ডেইলি স্টার আয়োজিত গোলটেবিল বৈঠকে বক্তারা
দলীয় স্বার্থ থেকে বেরিয়ে জাতীয় স্বার্থকে অগ্রাধিকার দেওয়া উচিত
বাংলাদেশের প্রতিবেশী রাষ্ট্র ভারত। চাইলেই এ প্রতিবেশী বদলে ফেলা সম্ভব না। কাজেই ভারতের সঙ্গে দ্বিপক্ষীয় সম্পর্ক উন্নয়নের কোনো বিকল্প নেই। কিন্তু দীর্ঘদিন ধরে দুই দেশের মধ্যে সন্দেহ ও অবিশ্বাস জমে আছে। প্রধানমন্ত্রীর ভারত সফর সেই অবিশ্বাস দূর করেছে। এখন এ সম্পর্ককে এগিয়ে নিতে হবে। যেসব চুক্তি ও সমঝোতা হয়েছে, সেগুলোর বাস্তবায়নের দিকে খেয়াল রাখতে হবে। এ ক্ষেত্রে দলীয় স্বার্থ থেকে বেরিয়ে এসে জাতীয় স্বার্থকে অগ্রাধিকার দেওয়া উচিত। ইংরেজি দৈনিক ডেইলি স্টার আয়োজিত ‘ভারত-বাংলাদেশ শীর্ষ বৈঠক ২০১০’ শীর্ষক গোলটেবিল আলোচনায় বক্তারা এসব কথা বলেছেন। অনুষ্ঠানের শুরুতেই শুভেচ্ছা বক্তব্য দেন ডেইলি স্টার-এর সম্পাদক মাহফুজ আনাম। তিনি বলেন, প্রধানমন্ত্রীর ভারত সফর মাত্র শেষ হলো। বিষয়টি নিয়ে মানুষের আগ্রহ আছে। দুই দেশের সম্পর্কের জন্য এটি গুরুত্বপূর্ণ। সে কারণেই এ বৈঠক। সেন্টার ফর পলিসি ডায়ালগের (সিপিডি) চেয়ারম্যান রেহমান সোবহান বলেন, কেউ বাজারে গেলেন আর ব্যাগ ভরে সব নিয়ে এলেন, প্রধানমন্ত্রীর ভারত সফর নিয়ে কেউ তেমন কিছু আশা করলে ভুল হবে। কারণ, কূটনৈতিক সম্পর্কে এভাবে কিছু হয় না। চার দিনের সফরে সব সমস্যার সমাধান হয়ে যাবে—এমনটিও আশা করা যায় না। তিনি বলেন, ভারতের সঙ্গে অনেক কিছু নিয়ে বাংলাদেশের সমস্যা আছে। দীর্ঘদিন পর এ বিষয়গুলো আলোচনায় এসেছে। দুই দেশের সম্পর্ককে এগিয়ে নেওয়ার একটি পরিবেশ সৃষ্টি হয়েছে। পররাষ্ট্রমন্ত্রী দীপু মনি বলেন, ‘এ সফরকে শুধু বাংলাদেশ ও ভারতের মধ্যে সীমাবদ্ধ করে দেখলে চলবে না, এ সফর দক্ষিণ এশিয়ার জন্য একটি নতুন দিগন্ত। আমরা দক্ষিণ এশিয়ায় সবার সঙ্গে সুসম্পর্ক রাখতে চাই।’ তিনি বলেন, একটি সফরে যতখানি অর্জন সম্ভব, ততখানি হয়েছে। বিএনপির সমালোচনা করে পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘এত দিন আমরা অন্ধকারে ছিলাম। বিএনপি ক্ষমতায় থাকাকালে যদি দেশে বিদ্যুত্ উত্পাদন করত, তাহলে অন্ধকারে থাকতে হতো না। বিএনপি সেটি করেনি বলেই আজ সমস্যা সমাধানে ভারত থেকে বিদ্যুত্ আনতে হচ্ছে।’ তিনি বলেন, বিএনপি মোট ১৬ বছর ক্ষমতায় ছিল। এ ১৬ বছরে তারা কোনো সমস্যার সমাধান করেনি। সমুদ্রসীমা নিয়ে দুই দশক কোনো বৈঠক হয়নি। বর্তমান সরকার এসব সমস্যার সমাধান করতে চায়। বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা ও সাবেক পররাষ্ট্রসচিব রিয়াজ রহমান বলেন, এ সফরের প্রাপ্তি হতাশাজনক। প্রাপ্তির বদলে বাংলাদেশ অনেক কিছু দিয়ে এসেছে। এর ফলে বাংলাদেশের নিরাপত্তা হুমকিতে পড়বে। ভারতকে আশুগঞ্জ, মংলা ও চট্টগ্রাম বন্দর ব্যবহারের সুযোগ দিলে দেশের নিরাপত্তা হুমকিতে পড়বে। বাংলাদেশ এন্টারপ্রাইজ ইনস্টিটিউটের সভাপতি ফারুক সোবহান বলেন, বাংলাদেশের উন্নয়নে প্রধানমন্ত্রীর এ সফর অনেক কাজে আসবে। ভারত এবার বাংলাদেশে ৪৭টি পণ্যের শুল্কমুক্ত সুবিধা ঘোষণা করেছে। তিনি বলেন, একটি বিষয় মনে রাখতে হবে, ভৌগোলিক কারণেই যেমন ভারতকে বাংলাদেশের দরকার, তেমনি ভারতেরও বাংলাদেশকে দরকার। তাঁর মতে, বাংলাদেশ একটি মধ্য-আয়ের দেশ হতে চাইলে সম্পর্ক উন্নয়নের কোনো বিকল্প নেই।ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের অধ্যাপক শহীদুজ্জামান বলেন, চাইলেই তো আর ভৌগোলিক সীমা বদলে দেওয়া যাবে না। কাজেই সার্বিক উন্নয়নের জন্য বাংলাদেশ ও ভারতের দ্বিপক্ষীয় সম্পর্ক উন্নয়নের বিকল্প নেই।তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা ও সাবেক পররাষ্ট্রসচিব শফি সামি বলেন, যে তিনটি চুক্তি হয়েছে, তাতে দেশের সার্বভৌমত্বের কোনো সমস্যা হবে না। কাজেই যাঁরা এর বিরোধিতা করছেন, তাঁরা রাজনৈতিক উদ্দেশ্যেই করছেন। তিনি বলেন, বাংলাদেশের ভূখণ্ড কোনো সন্ত্রাসীকে ব্যবহার করতে দেওয়া ঠিক না। তাঁর অভিযোগ, বিএনপি দুই দেশের সমস্যাগুলোর সমাধানের কোনো চেষ্টাই করেনি। এখন সেটি অন্তত শুরু হয়েছে। সাংসদ ও সাবেক পররাষ্ট্রমন্ত্রী আনিসুল ইসলাম মাহমুদ বলেন, ১৯৭৫ সালের পর এ দেশে ভারতবিরোধী নীতি ছিল। ফলে ভারত বাংলাদেশকে বিশ্বাস করত না। যে দেশটি অস্ত্র দিয়ে, আশ্রয় দিয়ে বাংলাদেশ স্বাধীন করতে সহায়তা করেছিল, স্বাধীনতার চার বছর পরেই সেই দেশের অন্ধ বিরোধিতা করলে অবিশ্বাস তো তৈরি হবেই। তিনি বলেন, প্রধানমন্ত্রীর এ সফর ছিল আশাব্যঞ্জক।পরিবহন-বিশেষজ্ঞ রহমতউল্ল্যাহ বলেন, মংলা ও চট্টগ্রাম বন্দরকে আধুনিক করতে হবে। তাঁর মতে, এ সফরের ফলে পরিবহন-ব্যবস্থা উন্নতির সুযোগ হয়েছে। পরিবহন ব্যবসার বিশাল একটি সুযোগও সৃষ্টি হয়েছে। সুযোগগুলোকে কাজে লাগাতে হবে।