দশ ট্রাক অস্ত্র আটক মামলার শুনানি ২৫ অক্টোবর
দশ ট্রাক অস্ত্র আটক ও চোরাচালান মামলায় আসামিদের বিরুদ্ধে ২৫ অক্টোবর অভিযোগ গঠনের শুনানির দিন ধার্য করা হয়েছে। আজ সোমবার আসামিদের উপস্থিতিতে এ দিন ধার্য করা হয়। এ সময় তিনজন আসামির পক্ষে আদালতে জামিনের আবেদন করা হলে আদালত তা নাকচ করে দেন। চট্টগ্রাম বিশেষ ট্রাইব্যুনাল-১-এর বিচারক এস এম মজিবুর রহমান এ আদেশ দেন। জামিন আবেদনকারী তিন আসামি হলেন প্রতিরক্ষা মহাপরিদপ্তরের (ডিজিএফআই) সাবেক পরিচালক (পরে এনএসআইয়ের মহাপরিচালক হন) মেজর জেনারেল (অব.) রেজ্জাকুল হায়দার চৌধুরী, জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থার (এনএসআই) সাবেক উপপরিচালক লিয়াকত হোসেন এবং শ্রমিক সরবরাহকারী প্রতিষ্ঠানের ঠিকাদার দীন মোহাম্মদ। অন্যদিকে তত্কালীন স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুত্ফুজ্জামান বাবরের সঙ্গে কারাগারে দেখা করার জন্য তাঁর ১০ আইনজীবী আবেদন জানান। সরকারি পক্ষের কৌঁসুলি এর বিরোধিতা করে বলেন, এ-সংক্রান্ত আদেশ এখনো না হওয়ায় আইনজীবীরা কারাবিধি অনুযায়ী দেখা করতে পারেন না।প্রসঙ্গত, ২০০৪ সালের ১ এপ্রিল চট্টগ্রামের কর্ণফুলী নদীর তীরে রাষ্ট্রায়ত্ত সার কারখানা সিইউএফএলের জেটিতে খালাসের সময় ১০ ট্রাক অস্ত্রের চালান ধরা পড়ে।