দলীয় সরকারের অধীনে নির্বাচনে যাবে না বিএনপি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিরোধীদলীয় নেতা ও বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া বলেছেন, কোনো দলীয় সরকারের অধীনে বিএনপি নির্বাচনে অংশ নেবে না। বিচারপতি খায়রুল হককে তত্ত্বাবধায়ক সরকারের প্রধান বানানো যাবে না। নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের অধীনে আগামী নির্বাচন অনুষ্ঠান নিশ্চিত করতে হবে। তিনি অবিলম্বে মধ্যবর্তী নির্বাচন ঘোষণার দাবি জানান।গত রোববার সন্ধ্যায় নিউইয়র্কে হোটেল শেরাটনে প্রবাসী বাংলাদেশিদের দেওয়া এক নাগরিক সংবর্ধনা অনুষ্ঠানে খালেদা জিয়া এসব কথা বলেন। অনুষ্ঠানে দলের নেতা-কর্মী ও প্রবাসীদের উপচে পড়া ভিড়ে প্রায় দেড় ঘণ্টা বক্তব্য দেন তিনি।বিরোধীদলীয় নেতা তাঁর দীর্ঘ বক্তব্যে বলেন, আওয়ামী লীগের হাতে গণতন্ত্র নিরাপদ নয়। এ প্রসঙ্গে তিনি একাত্তর-পরবর্তী ধারাবাহিকতায় বাকশাল প্রতিষ্ঠা এবং সংবাদপত্রের কণ্ঠ রোধ করার ইতিহাস তুলে ধরেন। জিয়াউর রহমানকে স্বাধীনতার ঘোষক উল্লেখ করে তিনি বলেন, শহীদ জিয়াই বাংলাদেশে গণতন্ত্র প্রতিষ্ঠা করেছেন।খালেদা জিয়া বলেন, বাংলাদেশ পাকিস্তানের সঙ্গে যুদ্ধ করে স্বাধীন হয়েছে। এখন দেশকে ভারতের শৃঙ্খলে নিয়ে যাওয়ার চেষ্টা চলছে। সংসদকে পাশ কাটিয়ে বাংলাদেশের স্বার্থবিরোধী চুক্তি সম্পাদিত হয়েছে। তিনি বলেন, বিএনপিকে ধ্বংস করার চক্রান্ত আগেই শুরু হয়েছে। এর অংশ হিসেবেই ‘ওয়ান ইলেভেন’ এর ঘটনা।সাবেক তত্ত্বাবধায়ক সরকারের প্রধান উপদেষ্টা ফখরুদ্দীন আহমদ এবং সাবেক সেনাপ্রধান মইন উ আহমেদের তীব্র সমালোচনা করেন খালেদা জিয়া। নিজের এবং ছেলেদের নামে মিথ্যা মামলা দিয়ে বিএনপিকে ধ্বংস করার জন্য তাঁরা চেষ্টা করেছেন বলে তিনি উল্লেখ করেন।বিএনপির চেয়ারপারসন বলেন, সরকার একদলীয় শাসন কায়েমের লক্ষ্যে সংসদকে অকার্যকর করে রেখেছে। জাতীয় সংসদ এখন সার্বভৌম নয়, সংসদে বিরোধী দলকে কথা বলতে দেওয়া হয়নি। সংসদের বাইরে মুক্তাঙ্গনেও জনগণের কথা বলা যাচ্ছে না। বাংলাদেশে এখন কার্যত একদলীয় শাসন চলছে। সরকারের ছত্রচ্ছায়ায় মামলা, হামলা আর টেন্ডারবাজি চলছে। দেশে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, শেয়ারবাজার লুটপাটের নামে ধস নামানো হয়েছে।দেশে আওয়ামী লীগের জনপ্রিয়তা এখন শূন্যের কোঠায় উল্লেখ করে খালেদা জিয়া বলেন, স্বাধীন বিচার বিভাগের কথা বলা হচ্ছে, অথচ বিচারকেরা এখন স্বাধীন নন। তিনি বলেন, দেশে হুকুম তামিলের বিচার চলছে।বিএনপির কেন্দ্রীয় সহসভাপতি শমসের মবিন চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত সংবর্ধনা সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য দেন যুক্তরাষ্ট্র বিএনপির সভাপতি আবদুল লতিফ, সংবর্ধনা কমিটির আহ্বায়ক মুজিবুর রহমান মজুমদার, বিএনপির নেতা মোস্তফা কামাল পাশা, বেলাল মাহমুদ ও আনোয়ারুল ইসলাম। খালেদা জিয়ার বক্তব্যের সময় হোটেলসংলগ্ন সড়কে যুক্তরাষ্ট্রপ্রবাসী আওয়ামী লীগের নেতা-কর্মীরা বিক্ষোভ ও কালো পতাকা প্রদর্শন করেন। আজ মঙ্গলবার সন্ধ্যায় ওয়াশিংটনে অপর একটি নাগরিক সংবর্ধনায় বক্তব্য দেবেন খালেদা জিয়া। এর আগে মার্কিন পররাষ্ট্র দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তা এবং মার্কিন প্রভাবশালী আইনপ্রণেতাদের সঙ্গে তিনি সাক্ষাৎ করবেন। আগামী শুক্রবার লন্ডন হয়ে ঢাকার উদ্দেশে তিনি নিউইয়র্ক ত্যাগ করবেন।