দলীয় সরকারের অধীনে ভালো নির্বাচন সম্ভব নয়: ড. কামাল
গণফোরামের সভাপতি ড. কামাল হোসেন বলেছেন, রুগণ রাজনীতি দিয়ে কখনো গণতন্ত্র প্রতিষ্ঠা করা সম্ভব নয়। তাই রাজনীতির সুস্থতা নিশ্চিত করে এর চর্চা করতে হবে। দলীয় সরকারের অধীনে ভালো নির্বাচন সম্ভব নয়।আজ সোমবার জাতীয় প্রেসক্লাবে ‘নতুন নির্বাচন কমিশনের সামনে চ্যালেঞ্জ’ শীর্ষক এক সেমিনারে তিনি এসব কথা বলেছেন। সুশাসনের জন্য নাগরিক (সুজন) আয়োজিত এ সেমিনারে কামাল হোসেন বলেন, নির্বাচন কমিশনকে শক্তভাবে আইন প্রয়োগ করতে হবে। সে ক্ষেত্রে দুই দল কী পছন্দ করল, করল না—তার থেকে বেশি জরুরি জনগণের চাওয়া।নির্বাচন কমিশনের উদ্দেশে কামাল বলেন, ‘আপনাদের জনগণের আস্থা অর্জন করতে হবে। প্রধান নির্বাচন কমিশনার আজিজের অধীনে নির্বাচন কমিশন মানুষের আস্থা হারিয়েছিল বলেই টিকতে পারেনি। শামসুল হুদার নেতৃত্বাধীন নির্বাচন কমিশন মানুষের আস্থা অর্জন করেছিল। তাই নতুন নির্বাচন কমিশনের প্রতি আমার অনুরোধ, আস্থা অর্জনের জন্য দায়িত্ব পালন করতে আপনারা দ্বিধাবোধ করবেন না।’ সাবেক নির্বাচন কমিশনার সাখাওয়াত হোসেন বলেন, মুখে মুখে নির্বাচন কমিশনকে শক্তিশালী করার কথা বললেই হবে না, বাস্তবে তা করতে হবে। তিনি বলেন, ‘আমরা যে পর্যায়ে কাজ রেখে এসেছি সেখান থেকে বর্তমান কাজ শুরু করলে তাদের সুবিধা হবে। তবে আগামী জাতীয় নির্বাচন কোন ধরনের সরকারের অধীনে হবে, সেটি এখন বড় সমস্যা বলে মনে করছেন সাখাওয়াত।আরেক সাবেক কমিশনার ছহুল হোসাইন বলেন, ‘আমরা নীতির ওপর শক্ত ছিলাম বলেই নির্বাচনী সংস্কৃতির পরিবর্তন হয়েছে। তবে প্রতিটি কাজের সময় পরিণতির কথা ভাবতে হয়েছে। তাই অনেক সময় আমরা কঠোর হতে পারেনি।’ সাবেক দুই নির্বাচন কমিশনার বলেন, গত পাঁচ বছরে তাঁরা যে অভিজ্ঞতা অর্জন করেছেন তা ধীরে ধীরে জনগণের সামনে তুলে ধরবেন। অনুষ্ঠানে আরও বক্তব্য দেন তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা এ এস এম শাহজাহান, হাফিজউদ্দিন খান ও স্থানীয় সরকার বিশেষজ্ঞ তোফায়েল আহমেদ।মূল প্রবন্ধ পাঠ করেন সুজনের সম্পাদক বদিউল আলম মজুমদার।