দলের জয়ই বড় কথা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

৪ ও ২ রান—আমি স্বপ্নেও ভাবিনি বিশ্বকাপ আমার এভাবে শুরু হবে। তবে কথা হচ্ছে দলের ফলের চেয়ে কখনো যদি ব্যক্তিগত ব্যাপার নিয়ে বেশি চিন্তা করা হয়, তা হলে মূল বিষয়টাই হারিয়ে যায়। আর এতে সমস্যাই ডেকে আনা হয়। তবু দলের জন্যই কখনো কখনো আপনাকে নিজের অবদান রাখার প্রতি মনোযোগী হতে হবে। ক্রিকেট যে দলীয় খেলা, খেলোয়াড়দের এটা ভুলে গেলে চলবে না। ম্যাচের ফল আলাদা কোনো খেলোয়াড়ের নয়। হার বা জিত—ফলটা একাদশের, পুরো স্কোয়াডের। বিশ্বকাপে তো এই ফলটা পুরো দেশেরই। এসব বিবেচনা করে এক দিক দিয়ে আমি খুশি। হল্যান্ডের বিপক্ষে বল হাতে তো দলের জয়ে অবদান রাখতে পেরেছি। আমি যেকোনো সময়ের চেয়ে বেশি ফিট আছি এবং বোলিং আক্রমণে পুরোদস্তুর অবদান রাখতে পারছি, এর জন্য আমি যে কত রোমাঞ্চিত সে কথা কয়েক দিন আগেও বলেছি। আমি দলে তৃতীয় পেসারের কাজ করছি। তবে শুধু তিনজন পেসারই যখন খেলছে, তখন আমি তৃতীয় পেসার কি না এ ব্যাপারে ঠিক নিশ্চিত নই। আরেকটা ম্যাচও আমরা তিনজন স্পিনার নিয়ে খেললাম এবং এতে কাজও হয়েছে। কিন্তু এখনো আমাদের অনেক বিকল্প আছে এবং আমি নিশ্চিত যে প্রতিটি ম্যাচের আগে পরিকল্পনা নিয়ে নতুন করে ভাবা হবে। দারুণ একটি দিনে কালো দাগ ছিল আমার বলে মরনে মরকেলের ক্যাচ ফেলে দেওয়া (হল্যান্ডের বিপক্ষে ম্যাচে)। কিন্তু মেঘের আড়ালে সূর্যের হাসি থাকে। আমার তো মরনের কাছে দুই বোতল দক্ষিণ আফ্রিকার সেরা ওয়াইন পাওনা হয়ে গেল। দেশে গেলেই সেটা পেয়ে যাব। তবে বলটি নিচের দিকে পড়ার সময় ঘুরছিল। বলটা যে ওর (মরনে মরকেল) মাথায় লাগেনি, এতেই আমি খুশি।হল্যান্ডের বিপক্ষে ম্যাচের আগে আমি সবাইকে একটা কথাই বলেছি, অন্য সব দলকে যেমন সমীহ করি, আয়ারল্যান্ডকেও আমরা তা-ই করব। সহজে জয়ে পেয়ে যাব, এই ভাবনাকে মনে ঠাঁই-ই দেওয়া যাবে না। ইংল্যান্ডের বিপক্ষে আয়ারল্যান্ড সেটাই দেখিয়েছে। আমরা সবাই ম্যাচটা দেখেছি এবং খেলা যত এগিয়েছে ততই মুগ্ধ হয়ে কেভিন ও’ব্রায়েনের রূপকথার ইনিংসটি দেখেছি। শ্বাসরুদ্ধকর ব্যাপার ছিল এটা এবং আমার বিশ্বাস আইরিশরা পুরো রাত ধরে জয়টা উপভোগ করেছে। আমি আয়ারল্যান্ডে ঘুরেছি এবং জানি ওরা অনেক আনন্দপ্রিয় জাতি। সেই অভিজ্ঞতা থেকেই আমার মনে হয় এখনো সেখানে উদ্যাপন চলছে। তবে আমার মতো আরও অনেকেই একটা বিষয় খেয়াল করেছে যে ইংল্যান্ডকে খুব ক্লান্ত লাগছিল। আমাদের কথায় ফিরি। দুই ম্যাচে এবি ডি ভিলিয়ার্স দুটি এবং হাশিম আমলা একটা সেঞ্চুরি করেছে। র্যাঙ্কিংয়ের শীর্ষ দুই ব্যাটসম্যান দেখিয়ে চলছে কেন তারা সেরাদের মধ্যে আছে। তবে দলের কেউ যদি এভাবে সেঞ্চুরি করতে থাকে এবং দলও জিতেই চলে তাহলে আমি ২ ও ৪ রান করে খুশিই থাকব।