দলের দুই পক্ষের হাতাহাতি, আটকা পড়লেন এরশাদ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জাতীয় পার্টির (জাপা) দুই পক্ষের কর্মীদের হাতাহাতির ঘটনায় দলের চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে আধা ঘণ্টা আটকা পড়েন। গতকাল শনিবার বিকেলে চট্টগ্রাম ক্লাবে নগর জাপার একটি ইফতার অনুষ্ঠানে যোগ দিতে এরশাদ চট্টগ্রামে পৌঁছালে এ ঘটনা ঘটে। জাপার নেতা কেন্দ্রীয় প্রেসিডিয়াম সদস্য সোলায়মান আলম শেঠ ও দক্ষিণ জেলা জাপার নেতা সামশুল আলমের পক্ষের কর্মীদের মধ্যে ওই হাতাহাতির ঘটনা ঘটে। ঘটনার পর এরশাদ ইফতার অনুষ্ঠানে যোগ দিয়ে প্রধান অতিথির বক্তব্য দেন। এ সময় তিনি বর্তমান নির্বাচন কমিশনকে বিতর্কিত বলে উল্লেখ করেন।প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, এরশাদ বিকেল চারটা ২০ মিনিটে রিজেন্ট এয়ারওয়েজের একটি বিমানে বিমানবন্দরে পৌঁছালে জাতীয় পার্টির কর্মীরা স্লোগান-পাল্টা স্লোগান দিতে থাকেন। এরশাদ বাইরে অপেক্ষমাণ গাড়িতে ওঠেন। এ সময় গাড়িতে দক্ষিণ জেলা জাপার সাবেক সভাপতি সামশুল আলম মাস্টার উঠতে চাইলে সোলায়মান আলম শেঠ বাধা দেন। ফলে দুই পক্ষের কর্মীদের মধ্যে উত্তেজনা দেখা দেয় এবং এ সময় তাঁদের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটে। পতেঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী শাহাব উদ্দিন আহমদ বলেন, ‘সামশু মাস্টার ও সোলায়মান শেঠের পক্ষের কর্মীদের একটু উত্তেজনা দেখা দেয়। পরে ঘটনা মিটমাট হলে এরশাদ সাহেব ইফতার পার্টির উদ্দেশে রওনা হন।’ঘটনা সম্পর্কে সামশুল আলম বলেন, ‘আমাকে চেয়ারম্যানের গাড়িতে উঠতে সোলায়মান শেঠ বাধা দিলে বিক্ষুব্ধ কর্মীরা তাঁকে টানাহেঁচড়া করেন। এ সময় তাঁর পাঞ্জাবি ছিঁড়ে যায়।’এ ব্যাপারে সোলায়মান শেঠের বক্তব্য পাওয়া যায়নি। চট্টগ্রাম ক্লাবে নগর জাতীয় পার্টি ইফতার অনুষ্ঠনের আয়োজন করে। নির্বাচন কমিশন বিতর্কিত: ইফতার অনুষ্ঠানে জাতীয় পার্টির চেয়ারম্যান এরশাদ বলেছেন, বর্তমান নির্বাচন কমিশন বিতর্কিত হয়ে গেছে। জনগণ এই কমিশনের ওপর আস্থা হারিয়ে ফেলেছে।আগামী নির্বাচন প্রসঙ্গে এরশাদ বলেন, ‘দেশ কোন পথে যাচ্ছে, আমরা জানি না। নির্বাচন হবে কি না, তা নিয়েও সংশয় রয়েছে।’ তিনি বলেন, ‘সরকার সংবিধানের ৯১ ধারা বাতিল করেছে। এতে বর্তমান সরকারের এমপি, মন্ত্রীরা নির্বাচনে রাষ্ট্রীয় সুযোগ-সুবিধা ভোগ করতে পারবেন। আর নির্বাচন হওয়ার বিষয়ে সংশয়ও বেড়ে গেছে।’ জাতীয় পার্টির চেয়ারম্যান বলেন, ‘আমরা কোনো পাতানো নির্বাচনে যাব না। নির্বাচন কমিশন যদি নিরপেক্ষভাবে কাজ করে আস্থা অর্জন করতে পারে, তাহলে আমরা নির্বাচনে অংশ নেব। নির্বাচনে ৩০০ আসনে জাতীয় পার্টি প্রার্থী দেবে।’নগর জাতীয় পার্টির সভাপতি সোলায়মান আলম শেঠের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য দেন আনিসুল ইসলাম মাহমুদ, কাজী ফিরোজ রশীদ, জিয়া উদ্দিন বাবলু প্রমুখ। এ সময় কল্যাণ পার্টির সভাপতি মেজর জেনারেল (অব.) সৈয়দ মো. ইবরাহীম, চট্টগ্রাম নগর বিএনপির সাধারণ সম্পাদক ডা. শাহদাত হোসেন প্রমুখও উপস্থিত ছিলেন।