দলে দলে আসছে রোহিঙ্গারা, সীমান্তে উদ্বেগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মিয়ানমারের পশ্চিমাঞ্চলীয় রাখাইন রাজ্যে বৌদ্ধ সম্প্রদায়ের সঙ্গে সংখ্যালঘু রোহিঙ্গা সম্প্রদায়ের মধ্যে নতুন করে শুরু হওয়া দাঙ্গায় এ পর্যন্ত কমপক্ষে ৮২ জনের মৃত্যু হয়েছে বলে খবর পাওয়া গেছে। অগ্নিকাণ্ডের ঘটনায় কয়েক হাজার রোহিঙ্গা গৃহহীন হয়ে পড়েছে। তারা আশ্রয়ের জন্য ট্রলার ও নৌকায় করে বাংলাদেশে অনুপ্রবেশের চেষ্টা চালাচ্ছে।স্থানীয় সূত্রে জানা গেছে, গত শনিবার ৪০টির বেশি ট্রলারে করে প্রায় তিন হাজার রোহিঙ্গা টেকনাফে অনুপ্রবেশের চেষ্টা করে। সেন্ট মার্টিন দ্বীপ সীমানা থেকে তাদের আটকের পর মিয়ানমারে ফেরত পাঠানো হয়েছে। উখিয়া ও টেকনাফ সীমান্ত দিয়ে গত দুই দিনে ৬০ জন রোহিঙ্গাকে পুশব্যাক করা হয়েছে। সীমান্তের বিভিন্ন পয়েন্ট দিয়ে নতুন করে রোহিঙ্গা আসতে থাকায় টেকনাফ সীমান্তের মানুষ উদ্বিগ্ন। তারা চান না আর কোনা রোহিঙ্গা বাংলাদেশে অনুপ্রবেশ করুক। বর্তমানে টেকনাফ সীমান্তের বাসিন্দাদের মধ্যে আলোচনার মূল বিষয় রোহিঙ্গা ইস্যু।উপজেলার শাহপরীর দ্বীপ বাজারপাড়ার স্কুলশিক্ষক করিম উল্লাহ (৪০) বলেন, ১৯৯১ সালের পর থেকে টেকনাফের বিভিন্ন স্থানে অনুপ্রবেশ করে অবৈধ বসতি গড়েছে কমপক্ষে দুই লাখ রোহিঙ্গা। পুরো জেলায় রোহিঙ্গার সংখ্যা প্রায় পাঁচ লাখ। জেলার শ্রমবাজার এখন রোহিঙ্গাদের দখলে। ফলে স্থানীয় কয়েক হাজার শ্রমজীবী মানুষ বেকার হয়ে পড়েছেন। এখন যদি নতুন করে রোহিঙ্গাদের আশ্রয় দেওয়া হয়, তবে স্থানীয় বাসিন্দারা ক্ষতির সম্মুখীন হবে এবং রোহিঙ্গাদের মিয়ানমারে ফেরত পাঠানো সম্ভব হবে না। কারণ, সে দেশের সরকার রোহিঙ্গাদের নাগরিক বলে স্বীকার করে না।টেকনাফ উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. শফিক মিয়া বলেন, রোহিঙ্গা নিয়ে এখানকার মানুষ চরম উদ্বিগ্ন। উপজেলার সাবরাং ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান হামিদুর রহমান ও সেন্ট মার্টিন ইউপির চেয়ারম্যান নুরুল আমিন বলেন, ২৬ অক্টোবর রাতে মিয়ানমারের প্রায় তিন হাজার রোহিঙ্গা ৪০টিরও বেশি ট্রলার নিয়ে টেকনাফে অনুপ্রবেশের চেষ্টা করে। এ সময় নৌবাহিনী ও কোস্টগার্ডের সদস্যরা তাদের আটক করে মিয়ানমারে ফেরত পাঠান।টেকনাফ রোহিঙ্গা অনুপ্রবেশ প্রতিরোধ কমিটির সভাপতি মোজাম্মেল হক বলেন, একসময় টেকনাফের মানুষ মুসলমান হিসেবে রোহিঙ্গাদের আশ্রয় দিয়েছে। পরে রোহিঙ্গারা চুরি-ডাকাতি, মাদক পাচারসহ বিভিন্ন অপরাধে জড়িয়ে পড়ায় তারা স্থানীয় ব্যক্তিদের কাছে ‘বিষফোড়া’ হয়ে দাঁড়িয়েছে। তিনি বলেন, ‘আমরা আর কোনো রোহিঙ্গাকে বাংলাদেশে ঠাঁই দিতে রাজি নই; বরং টেকনাফ, উখিয়া ও কক্সবাজারের বিভিন্ন স্থানে বসবাসরত প্রায় পাঁচ লাখ রোহিঙ্গাকে মিয়ানমারে ফেরত পাঠানোর দাবিতে আমরা আন্দোলন শুরু করছি।’সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, বর্তমানে টেকনাফের নয়াপাড়া এবং উখিয়ার কুতুপালং পাহাড়ে প্রায় ৩০ হাজার রোহিঙ্গা শরণার্থীর বসতি রয়েছে। এই দুটি শিবিরের বাইরে সরকারি পাহাড় দখল করে বসতি করছে আরও দুই লাখের বেশি রোহিঙ্গা। এদেরও শরণার্থীর মর্যাদা দিয়ে বাংলাদেশে স্থায়ীভাবে রাখার জন্য সরকারকে চাপ দিয়ে আসছে বিভিন্ন দাতা সংস্থা ও আন্তর্জাতিক সংগঠন।কক্সবাজারের জেলা প্রশাসক মো. রুহুল আমিন বলেন, ‘নতুন করে মিয়ানমারে জাতিগত দাঙ্গা শুরু হলেও কোনো রোহিঙ্গাকে আমরা বাংলাদেশ অনুপ্রবেশের সুযোগ দেব না। সরকারের শীর্ষ মহল থেকে এ ব্যাপারে কড়া নির্দেশনা রয়েছে। রোহিঙ্গা অনুপ্রবেশ ঠেকাতে সেন্ট মার্টিন দ্বীপ সাগরে নৌবাহিনী, কোস্টগার্ড, টেকনাফ ও উখিয়া সীমান্তে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও পুলিশকে সতর্ক প্রহরায় রাখা হয়েছে।কক্সবাজারের ১৭ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মো. খালেকুজ্জামান বলেন, রোহিঙ্গা অনুপ্রবেশ ঠেকাতে সীমান্তে নিরাপত্তা জোরদার করা হয়েছে। বাংলাদেশ অনুপ্রবেশের সময় ধরা পড়া রোহিঙ্গাদের পুনরায় মিয়ানমারে ফেরত পাঠানো হচ্ছে। এ নিয়ে উদ্বেগের কোনো কারণ নেই।