দলের মনোনয়ন পেলেন রমনি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আসন্ন মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে রিপাবলিকান পার্টির আনুষ্ঠানিক মনোনয়ন পেয়েছেন মিট রমনি। গতকাল মঙ্গলবার ফ্লোরিডা অঙ্গরাজ্যের টাম্পায় অনুষ্ঠিত দলটির জাতীয় কংগ্রেসে তাঁর এ মনোনয়ন ঘোষণা করা হয়। বার্তা সংস্থা রয়টার্সের খবরে এ কথা জানানো হয়।এতে আগামী ৬ নভেম্বরের মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে ডেমোক্রেটিক দলের বর্তমান প্রেসিডেন্ট বারাক ওবামার সঙ্গে রিপাবলিকান দলের হয়ে মিট রমনিই প্রতিদ্বন্দ্বিতা করবেন। সাম্প্রতিক এক জরিপে দেখা গেছে, নির্বাচনে উভয়ের মধ্যে হাড্ডাহাড্ডি লড়াইয়ের সম্ভাবনা আছে।আনুষ্ঠানিক মনোনয়ন পাওয়ার পর রমনি বলেন, ‘আমার মতো মানুষকেই যুক্তরাষ্ট্রের দরকার। এই মানুষটি দেশকে ডোবাবে না।’প্রেসিডেন্ট নির্বাচনে দলের মনোনয়ন পেতে মিট রমনির এক হাজার ১৪৪ জন প্রতিনিধির সমর্থন প্রয়োজন ছিল। নিউ জার্সির মনোনয়ন ভোটের মাধ্যমে সব মিলিয়ে তিনি দুই হাজার ৬১ জন প্রতিনিধির সমর্থন পান। ঝড়ের কারণে এক দিন বিলম্বের পর গতকাল অনুষ্ঠিত দলের জাতীয় কংগ্রেসের মাধ্যমে রমনিকে আনুষ্ঠানিক মনোনয়ন দেওয়া হলো। কংগ্রেসে উপস্থিত দলটির সব অঙ্গরাজ্যের প্রতিনিধিরা ম্যাসাচুসেটসের এই সাবেক গভর্নরকে ভোট দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন। একই কংগ্রেস থেকে উইসকনসিনের কংগ্রেসম্যান পল রায়ানকে আনুষ্ঠানিকভাবে মিট রমনির রানিং মেট বা ভাইস প্রেসিডেন্ট প্রার্থী হিসেবে মনোনয়ন দেওয়া হয়েছে।রিপাবলিকান দলের জাতীয় কংগ্রেস থেকে বর্তমান প্রেসিডেন্ট বারাক ওবামার কড়া সমালোচনা করা হয়। বিশেষ করে ওবামার অর্থনৈতিক পদক্ষেপ, যথেষ্ট কর্মসংস্থান সৃষ্টি ও বাজেট ঘাটতির লাগাম টেনে ধরার ক্ষেত্রে ব্যর্থতা, বিতর্কিত স্বাস্থ্যসেবা বিল অনুমোদনের বিষয়ে ওবামার সমালোচনা করা হয়।ওবামার সমালোচনা করে মার্কিন প্রতিনিধি পরিষদের স্পিকার জন বোয়েনার বলেন, ‘তাঁর কাজের ইতিহাস তাঁর কথার মতোই ভাসাভাসা।’