বিরোধী দলের নেতার বক্তব্য মনোযোগ দিয়ে শুনতে সাংসদদের প্রতি আহ্বান জানান। বক্তব্যের একপর্যায়ে একটি লম্বা লিখিত বক্তব্য পাঠ করার সময় সাংসদেরা আবারও হইচই শুরু করেন। সংসদ সূত্রে জানা গেছে, সংসদে দীর্ঘ সময় নিয়ে বক্তব্য দেওয়ার সর্বোচ্চ রেকর্ড এটাই। এর আগে অষ্টম সংসদে শেখ হাসিনা এক ঘণ্টা ৩৫ মিনিট বক্তব্য দিয়েছিলেন। বক্তব্য শেষে স্পিকার খালেদা জিয়াকে উদ্দেশ করে বলেন, ‘আপনি এক ঘণ্টা ৫৩ মিনিট বক্তব্য দিয়েছেন। এভাবে বক্তব্য দিতে গেলে তো আমার বারটা বেজে যাবে। আমারও বয়েস হয়েছে, বসে থাকতে কষ্ট হয়, এটা আপনাদের বুঝতে হবে।’ সংসদ ও সংসদ সদস্য: খালেদা জিয়া অভিযোগ করে বলেন, ‘সংসদ অকেজো। সরকারি দলের সাংসদেরাও তাই সংসদে আসতে চান না। সংসদে বিরোধী দল আলোচনা করতে পারে না। সংসদে কোনো আন্তর্জাতিক চুক্তি তোলা হয় না। বিরোধী দলের মুলতবি নোটিশ গ্রহণ করা হয় না। তাই এখানে এসে কী লাভ? বিরোধীদলীয় নেতা হিসেবে আমি সুবিধা পাই। কিন্তু অন্যরা তা পান না। আমি সব বিষয়ে কথা বলি না, বলতে চাইও না। তাই দলের অন্য সদস্যদেরও কথা বলতে দেওয়া উচিত।’ তিনি বলেন, ‘বিএনপি অনেক দিন পর সংসদে এসেছে। রাষ্ট্রপতির ভাষণের ওপর ধন্যবাদ জ্ঞাপনের সময় আর কয়েক দিন বাড়ালে কী ক্ষতি ছিল? তাহলে বিরোধী দলের বাকি সদস্যরাও কথা বলতে পারতেন।’ তিনি অভিযোগ করেন, ‘আমাদের কথা বলতে দেওয়া হয় না। আবার বলা হয় সংসদে এসে সবকিছু বলতে, এটা কি ডাবল স্ট্যান্ডার্ড নয়? বিরোধীদলীয় চিফ হুইপ জয়নুল আবদিন ফারুকের ওপর পুলিশ নির্যাতন করেছে। এই অপমান সব সাংসদের। বিরোধী দলের সাংসদদের বিরুদ্ধে মোবাইল ফোন ও গরু চুরির মামলা দেওয়া হচ্ছে। স্পিকার হিসেবে, সাংসদদের অভিভাবক হিসেবে এটা কি আপনার লজ্জা নয়?’ খালেদা জিয়া বলেন, সংসদ মাছের বাজার আর গালাগালির আখড়া। এটা ঠিক কথা। এখানে বিরোধী দলকে গালাগাল করা একমাত্র কাজ। বিএনপি না থাকলে প্রধানমন্ত্রী ও মন্ত্রীরা গালাগাল করেন। এতে নতুনরাও শিখছেন। আইনশৃঙ্খলা: খালেদা জিয়া বলেন, দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি অত্যন্ত নাজুক। হত্যা-গুম হচ্ছে, র্যাব ধরে নিয়ে যাচ্ছে। এসব কারণে সরকারের জনসমর্থন এখন শূন্যের কোঠায়। বিএনপি ক্ষতায় এসে জঙ্গি দমন করেছিল। মেয়েদের ওপর নির্যাতন বন্ধ করেছিল। তিনি বলেন, ‘প্রধানমন্ত্রী বলেছেন যে রেডরুমের নিরাপত্তা দিতে পারবেন না। কিন্তু খুনিকে কি ধরাও যাবে না? সাগর-রুনির হত্যাকারীদের কেন এখনো ধরা হচ্ছে না? নাকি স্বরাষ্ট্রমন্ত্রী ৪৮ ঘণ্টার মধ্যেই খুনিকে ধরেছিলেন, পরে তাঁকে বিদেশে পাচার করে দিতে হয়েছে? ঢাকায় একজন বিদেশি কূটনীতিক খুন হয়েছেন। এ কারণে বিদেশের সঙ্গে সম্পর্ক নষ্ট হচ্ছে।’ তিনি খুনিদের অবিলম্বে গ্রেপ্তারের দাবি জানান। খালেদা জিয়া বলেন, পুলিশকে দলীয় স্বার্থে ব্যবহার করা হচ্ছে। পুলিশও এখন নিরাপদ নয়, তাদের ওপর গুলি হচ্ছে, পুলিশ কর্মকর্তার গাড়ি ছিনতাই হচ্ছে। সারা দেশে সরকারদলীয়দের সন্ত্রাস, চাঁদাবাজিতে মানুষ অতিষ্ঠ। বিচার বিভাগ: খালেদা জিয়া অভিযোগ করেন, ‘বিচার বিভাগ সম্পূর্ণ দলীয়করণ করা হয়েছে। এখানে মানুষের মুখ দেখে রায় দেওয়া হয়। সরকারি দলের জন্য এক ধরনের আইন, আর বিরোধীদের জন্য আলাদা। বিচারকেরা এখন দলীয় ভিত্তিতে নিয়োগ পাচ্ছেন। যদি তাঁদের দল করতে হয়, তাহলে তাঁরা রাজনীতিতে আসুন, বিচারক হওয়ার কী দরকার?’ বিরোধী দলের কর্মসূচি: বিএনপির চেয়ারপারসন বলেন, বিরোধী দলের কর্মসূচি পালনে সরকার বাধা দিচ্ছে। অথচ বিরোধী দল সব সময় শান্তিপূর্ণ কর্মসূচি পালন করছে। সরকার তাদের কর্মসূচি ঠেকাতে কি না করছে। যাতায়াত বন্ধ করেছে, হোটেল বন্ধ করেছে, টেলিভিশনে সরাসরি মহাসমাবেশ দেখাতে দেয়নি। সরকার পায়ে পাড়া দিয়ে ঝগড়া বাধাতে চায়। বিএনপির মহাসমাবেশ বন্ধ করতে চেয়েছিল। কিন্তু পারেনি। বরং তা জনসমুদ্রে পরিণত হয়েছে। বলা হয়েছে, বিএনপি কর্মসূচির নামে সন্ত্রাস করবে। কিন্তু বাস্তবে ওই দিন সন্ত্রাস করেছে আওয়ামী লীগ। খালেদা জিয়া অভিযোগ করেন, আওয়ামী লীগের মহাসমাবেশে লোক হয়নি। কোকাকোলা ও চকলেট দিয়ে মানুষ আনতে পারেনি। কারণ, সরকার জনসমর্থন হারিয়েছে। তিনি বলেন, পুলিশ দিয়ে বিরোধী দলের কর্মসূচি ও কর্মীদের হয়রানি বন্ধ না করলে পরিস্থিতি আরও খারাপ হবে। এর দায়দায়িত্ব তখন সরকারকেই নিতে হবে। শেয়ারবাজার: খালেদা জিয়া বলেন, আওয়ামী লীগ ক্ষমতায় এলেই শেয়ারবাজারে ধস নামে। এবার প্রায় ৩৩ লাখ মানুষ এতে ক্ষতিগ্রস্ত হয়েছে। রাস্তায় বসে গেছে। ক্ষুদ্র বিনিয়োগকারীরা রাস্তায় নেমে প্রতিবাদ করতে চাইলে তাঁদের পুলিশ বাধা দেয়। তদন্ত প্রতিবেদনে দায়ী ব্যক্তিদের নাম এলেও তাঁদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। বিদ্যুৎ খাত: খালেদা জিয়া দাবি করেন, এই সরকারের আমলে বিদ্যুৎ খাতের কোনো উন্নতি হয়নি। বরং কুইক রেন্টালের মাধ্যমে বেশি দামে বিদ্যুৎ কিনে দেশের অর্থনীতিকে ধ্বংস করা হয়েছে। দেশকে পিছিয়ে দেওয়া হয়েছে। এই খাতে হরিলুট হয়েছে। আত্মীয়স্বজন ও দলীয় ব্যক্তিরা এই কাজ পেয়ে লুটপাট করেছে। তিনি বলেন, ‘সরকারের কুইক রেন্টালের কারণে পাওয়ার কুইক হচ্ছে না, মানি কুইক হচ্ছে।’ গ্রামে বিদ্যুৎ নেই। মাঝে মাঝে আসে। গতকালও মতিঝিলে চার ঘণ্টা বিদ্যুৎ ছিল না। ভারত প্রসঙ্গে: খালেদা জিয়া ভারতকে ট্রানজিট দেওয়ার সমালোচনা করেন। তিনি সীমান্তে হত্যা বন্ধ, তিস্তা চুক্তি, টিপাইমুখ বাঁধ নির্মাণ ও আন্তনদী সংযোগ বন্ধে ব্যবস্থা নিতে না পারায় সরকারের সমালোচনা করেন। তিনি বলেন, ‘সরকার বলেছিল, ট্রানজিট দিলে বাংলাদেশ সিঙ্গাপুর হয়ে যাবে। আমরা জানতে চাই, ট্রানজিট দিয়ে কত টাকা এসেছে?’ খালেদা জিয়া সরকারকে বলেন, ‘প্রতিবাদ করুন, আমরা আপনাদের সঙ্গে আছি। জাতীয় স্বার্থে আমরা আপনাদের সহযোগিতা করতে চাই। দেশের স্বার্থে আমরা সব সময় এক। আপনারা এক হতে পারেন না।’ প্রশাসন: খালেদা জিয়া দাবি করেন, ‘গত তিন বছরে প্রশাসনে ব্যাপক দলীয়করণ হয়েছে। এতে জনপ্রশাসন ভেঙে পড়েছে। প্রশাসনে একের পর এক জ্যেষ্ঠতা লঙ্ঘন করায় শৃঙ্খলা নষ্ট হয়েছে। বর্তমান প্রধানমন্ত্রীর যিনি পিএস, তাঁকে বিএনপি প্রমোশন দিয়েছিল। কিন্তু এখন আমার যে পিএস, তাঁকে তিনবার “সুপারসিড” করা হয়েছে।’