দলীয় সরকারের অধীনে নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে ইসলামী আন্দোলন
পরিস্থিতি অনুকূল মনে করলে দলীয় বা অন্তর্বর্তী সরকারের অধীনেই নির্বাচনে অংশ নিতে পারে চরমোনাই পীরের দল ইসলামী আন্দোলন বাংলাদেশ। দলের একাধিক নেতা জানিয়েছেন, আগামী সংসদ নির্বাচনে অংশ নিতে ইতিমধ্যে প্রস্তুতি নেওয়া শুরু করেছেন তাঁরা। এ জন্য সারা দেশে আসনভিত্তিক সম্ভাব্য প্রার্থীদের জীবনবৃত্তান্তসহ তালিকা করে কেন্দ্রে পাঠাতে জেলা কমিটির সভাপতি-সম্পাদককে চিঠি দেওয়া হয়েছে সম্প্রতি। জানতে চাইলে ইসলামী আন্দোলনের মহাসচিব ইউনূছ আহমাদ তা স্বীকার করেন। তিনি প্রথম আলোকে বলেন, ‘আসনভিত্তিক সম্ভাব্য প্রার্থীদের নামের তালিকা ছাড়াও কেন্দ্রভিত্তিক নির্বাচন পরিচালনা কমিটিও গঠন করতে বলা হয়েছে। কেন্দ্রীয়ভাবে তাঁদের প্রশিক্ষণের ব্যবস্থা করা হবে।’ দলের অপর একটি সূত্র জানায়, বর্তমানে দলের জেলা, থানাসহ তৃণমূলের সব পর্যায়ের কমিটি পুনর্গঠন করার কাজ চলছে। একই সঙ্গে দেশজুড়ে এক লাখ ‘বলিষ্ঠ কর্মী’ বাছাই করার লক্ষ্যে প্রায় এক বছর ধরে কাজ করছেন দলের বিভিন্ন সারির নেতারা। আগামী ডিসেম্বর পর্যন্ত এ কর্মসূচি চলবে। এরপর আগামী সংসদ নির্বাচনের আগ পর্যন্ত একেক কর্মীকে ২০ জন করে সদস্য সংগ্রহের লক্ষ্যমাত্রা নির্ধারণ করে দেওয়ার পরিকল্পনা আছে দলটির। এ ছাড়া সাংগঠনিক অবস্থান মজবুত করার লক্ষ্যে ইসলামী আন্দোলনের আমিরসহ সভাপতিমণ্ডলীর অন্তত পাঁচজন সদস্য সারা দেশে ওয়াজ মাহফিল ও দলীয় সভা-সমাবেশ করছেন। এ কারণে বিষয়ভিত্তিক কর্মসূচি ছাড়া দলের রাজনৈতিক কর্মসূচিতে সরকারবিরোধী আন্দোলনের কোনো পরিকল্পনা নেই। দলের মহাসচিব ইউনূছ আহমাদও তা স্বীকার করেন। তিনি বলেন, ‘আমরা হুজুগে কোনো সিদ্ধান্ত নিই না। আদর্শ ঠিক রেখে তারপর সাংগঠনিক মজবুতির দিকে খেয়াল রেখে সিদ্ধান্ত নেব।’তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা পুনর্বহাল করা, সংবিধানে আল্লাহর ওপর আস্থা ও বিশ্বাস কথাটি পুনঃস্থাপন করা, শিক্ষানীতি ও নারীনীতি সংশোধন করাসহ ধর্মীয় বিভিন্ন বিষয়ে বর্তমান সরকারের নানা পদক্ষেপ ও নীতির বিরুদ্ধে রাজধানীতে ধারাবাহিকভাবে বিক্ষোভ-সমাবেশ করছে ইসলামী আন্দোলন। সর্বশেষ গত ২০ এপ্রিল রাজধানীর পুরানা পল্টন মোড়ে বড় সমাবেশ করেছে দলটি। বিগত নির্বাচনগুলোতে প্রাপ্ত ভোটের হিসাবে ধর্মভিত্তিক দলগুলোর মধ্যে জামায়াতের পরই ইসলামী আন্দোলনের অবস্থান। গত সংসদ নির্বাচনে চরমোনাইর পীর সৈয়দ মো. রেজাউল করিমের নেতৃত্বাধীন এ দলটির প্রার্থীরা এককভাবে অংশ নিয়ে মোট প্রায় সাড়ে সাত লাখ ভোট পান। আগামী নির্বাচনেও একা অংশ নেওয়ার ব্যাপারে দলটির সিদ্ধান্ত আছে।সরকারের সঙ্গে যোগাযোগের অভিযোগ: সরকারি মহলের সঙ্গে ইসলামী আন্দোলনের যোগাযোগ আছে বলে ধর্মভিত্তিক অন্য দলগুলোর মধ্যে আলোচনা আছে। কারণ হিসেবে বলা হয়, বিএনপির জোটভুক্ত জামায়াতে ইসলামী ও ইসলামী ঐক্যজোটসহ এ ঘরানার অন্যান্য ধর্মভিত্তিক দলগুলো রাজধানীতে সচরাচর সভা-সমাবেশ করার অনুমতি পায় না। এ ক্ষেত্রে ব্যতিক্রম ইসলামী আন্দোলন। দু-একটি ঘটনা ছাড়া দলটির বেশির ভাগ কর্মসূচির ব্যাপারে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সহানুভূতিশীল ভূমিকা ছিল বলে প্রচার আছে।এ বিষয়ে সম্প্রতি প্রকাশ্যে কথা বলেন ইসলামী ঐক্যজোটের চেয়ারম্যান ফজলুল হক আমিনী। তিনি ইসলামী আন্দোলনের প্রতি ইঙ্গিত করে বলেন, ‘দিনে সরকারবিরোধী স্লোগান দিয়ে রাতে সরকারের সঙ্গে বৈঠক করে ইসলামী আন্দেলন হয় না। এতে বরং সরকারকে ইসলামবিরোধী কাজকে পরোক্ষভাবে উৎসাহিত করা হয়। এদের চিহ্নিত করা সময়ের দাবি।’বাংলাদেশ খেলাফত আন্দোলনের মহাসচিব জাফরুল্লাহ খান বলেন, ‘তাদের (ইসলামী আন্দোলন) জন্য পুলিশ চৌরাস্তা খুলে দেয়, আর আমাদের রাস্তায়ই নামতে দেয় না। এর কারণ কী?’অবশ্য ক্ষমতাসীন আওয়ামী লীগ সরকারের সঙ্গে যোগাযোগের কথা অস্বীকার করেন ইসলামী আন্দোলনের নেতারা। দলটির সভাপতিমণ্ডলীর সদস্য ও চরমোনাইর পীরের ভাই সৈয়দ মোসাদ্দেক বিল্লাহ আল মাদানী প্রথম আলোকে বলেন, ‘আমরা “নো” হাসিনা, “নো” খালেদা। আমরা নারী নেতৃত্বের বিরুদ্ধে এখনো অটল আছি।’ তিনি মুফতি আমিনীর প্রতি চ্যালেঞ্জ দিয়ে বলেন, ‘আমরা যে আওয়ামী লীগের দালালি করি, তা উনি প্রমাণ করুক।’