বিএনপির স্থায়ী কমিটির সদস্য মাহাবুবুর রহমান বলেন, এ সফরে যেসব চুক্তি হয়েছে, তাতে বাংলাদেশের নিরাপত্তা হুমকির মুখে। ভারতকে এভাবে নিরাপত্তা পরিষদের সদস্যপদের প্রার্থিতায় সরাসরি সমর্থন দিয়ে দেওয়া ঠিক হয়নি। তিনি বলেন, বাংলাদেশের সবচেয়ে বড় হুমকি পানি। ভারত তিস্তার পানিবণ্টন নিয়ে কোনো কিছু বলেনি। অন্য নদীর পানিবণ্টন নিয়েও সমস্যা আছে। অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের সাবেক মহাসচিব আইরিন খান বলেন, বিএনপি ও আওয়ামী লীগের পররাষ্ট্রনীতি বিশ্লেষকেরা বিষয়টি নিয়ে বিতর্ক করলে ভালো হয়। সাবেক রাষ্ট্রদূত আশফাক আহমেদ বলেন, সীমান্তে বাংলাদেশি হত্যার বিষয়টি আলোচনায় এলে ভালো হতো। সাবেক রাষ্ট্রদূত হারুনুর-রশিদ বলেন, এ সফর দুই দেশে জমে থাকা অবিশ্বাস ও সন্দেহ দূর করেছে। সে কারণেই সফরটি ইতিবাচক। সাবেক কূটনীতিক জামিল মজিদ বলেন, দুই দেশের দ্বিপক্ষীয় বিষয়গুলো দলীয় দৃষ্টিকোণ থেকে না দেখে জাতীয় দৃষ্টিকোণ থেকে দেখা উচিত। ইন্দো-বাংলাদেশ চেম্বার অব কমার্সের সভাপতি আবদুল মাতলুব আহমাদ বলেন, ভারতীয় ব্যবসায়ীরা বাংলাদেশে বিনিয়োগ করতে আগ্রহ প্রকাশ করেছেন। বিষয়টি উত্সাহব্যঞ্জক। সিপিবির সভাপতি মুজাহিদুল ইসলাম সেলিম বলেন, যেসব বিষয় নিয়ে সমঝোতা হয়েছে, সেগুলো বাস্তবায়ন করতে সময় লেগে যাবে। তাই এমন সফর আরও আগেই করা উচিত ছিল। তাতে বাংলাদেশ আরও লাভবান হতো। বিএনপির উপদেষ্টা পরিষদের সদস্য ও জাতীয় প্রেসক্লাবের সভাপতি শওকত মাহমুদ বলেন, বাংলাদেশে কেবল ভারত বিরোধিতা হয়, সেটি নয়, ভারতেও বাংলাদেশের বিরোধিতা হয়। তাদের গণমাধ্যমগুলো বাংলাদেশ নিয়ে নেতিবাচক খবর প্রকাশ করে। তিনি দাবি করেন, ভারত চায়নি বলেই এত দিন যৌথ নদী কমিশনের (জেআরসি) বৈঠক হয়নি। তিনি বলেন, এ সফরে দেশের কী কী লাভ হবে, তার পাশাপাশি দেশের কী কী ক্ষতি হবে, সে গবেষণাও করা দরকার। প্রথম আলোর সম্পাদক মতিউর রহমান বলেন, একটি সফরকে শতভাগ সফল বা শতভাগ ব্যর্থ বলা—দুটোই চরম অবস্থান। তিনি বলেন, যেহেতু জনগণের একটি অংশের মধ্যে ভারতবিরোধী মনোভাব আছে, সেহেতু বিষয়টি নিয়ে ঐকমত্য হলেই ভালো হয়, অন্তত চেষ্টা করা দরকার। সে ক্ষেত্রে প্রধানমন্ত্রী বা পররাষ্ট্রমন্ত্রী ভারত সফরে যাওয়ার আগে বিরোধী দলের সঙ্গে কথা বলতে পারতেন। অথবা সংসদে বা পররাষ্ট্র মন্ত্রণালয়বিষয়ক সংসদীয় কমিটিতে আলোচনা হতে পারত। এখনো সেই সুযোগ আছে।অন্যান্যের মধ্যে আলোচনায় অংশ নেন সাংসদ মোস্তফা ফারুক মোহাম্মদ, এমসিসিআইয়ের সভাপতি আনিসুদ্দৌলা, সাংবাদিক জগ্লুল আহেমদ চৌধূরী, মেজর জেনারেল শেখ মো. মনিরুল ইসলাম, সাবেক রাষ্ট্রদূত আফসারুল কাদের প্রমুখ।