দলের সঙ্গে মন্ত্রী ও সংসদ সদস্যদের দূরত্ব বাড়ছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দলের সঙ্গে মন্ত্রী ও সাংসদদের দূরত্ব সৃষ্টি হয়েছে বলে অভিযোগ করেছেন আওয়ামী লীগের তৃণমূলের নেতারা। তাঁরা বলেছেন, সাংসদেরা দলকে সময় দেন না, তাঁদের কাছে সংগঠনের গুরুত্ব কম। জনপ্রতিনিধিরা দলকে নিয়ন্ত্রণ করবেন, নাকি দল জনপ্রতিনিধিদের নিয়ন্ত্রণ করবে —সে সিদ্ধান্ত নিতে হবে। গতকাল শনিবার গণভবনে আওয়ামী লীগের কেন্দ্রীয় বর্ধিত সভার দ্বিতীয় অধিবেশনে তৃণমূলের নেতারা এসব কথা বলেন।তৃণমূলের নেতারা দল ও সরকারের মধ্যে সমন্বয়ের ওপর গুরুত্বারোপ করে বলেন, ‘অনেকে মনে করেন, ব্যক্তিগত পরিচিতি বা পারিবারিক ঐতিহ্যের জন্য নির্বাচনে জয়লাভ করেছেন। কিন্তু একবার মার্কা ছাড়া আসেন, তখন বুঝবেন। তৃণমূল হচ্ছে আওয়ামী লীগের প্রাণ।’ দলকে সংগঠিত করার জন্য মন্ত্রী-সাংসদদের তৃণমূল নেতাদের সঙ্গে একত্র হয়ে কাজ করার পরামর্শও দেন কয়েকজন। গণভবনে গতকাল আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদ, জাতীয় কমিটি, উপদেষ্টা পরিষদ, মন্ত্রিপরিষদ সদস্য, দলীয় সাংসদ, সহযোগী সংগঠনের নেতারা, সারা দেশের তৃণমূল নেতারা একত্র হন। বঙ্গবন্ধু হত্যা মামলার রায় কার্যকর হওয়ায় সবাই ছিলেন খুশির আমেজে। দলীয় সভানেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনা এ বিষয়ে ইঙ্গিত করে বলেন, ‘আমাদের একটা বড় বিজয় অর্জন হয়েছে। তাই বর্ধিত সভায় শেষ মুহূর্তে সবাইকে দাওয়াত করা হয়েছে। এটা একটা মিলনমেলায় পরিণত হয়েছে।’ তিনি তৃণমূল নেতাদের উদ্দেশে বলেন, ‘অনেকের মনে ক্ষোভ থাকতে পারে। এ রকম কিছু থাকলে বা অভিযোগ থাকলে পরে ব্যক্তিগতভাবে আমাকে বলবেন। আমি আপনাদের সময় দেব, প্রয়োজনীয় ব্যবস্থা নেব।’দুই পর্বের বর্ধিত সভা: সকাল ১০টায় আওয়ামী লীগের ধানমন্ডির কার্যালয়ে দলের কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের বৈঠকের মাধ্যমে বর্ধিত সভার আনুষ্ঠানিকতা শুরু হয়। এক ঘণ্টা চলার পর বৈঠকটি মুলতবি করে গণভবনে বর্ধিত সভা শুরু করা হয়। প্রধানমন্ত্রী শেখ হাসিনা জাতীয় পতাকা এবং সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলাম দলীয় পতাকা উত্তোলন করে বর্ধিত সভা উদ্বোধন করেন। তাঁরা মঞ্চে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে দলের পক্ষ থেকে পুষ্পস্তবক অর্পণ করেন। এ সময় সমবেত