দশ ট্রাক অস্ত্র মামলা: বাবরের জামিন নামঞ্জুর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দশ ট্রাক অস্ত্র আটক মামলায় সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুত্ফুজ্জামান বাবরের জামিন আবেদন নামঞ্জুর হয়েছে। আজ সোমবার শুনানির পর চট্টগ্রাম মহানগর হাকিম হুসাইন মুহাম্মদ ফজলুল বারী এই আদেশ দেন। একই আদেশে বাবরকে কারাবিধি অনুযায়ী চিকিত্সা দিতে কারা কর্তৃপক্ষকে নির্দেশ দেওয়া হয়। সহকারী কমিশনার (প্রসিকিউশন) নির্মলেন্দু বিকাশ চক্রবর্ত্তী এ প্রসঙ্গে প্রথম আলোকে জানান, বাবরের আইনজীবীরা ১৫ ডিসেম্বর রাতে তাঁর জামিন আবেদনসহ দুটি দরখাস্ত আদালতে জমা দেন। মহানগর হাকিম শুনানির পর তা নিষ্পত্তি করেছেন। জানা গেছে, প্রথম দফায় বাবরকে গত ৭ থেকে ১১ নভেম্বর রাজধানীর মালিবাগে সিআইডি কার্যালয়ে জিজ্ঞাসাবাদ করা হয়। ১০ ট্রাক অস্ত্র আটক মামলায় তাঁকে গ্রেপ্তার দেখানো হয় গত ৩ অক্টোবর। দ্বিতীয় দফায় আবার পাঁচ দিন রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ শেষে তাঁকে ১৫ ডিসেম্বর রাতে চট্টগ্রাম মহানগর হাকিম আদালতে হাজির করা হয়। ওই দিন জামিন ও সুচিকিত্সার জন্য একটি আবেদন করেন তাঁর আইনজীবীরা। আজ এ বিষয়ে শুনানির পর আদালত তাঁর জামিন আবেদন নামঞ্জুর করেন।তদন্ত সূত্র জানায়, ২০০৪ সালের ১ এপ্রিল রাতে সিইউএফএল জেটিঘাট থেকে ১০ ট্রাক অস্ত্র আটক করা হয়। উত্তর-পূর্ব ভারতের বিচ্ছিন্নতাবাদী সংগঠন উলফার জন্য অস্ত্রগুলো আনা হয় বলে বিভিন্ন সাক্ষীর বক্তব্যে জানা গেছে। বিগত বিএনপি-জামায়াত জোট সরকারের আমলে ১০ ট্রাক অস্ত্র মামলার তদন্ত বেশি দূর এগোতে পারেনি। বিগত তত্ত্বাবধায়ক ও বর্তমান সরকারের আমলে অধিকতর তদন্ত শুরু হয়। পরে এ মামলায় কয়েকজন প্রভাবশালী কর্মকর্তা আদালতে জবানবন্দি দেন। তাঁরা ঘটনাটি ধামাচাপা দিতে বাবর ও সাবেক স্বরাষ্ট্রসচিব ওমর ফারুককে দায়ী করেন।