দশ ট্রাক অস্ত্র মামলা: তদন্তের সময় আরও দুই মাস বাড়ল
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চট্টগ্রাম ইউরিয়া সার কারখানার (সিইউএফএল) জেটিঘাটে দশ ট্রাক অস্ত্র আটক মামলার তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার সময় আগামী ২৬ সেপ্টেম্বর পর্যন্ত বৃদ্ধি করা হয়েছে। এ সময়ের মধ্যে মামলার অভিযোগপত্র জমা দেওয়ারও নির্দেশ দিয়েছেন আদালত। মামলার তদন্ত কর্মকর্তা (আইও) পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) সিনিয়র সহকারী পুলিশ সুপার (এএসপি) মনিরুজ্জামান চৌধুরীর আবেদনের পরিপ্রেক্ষিতে আজ রোববার দুপুরে চট্টগ্রামের ভারপ্রাপ্ত মহানগর দায়রা জজ ইনামুল হক ভূঁইয়া এ আদেশ দেন। ২৬ জুলাইয়ের মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার কথা ছিল। এ নিয়ে এ মামলার অধিকতর তদন্তের মেয়াদ নয়বার বাড়ানো হলো। প্রসঙ্গত, ২০০৪ সালের ১ এপ্রিল রাতে সিইউএফএলের জেটিঘাট থেকে দশ ট্রাক অস্ত্রের চালান আটক করা হয়। এ ঘটনায় অস্ত্র ও চোরাচালান আইনে পৃথক দুটি মামলা করা হয়।