দলের আয়-ব্যয়ের হিসাব দেওয়ার সময়সীমা দুই মাস বাড়িয়েছে ইসি
রাজনৈতিক দলের আয়-ব্যয়ের হিসাব জমা দেওয়ার সময়সীমা দুই মাস বাড়িয়েছে নির্বাচন কমিশন (ইসি)। আজ মঙ্গলবার কমিশন বৈঠক শেষে নির্বাচন কমিশনার মুহাম্মদ ছহুল হোসাইন এ তথ্য জানান। রাজনৈতিক দলের নিবন্ধন বিধিমালা অনুযায়ী ৩১ জুলাইয়ের মধ্যে দলগুলোর আগের পঞ্জিকা বছরের আয়-ব্যয়ের হিসাব জমা দেওয়ার কথা। কিন্তু গত গত ১ আগস্ট পর্যন্ত নিবন্ধিত ৩৮টি দলের মধ্যে ক্ষমতাসীন দল আওয়ামী লীগসহ ১৮টি দল বার্ষিক আয়-ব্যয়ের হিসাব জমা দিতে ব্যর্থ হয়। এ কারণে ওই দিন আওয়ামী লীগসহ আরও আটটি দল ইসির কাছে সময়সীমা বাড়ানোর আবেদন জানায়।নির্বাচন কমিশনার ছহুল হোসাইন বলেন, যেসব দল হিসাব জমা দিতে ব্যর্থ হয়েছে, তাদের দুই মাস সময় দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এ সময়ের মধ্যে তাদের আয়-ব্যয় বিবরণী জমা দিতে হবে। সময় বাড়ানোর সিদ্ধান্তে আইনগতভাবে কোনো সমস্যা হবে না বলেও জানিয়েছেন নির্বাচন কমিশনার। প্রসঙ্গত, গত ২১ জুলাই বার্ষিক আয়-ব্যয়ের হিসাব জমা দেওয়ার সময়সীমা বাড়ানোর আবেদন জানিয়েছিল জামায়াতে ইসলামী। এ বিষয়ে ২৬ জুলাই ইসি দলটিকে চিঠি দিয়ে সময়সীমা বাড়ানো সম্ভব নয় বলে জানিয়েছিল।