দশ ট্রাক অস্ত্র আটক মামলার শুনানি ৮ আগস্ট
দশ ট্রাক অস্ত্র আটক মামলায় আসামিদের উপস্থিতি এবং পলাতক দুই আসামির ব্যাপারে পুলিশ প্রতিবেদনের জন্য ৮ আগস্ট পরবর্তী শুনানির দিন ধার্য করেছেন ট্রাইব্যুনাল। আজ সোমবার চট্টগ্রাম বিশেষ ট্রাইব্যুনাল-১-এর ভারপ্রাপ্ত বিচারক গোলাম সারওয়ার এ দিন ধার্য করেন।নতুন ১১ আসামির মধ্যে ভারতের বিচ্ছিন্নতাবাদী সংগঠন উলফার সামরিক প্রধান পরেশ বড়ুয়া এবং শিল্প মন্ত্রণালয়ের সাবেক অতিরিক্ত সচিব নুরুল আমিন এখনো পলাতক। বেলা ১১টা ২০ মিনিটের দিকে সাবেক শিল্পমন্ত্রী ও জামায়াত নেতা মতিউর রহমান নিজামী, সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবরসহ ১১ আসামিকে কারাগার থেকে চট্টগ্রাম বিশেষ ট্রাইব্যুনাল-১-এ হাজির করা হয়।১১টা ২৫ মিনিটে ট্রাইব্যুনালের বিচারকাজ শুরু হয়ে শেষ হয় ১২টা ২০ মিনিটে। জানা গেছে, চট্টগ্রাম কারাগারে নিরাপত্তাব্যবস্থা জোরদার করা হয়েছে। ১০ ট্রাক অস্ত্র আটক ও বিস্ফোরক মামলার সম্পূরক অভিযোগপত্র আদালতে দাখিল হওয়ার পর এই প্রথম নতুন ১১ আসামির মধ্যে নয়জনকে আদালতে হাজির করা হলো। প্রায় সাড়ে তিন বছর তদন্ত শেষে পুলিশের অপরাধ দমন বিভাগ (সিআইডি) গত ২ জুন আদালতে সম্পূরক অভিযোগপত্র দাখিল করে। নিজামী ও বাবর ছাড়া নতুন সাত আসামি হলেন—জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থার (এনএসআই) দুই সাবেক মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আবদুর রহিম, মেজর জেনারেল (অব.) রেজ্জাকুল হায়দার চৌধুরী, সাবেক পরিচালক উইং কমান্ডার (অব.) সাহাব উদ্দিন, সাবেক উপপরিচালক মেজর (অব.) লিয়াকত হোসেন, মাঠ কর্মকর্তা আকবর হোসেন খান, চট্টগ্রাম ইউরিয়া সার কারখানার (সিইউএফএল) সাবেক ব্যবস্থাপনা পরিচালক মোহসীন তালুকদার ও একই প্রতিষ্ঠানের সাবেক মহাব্যবস্থাপক (প্রশাসন) এনামুল হক। গত শনিবার তাঁদের ঢাকা থেকে চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারে আনা হয়।এর মধ্যে নিজামী, আবদুর রহিম, আকবর হোসেন, মোহসীন তালুকদার, এনামুল হক ও অস্ত্র খালাস করার জন্য শ্রমিক সরবরাহকারী দীন মোহাম্মদের পক্ষে জামিনের আবেদন করা হয়।আদালত এই ছয়জনের জামিন নামঞ্জুর করেন।