শিল্পীরা ‘এ দেশ ধন্য, জাতি ধন্য মুজিব তোমার জন্য’ গান পরিবেশন করেন। মঞ্চে আওয়ামী লীগের কার্যনির্বাহী সংসদের সদস্যরা বসেন। অপর পাশে সামনের আসনে দলীয় উপদেষ্টা পরিষদ ও মন্ত্রিসভার সদস্য এবং সাংসদেরা বসেন। বর্ধিত সভায় শোক প্রস্তাব উত্থাপন করেন দলের দপ্তর সম্পাদক ও গণপূর্ত প্রতিমন্ত্রী আবদুল মান্নান খান। এক মিনিট নীরবতা পালনের পর বঙ্গবন্ধু হত্যা মামলার রায় কার্যকর হওয়ায় শোকরানা মোনাজাত করা হয়। স্বাগত বক্তব্যে সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফ ২০০৮ সালের ২৬ মের বর্ধিত সভার সিদ্ধান্তের কথা উল্লেখ করে বলেন, আওয়ামী লীগ যে সিদ্ধান্ত নেয়, তা বাস্তবায়ন করে। তিনি দলীয় সদস্য সংগ্রহ অভিযানে নারী ও নতুন প্রজন্মের ভোটারদের সদস্য করার জন্য তৃণমূল নেতাদের প্রতি আহ্বান জানান। এরপর শেখ হাসিনার সভাপতির বক্তৃতার মাধ্যমে বর্ধিত সভার প্রথম পর্ব শেষ হয়। প্রধানমন্ত্রী বঙ্গবন্ধুর পলাতক খুনিদের দেশে ফিরিয়ে আদালতের রায় কার্যকর করার ব্যাপারে প্রত্যয় ব্যক্ত করেন। তিনি বলেন, ‘আমি বেঁচে থাকলে জেলহত্যা, যুদ্ধাপরাধীদের বিচার, ২১ আগস্টের গ্রেনেড হামলা এবং বিডিআর বিদ্রোহে সেনা কর্মকর্তাদের হত্যাকাণ্ডের বিচার হবে। কোনো অন্যায় ও সন্ত্রাসকে প্রশ্রয় দেওয়া হবে না। জঙ্গিবাদকে প্রশ্রয় দেওয়া হবে না।’ মধ্যাহ্ন বিরতি ও খাওয়া-দাওয়ার পর শেখ হাসিনার পরিচালনায় দ্বিতীয় অধিবেশন শুরু হয়। এ অধিবেশনে কেবল কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের সদস্য, জাতীয় কমিটির সদস্য এবং জেলা ও উপজেলা কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন। দলীয় উপদেষ্টামণ্ডলীর সদস্য আমির হোসেন আমু, আবদুর রাজ্জাক, তোফায়েল আহমেদ, সুরঞ্জিত সেনগুপ্ত ও আব্দুল জলিল প্রথম পর্বে থাকলেও দ্বিতীয় পর্বে ছিলেন না। শেখ হাসিনার সমাপনী বক্তব্যের মাধ্যমে বিকেল সাড়ে পাঁচটায় দ্বিতীয় পর্ব শেষ হয়। বর্ধিত সভায় জেলা কমিটির পক্ষ থেকে কেন্দ্রের কাছে সাংগঠনিক প্রতিবেদন জমা দেওয়া হয়। সন্ধ্যার পর আওয়ামী লীগ কার্যনির্বাহী সংসদের মুলতবি বৈঠক হয়। ঘণ্টাখানেক পর নির্বাহী সংসদের বৈঠকের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে বর্ধিত সভা শেষ হয়।