প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ‘আমার দলের এমপিরা আমার সঙ্গে যেকোনো সময় কথা বলতে পারেন। সংসদের লবিতে গিয়েও তাঁদের সঙ্গে কথা বলি। উনি হয়তো ওনার দলের নেতার (এইচ এম এরশাদ) সামনে কথা বলতে পারেন না, তাই এ অভিযোগ করছেন।’জাতীয় সংসদে গতকাল রোববার বাজেটের ওপর আলোচনায় জাতীয় পার্টির টি আই এম ফজলে রাব্বী চৌধুরীর বক্তব্যের জবাবে প্রধানমন্ত্রী এসব কথা বলেন।আলোচনায় অংশ নিয়ে ফজলে রাব্বী চৌধুরী বলেন, ‘বাজেট নিয়ে অনেক কিছুই বলার আছে। সরকারি দলের এমপিরা প্রধানমন্ত্রীর সামনে কথা বলার সাহস পান না। আমিও কিছুটা ভয় পাই। তবু আমি তাঁদের পক্ষ থেকে প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করছি। আমাদের নামের সামনে “মাননীয়” লেখা হয়। কিন্তু আমরা এমপিরা এলাকায় গিয়ে বসার কোনো জায়গা পাই না। ফেউয়ের মতো ঘুরে বেড়াই।’ তিনি প্রত্যেক সাংসদের জন্য নিজ এলাকায় অফিসের ব্যবস্থা করার দাবি জানান।ফজলে রাব্বীর উদ্দেশে স্পিকার আবদুল হামিদ বলেন, ‘সংসদ সদস্যরা কথা বলার সাহস পান না, এটা বোধহয় ঠিক না।’এরপর প্রধানমন্ত্রী ফ্লোর নিয়ে ফজলে রাব্বীর উদ্দেশে আরও বলেন, ‘প্রত্যেক সংসদ সদস্যকে তাঁর এলাকায় অফিস পরিচালনার জন্য নয় হাজার টাকা করে দেওয়া হয়। তাঁরা সে টাকা খরচ না করে পকেটে রেখে দিলে আমার কী করার আছে?’এর আগে সরকারের সমালোচনা করে ফজলে রাব্বী চৌধুরী বলেন, এ বাজেট গতানুগতিক। বাজেট বরাদ্দ খরচ করতে না-পারা মন্ত্রণালয়গুলোর জবাবদিহিতা নেই। তিনি বলেন, ‘শেয়ার কেলেঙ্কারি সরকারের ব্যর্থতার সবচেয়ে বড় খাত। এই ঘটনার বিচার না হলে আগামী নির্বাচনে নেতিবাচক প্রভাব পড়বে।’ ১৯৯৬ সালের শেয়ার কেলেঙ্কারির ঘটনা উল্লেখ করে তিনি আরও বলেন, ‘আওয়ামী লীগের সময়ই এমন কেন ঘটে, তা বুঝি না।’