দলের চেয়ারম্যান পুনর্নিবাচিত ইমরান খান
সাবেক ক্রিকেটার ইমরান খান তাঁর রাজনৈতিক দল পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) চেয়ারম্যান পুনর্নিনির্বাচিত হয়েছেন। বার্তা সংস্থা পিটিআই জানায়, গতকাল বুধবার লাহোরে দলের নেতা নির্বাচনে এই ভোট অনুষ্ঠিত হয়। এতে বিনা প্রতিদ্বন্দ্বিতায় ইমরান খান দলের চেয়ারম্যান পুনর্নির্বাচিত হন।গণমাধ্যমকে ইমরান খান বলেন, দুই মেয়াদের বেশি কেউ পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের চেয়ারম্যান থাকতে পারবেন না। এই পদক্ষেপ দলকে এক পরিবারের নিয়ন্ত্রণের বাইরে রাখবে। রাজনীতিতে পরিবারতন্ত্র দূর করতে প্রতিটি রাজনৈতিক দলের ভেতরে নির্বাচন করার আহ্বান জানান তিনি। ইমরান খান আরও বলেন, ২৩ মার্চ লাহোরে একটি জনসভা করার পর জামায়াত-ই-ইসলামির সঙ্গে আসন্ন নির্বাচনের আসনবিন্যাস নিয়ে আলোচনা করবে পিটিআই। আগামী ১১ মে পাকিস্তানে সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হবে। গতকাল প্রেসিডেন্ট আসিফ আলী জারদারি এ তারিখ ঘোষণা করেন। নির্বাচন সুষ্ঠু ও নিরপেক্ষ করতে শিগগিরই তত্ত্বাবধায়ক সরকার গঠনের দাবি জানিয়েছেন ইমরান খান।