সদস্যপদ নবায়ন ও সদস্য সংগ্রহ অভিযান উদ্বোধন: বর্ধিত সভায় শেখ হাসিনা নিজের সদস্যপদ নবায়নের মাধ্যমে দলের সদস্যপদ নবায়ন ও সদস্য সংগ্রহ অভিযান উদ্বোধন করেন। তিনি পাঁচ টাকার ফরমে দস্তখত করে সদস্যপদ নবায়ন করেন। সদস্য সংগ্রহ অভিযান দুই মাস চলবে। তৃণমূল নেতাদের যত অভিযোগ: দ্বিতীয় পর্বে সাত বিভাগ থেকে জেলা পর্যায়ের সাতজন এবং উপজেলা পর্যায়ের সাতজনকে বক্তব্যের সুযোগ দেওয়া হয়। এ পর্ব পরিচালনা করেন শেখ হাসিনা। তৃণমূল নেতাদের কিছু অভিযোগের তাত্ক্ষণিক জবাবও দেন তিনি। নাটোরের সভাপতি সাজেদুর রহমান বলেন, ‘অনেকেই বলেন, আওয়ামী লীগ ক্ষমতায় গেলে সাংগঠনিকভাবে দুর্বল হয়ে যায়। এটা ঠিক নয়। তবে দলকে পাশ কাটিয়ে কাউকে নিজস্ব বলয় তৈরির সুযোগ দেওয়া যাবে না।’ তিনি বলেন, পূজার জন্য মূর্তি বানানো হয়, আবার বিসর্জনও দেওয়া হয়। বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা বিনির্মাণে দল বা সরকারের কারও কোনো শৈথিল্য থাকলে তাকেও বিসর্জন দিতে হবে। হবিগঞ্জের সভাপতি মুশফিকুর রহমান জেলা পরিষদ, সিটি করপোরেশন, পৌরসভা ও ইউনিয়ন পরিষদ নির্বাচনের দাবি করেন। তিনি জেলা ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও সাধারণ সম্পাদকদের সচিবালয় ও প্রধানমন্ত্রীর কার্যালয়ে প্রবেশের জন্য বিশেষ পাসের ব্যবস্থা করার দাবি জানান। মেহেরপুর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মিয়াজান আলী সাংসদদের উদ্দেশে বলেন, ‘আপনারা দলের সাংসদ হোন। সংগঠনকে আগে দেখেন। নেতাদের মূল্যায়ন করেন।’ তিনি বলেন, সাংসদেরা মনে করেন, একা একা সাংসদ হয়ে গেছেন। দল ছাড়া একা সাংসদ হতে পারলে জিয়াও কেবল হুইসেল বাজিয়ে স্বাধীনতার ঘোষক হতে পারতেন। পিরোজপুর জেলা আওয়ামী লীগের সভাপতি আকরাম হোসেন বলেন, দলকে সুসংগঠিত করতে হলে সাংসদদের তৃণমূল নেতাদের সঙ্গে একত্রে কাজ করতে হবে। তিনি মাসে এক দিন তৃণমূল নেতাদের কথা শোনার জন্য শেখ হাসিনাকে অনুরোধ করেন। জবাবে শেখ হাসিনা বলেন, ‘প্রতিদিন কোনো না কোনো জেলার নেতাদের সঙ্গে আমার কথা হয়। তা ছাড়া প্রতি শনিবার বিকেলে সংগঠনের নেতাদের কথা শুনব।’ গাজীপুর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আজমত উল্লাহ খান বলেন, ‘নেত্রী ডিজিটাল গতিতে চললেও আমরা অ্যানালগ গতিতে আছি। এক বছর পার হয়ে গেল। দিন বদল করতে হলে প্রতি মাস, ঘণ্টা, মিনিট ও সেকেন্ড হিসাব করে চলতে হবে।’ আজমত উল্লাহ খান বলেন, দলের সঙ্গে সরকারের সমন্বয় কতটুকু, সে বিষয়টি চিন্তাভাবনা করতে হবে। জনপ্রতিনিধিরা দলকে নিয়ন্ত্রণ করবেন, নাকি দল জনপ্রতিনিধিদের নিয়ন্ত্রণ করবে—সে সিদ্ধান্ত নিতে হবে। তিনি দলের নেতৃত্বে সব কার্যক্রম পরিচালিত করার আহ্বান জানান। আজমত উল্লাহ খান অভিযোগ করেন, দল ক্ষমতায় গেলেও তৃণমূল নেতারা ক্ষমতায় আছেন কি না, সেটা উপলব্ধি করতে পারছেন না। তাত্ক্ষণিক জবাবে শেখ হাসিনা বলেন, ‘আমরা ক্ষমতায় আছি—এই ভাব যত কম দেখানো যাবে, ততই মঙ্গল। বিএনপি-জামায়াত জোট ক্ষমতার দাপট দেখিয়ে দুর্নীতি আর লুটপাট করে দেশের ক্ষতি করেছে। পরিণতি কী, তা তো দেখতে পাচ্ছেন।’ উপজেলা পরিষদ সম্পর্কে তিনি বলেন, মাত্র উপজেলা পরিষদ হয়েছে। একটা প্রক্রিয়া দাঁড় করাতে সময় লাগে। চর্চার মাধ্যমে এটা কার্যকর হবে। তিনি উপজেলা চেয়ারম্যানদের একটু ধৈর্য ধরার পরামর্শ দিয়ে বলেন, ‘এত কাজ দেব যে তখন সময়ই পাবেন না।’ জেলা পরিষদ গঠন করা হবে বলেও তিনি জানান। বান্দরবানের সাধারণ সম্পাদক কাজী মজিবুর রহমান বলেন, দলের সঙ্গে সরকারের দূরত্ব সৃষ্টি হয়েছে। মন্ত্রী-সাংসদদের তৃণমূল নেতাদের মূল্যায়ন করতে হবে।উপজেলা নেতাদের মধ্যে সিলেট সদর উপজেলার সাধারণ সম্পাদক শেখ নিজাম উদ্দিন বলেন, প্রশাসনের আচরণে মনে হয়, চারদলীয় জোট সরকার ক্ষমতায়। এই সিন্ডিকেট ভাঙতে হবে। সৈয়দপুর উপজেলার সাধারণ সম্পাদক আওলাদ হোসেন বলেন, মন্ত্রী-সাংসদদের সঙ্গে তৃণমূলের দূরত্ব সৃষ্টি হয়েছে। দল ও সরকারকে আলাদা করতে হবে। দশমিনা উপজেলার সভাপতি ও উপজেলা চেয়ারম্যান বলেন, ‘সাংসদের সঙ্গে আমার সমস্যা নেই। তবে উপজেলা চেয়ারম্যানকে যেন ইউএনওর অধীনে কাজ করতে না হয়।’ বগুড়ার ধুনট উপজেলার সভাপতি এ টি এম নূরুন্নবী বলেন, ‘বগুড়ায় দই আর বউ জনপ্রিয়। কিন্তু বগুড়ার বউ বগুড়াকে বিভাগ করতে না পারলেও রংপুরের বউ রংপুরকে বিভাগ করেছেন।’ প্রসঙ্গত, শেখ হাসিনার শ্বশুরবাড়ি রংপুরে এবং খালেদা জিয়ার বগুড়ায়। টাঙ্গাইল সদরের সাধারণ সম্পাদক বলেন, টেন্ডারবাজির জন্য দলের ভাবমূর্তি ক্ষুণ্ন হচ্ছে। তিনি আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণের দাবি করেন। শেখ হাসিনা: শেখ হাসিনা সমাপনী বক্তব্যে বলেন, ভবিষ্যতে কে মনোনয়ন পাবেন, তা নির্ভর করবে সংগঠনকে কতটুকু সময় দিয়েছেন তার ওপর। সাংসদদের ভুললে চলবে না যে তৃণমূলের মতামতের ভিত্তিতেই মনোনয়ন দেওয়া হয়। তিনি তৃণমূল নেতাদের বলেন, ‘মন্ত্রীর বাড়ি আর সচিবালয়ে ছোটাছুটি করার দরকার নেই। আপনারা কেবল উন্নয়নমূলক কাজগুলো তদারক করবেন।’