দলের নতুন নেতৃত্ব ঠিক করছে জামায়াত
একাত্তরের মানবতাবিরোধী অপরাধের অভিযোগে চার শীর্ষস্থানীয় নেতার বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল গ্রেপ্তারি পরোয়ানা জারি করার পর প্রথমসারির আরও নেতা গ্রেপ্তার হওয়ার আশঙ্কা করছে জামায়াত। বর্তমানে গ্রেপ্তার হওয়া পাঁচ নেতা ছাড়াও দলের কেন্দ্রীয় নির্বাহী পরিষদের আরও অন্তত ছয় নেতার বিরুদ্ধে মুক্তিযুদ্ধের সময় পাকিস্তান সেনাবাহিনীকে সক্রিয় সহযোগিতা করার অভিযোগ আছে। ফলে তাঁরা গ্রেপ্তার হলে দলের নেতৃত্বে কারা আসবেন, তা মোটামুটি ঠিক করেছে জামায়াত।জামায়াতের আমির মতিউর রহমান নিজামী, সেক্রেটারি জেনারেল আলী আহসান মোহাম্মাদ মুজাহিদের গ্রেপ্তারের পর দলের দুই নেতাকে ভারপ্রাপ্ত আমির ও সেক্রেটারি হিসেবে নিয়োগ দেওয়া হয়। ভারপ্রাপ্ত আমির মকবুল আহমাদ এবং ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল এ টি এম আজহারুল ইসলামের বিরুদ্ধেও পাকিস্তান সেনাবাহিনীকে সহযোগিতা করার অভিযোগ আছে। কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য এ কে এম ইউসুফ, আবদুস সুবহান, আবু নাসের মোহাম্মদ আবদুজ জাহেদ ও মীর কাসেম আলী গ্রেপ্তার হলে কেন্দ্রীয় নির্বাহী কমিটির ১৫ সদস্যের মধ্যে ১১টি পদই শূন্য হবে। কেন্দ্রীয় কর্মপরিষদের সদস্যদের মধ্য থেকে এই পদগুলো পূরণ করা হতে পারে। তবে এ নিয়ে আগে থেকেই গণমাধ্যমের কাছে নাম প্রকাশ করে কিছু বলতে রাজি নন দলের নেতারা।জানতে চাইলে জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল মুজিবুর রহমান প্রথম আলোকে বলেন, জামায়াতের নেতৃত্ব গঠনতন্ত্র অনুযায়ী হবে। মজলিসে শুরা বা কর্মপরিষদের মাধ্যমে দায়িত্ব দেওয়া হবে। তিনি বলেন, সেক্রেটারি ও সহকারী সেক্রেটারি জেনারেল নিয়োগের বিষয়ে দলের আমিরকে ক্ষমতা দেওয়া হয়েছে। তিনি যা ভালো মনে করবেন তাই হবে।নতুন ভারপ্রাপ্ত আমির ও সেক্রেটারি জেনারেল প্রস্তুত: বর্তমান ভারপ্রাপ্ত আমির মকবুল আহমাদ ও ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল এ টি এম আজহারুল ইসলাম গ্রেপ্তার হলে কারা এই পদগুলোতে আসবেন, তা মোটামুটি ঠিক করা হয়েছে। দলের সূত্র জানিয়েছে, মকবুল আহমাদ গ্রেপ্তার হলে দুই নায়েবে আমির নাজির আহমেদ বা রফিউদ্দিন আহমদের মধ্য থেকে একজনকে ভারপ্রাপ্ত আমিরের দায়িত্ব দেওয়া হবে এবং ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেলের দায়িত্ব পেতে পারেন দুই সহকারী সেক্রেটারি জেনারেল মুজিবুর রহমান বা শফিকুর রহমানের একজন। মুজিবুর রহমানের কাছে এ বিষয়ে জানতে চাইলে কিছু বলতে রাজি হননি তিনি। কেন্দ্রীয় কর্মপরিষদের সদস্য সৈয়দ আবদুল্লাহ্ মোহাম্মদ তাহের বলেন, কাউকে ধরার আগে এ নিয়ে কথা বলার কি সুযোগ আছে? তবে দলের নেতৃত্বে শূন্যতার কোনো সুযোগ নেই। নিয়ম অনুসারে সবাই দায়িত্ব নেবেন। আমির পদে পরিবর্তন আসছে না: অবশ্য জামায়াতের আমির পদে এখনই পরিবর্তন আনতে রাজি নয় জামায়াত। গঠনতন্ত্র অনুযায়ী, দলের আমিরের পদ আকস্মিক শূন্য হলে বা তিনি দায়িত্ব পালনে অক্ষম হলে নায়েবে আমিরদের মধ্য থেকে একজনকে ভারপ্রাপ্ত আমির হিসেবে নিয়োগ দেওয়া হবে। ভারপ্রাপ্ত আমির ছয় মাসের মধ্যে নতুন আমির নির্বাচনের ব্যবস্থা নেবেন। তবে মজলিসে শুরা ভারপ্রাপ্ত আমিরের মেয়াদকাল আমিরের বাকি মেয়াদ পর্যন্ত বাড়াতে পারবেন। মতিউর রহমান নিজামী সর্বশেষ আমির নির্বাচিত হয়েছেন গত ডিসেম্বর মাসে। এই হিসেবে তাঁর এই পদে মেয়াদ আছে ২০১২ সালের ডিসেম্বর পর্যন্ত। ওই পর্যন্ত আর কাউকে আমির নিয়োগের সম্ভাবনা নেই বলে জামায়াতের সূত্র জানিয়েছে। তবে সেক্রেটারি, সহকারী সেক্রেটারি জেনারেল, কেন্দ্রীয় নির্বাহী পরিষদের শূন্যস্থান পূরণ করা হবে।বাড়াবাড়ি না করতে শিবিরকে নির্দেশ: দলের ছাত্র সংগঠন ইসলামী ছাত্রশিবির জামায়াত নেতাদের মুক্তির দাবিতে কঠোর কর্মসূচি দেওয়ার হুমকি দিয়ে বিভিন্ন সংবাদপত্রে বিজ্ঞাপন দিচ্ছে। তবে জামায়াতের নেতারা শিবিরকে বাড়াবাড়ি না করার নির্দেশ দিয়েছেন। জামায়াত এখনই সরকারের বিরুদ্ধে তেমন কোনো কর্মসূচি দিতে চাইছে না। আলোচনা, মতবিনিময় সভা করে তারা এই বিচারের বিরুদ্ধে কথা বলে যাবে। দেশে ইসলামী আন্দোলনকে দুর্বল করার জন্যই সরকার এসব করছে বলে প্রচারণা চালাবে তারা। জামায়াতের কেন্দ্রীয় কর্মপরিষদের সদস্য সাংসদ হামিদুর রহমান আযাদ প্রথম আলোকে বলেন, সরকার চাইছে জামায়াত উত্তেজিত হয়ে কিছু করে বসুক এবং সে ক্ষেত্রে জামায়াতকে বেকায়দায় ফেলার সুযোগ তৈরি হবে। জামায়াত সরকারকে এই সুযোগ দিতে চায় না।সহকারী সেক্রেটারি জেনারেল মুজিবুর রহমান প্রথম আলোকে বলেন, ‘সরকার চায় আমরা একটা কিছু ঘটাই আর সরকার আমাদের নিষিদ্ধ করবে। আমরা সে ফাঁদে পা দিচ্ছি না।’