দশ অঞ্চলের দশ কথা
এবার অনুষ্ঠানগুলো ফেলা হয়েছিল শুক্র-শনিবারে, যেন রাজনৈতিক ডামাডোল আমাদের বাধা দিতে না পারে। তবু শেষের অঞ্চলগুলো করতে গিয়ে আমাদের তারিখ পেছাতে হয়েছে। আর জাতীয় উৎসব পেছাতে হয়েছে সব আয়োজন চূড়ান্ত করার পর।শুরু হয়েছিল মৌলভীবাজার থেকে। বিশাল অডিটরিয়াম পেয়েছিলাম আমরা সেখানে। এই অডিটরিয়ামে কয়েক বছর আগেও আমরা ভাষা প্রতিযোগ করেছিলাম। সেবার ভালো হয়নি। এবার সব প্রতিযোগী দারুণ সুশৃঙ্খল থেকে অনুষ্ঠানটিকে জমিয়ে তুলেছিল।মৌলভীবাজার শেষ করে বিকেলেই আমরা রওনা দিলাম ব্রাহ্মণবাড়িয়ার উদ্দেশে। পরের দিন যে ওখানে অনুষ্ঠান। ভাষা প্রতিযোগের এটা নবম বছর। এর আগে কখনো ওখানে হয়নি। ব্রাহ্মণবাড়িয়ার আয়োজন দেখে কিন্তু মনে হয়নি তা। ওখানকার খাবার হোটেল আমাদের বিস্মিত করেছে। একেকজনকে প্লেট ভরে ভরে কুচি কুচি করে কাটা সালাদ দিয়ে যাচ্ছে। কোনো মানা নেই—যার যত লাগে নাও!পরের শুক্র-শনিবার ছিল ঢাকা-১ ও চট্টগ্রাম অঞ্চল। রাষ্ট্রপতির প্রয়াণে রাষ্ট্রীয় শোক ছিল তখন। আমরা অনুষ্ঠান করব কি না ভাবছিলাম। শেষ পর্যন্ত গান বাদ দিয়ে জাতীয় পতাকা অর্ধনমিত রেখে আমরা অনুষ্ঠান করলাম। এবারই প্রথম ঢাকাকে ভাগ করে দুটি অনুষ্ঠান হলো। পুরান ঢাকায় এর আগে ভাষা প্রতিযোগের আসর বসেনি কখনো। ঢাকা-১ শেষ করে চট্টগ্রামে রওনা দিলাম শুক্রবার বিকেলেই। পৌঁছালাম রাত তিনটায়। চট্টগ্রামে অনুষ্ঠানে আমাদের সঙ্গে ছিলেন একজন পাখি-বিশেষজ্ঞ। তাই পাখি নিয়ে শিক্ষার্থীদের কৌতূহলের অন্ত ছিল না। ওরা পাখি নিয়ে ৭০-৭৫টা প্রশ্ন লিখে জমা দিয়েছিল।পরের সপ্তাহে যশোর-বরিশাল। আমরা হরতাল বুঝে দল ছোট করে আকাশপথেই যশোরে রওনা দিলাম। যশোরে অবাক হয়েছি একই বন্ধুসভায় মা-মেয়েকে দেখে। ওরা রাতে রান্নার জন্য মুরগি কুটছিল একসঙ্গে। যশোর শেষ করে বরিশালে যেতে যেতে রাত হয়ে গেল। গিয়ে দেখি আমাদের আগেই এইচএসবিসির কর্মকর্তারা হোটেলের সব শীতাতপনিয়ন্ত্রিত কক্ষগুলো দখল করে ফেলেছেন! আর তাঁরা বরিশালে এসেছেন দল বেঁধে। ভাষা প্রতিযোগকে উৎসব হিসেবেই পালন করতে চান তাঁরা।এরপর ঢাকা-২। আসর বসল রেসিডেনসিয়াল মডেল কলেজে। হতাশ হতে হলো শিক্ষার্থীদের উপস্থিতি দেখে। হরতালের প্রভাব সবচেয়ে বেশি পড়ে এই দিন। তবে শিক্ষার্থীদের দুর্দান্ত প্রশ্ন আর শিক্ষকদের দারুণ সব উত্তরে অনুষ্ঠান ভালোই জমল। এরপর ছিল কিশোরগঞ্জের অনুষ্ঠান। কিন্তু সেটা পিছিয়ে চলে গেল পরের সপ্তাহে। ওখানে গিয়ে মুশকিলে পড়লাম। শিক্ষার্থীদের টিফিনের জন্য আমরা ছোট একটা দুধের প্যাকেট দিই। সেই প্যাকেট তো আসেনি! তখন জরুরি ভিত্তিতে ঢাকা থেকে দুধের প্যাকেট আনা হলো।সবশেষে বগুড়া-নীলফামারীর অনুষ্ঠানও পেছাতে হয়েছে। বগুড়া তো এবারের সেরা অঞ্চল হলো। আমাদের সঙ্গে থাকা এক শিক্ষককে বগুড়ায় ভাষা প্রতিযোগের পতাকা তুলতে বললাম। তিনি মজা করে বললেন, ‘আমার পোশাক সুন্দর না। ওই ম্যাডাম তুলুক।’ পরে ম্যাডামকে দিয়েই পতাকা তোলা হলো। বগুড়া শেষ করে মাইক্রোতে দল বেঁধে চলে গেলাম নীলফামারীতে। ব্রাহ্মণবাড়িয়ার মতো ওরাও ছিল নতুন। কিন্তু ওরা এবারের দ্বিতীয় সেরা অঞ্চল।