দশ ট্রাক অস্ত্র মামলায় বাবরের জামিন নাকচ
চট্টগ্রাম ইউরিয়া সার কারখানার (সিইউএফএল) জেটিঘাটে ১০ ট্রাক অস্ত্র আটকসংক্রান্ত অস্ত্র ও চোরাচালান মামলায় সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুত্ফুজ্জামান বাবরের জামিন আবেদন নামঞ্জুর করেছেন চট্টগ্রাম মহানগর হাকিম মোহাম্মদ মাহাবুবুর রহমান। আজ বুধবার বাবরের পক্ষে তাঁর কৌঁসুলিরা এই জামিনের আবেদন করেন। আদালত একই আদেশে আগামী ১ নভেম্বর বাবরকে আদালতে হাজির করার নির্দেশ দেন। ওই দিন তাঁর রিমান্ড শুনানির দিন ধার্য করা হয়েছে। আদালত সূত্র জানায়, অসুস্থতার কারণে সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী বাবরকে চট্টগ্রাম মহানগর হাকিম আদালতে হাজির করা হয়নি। হাইকোর্ট তাঁর শারীরিক অবস্থা জানাতে বঙ্গবন্ধু মেডিকেল বিশ্ববিদ্যালয়ের কর্তৃপক্ষকে নির্দেশ দিয়েছেন। প্রসঙ্গত, দুই সপ্তাহের মধ্যে পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) রিমান্ডের আবেদন স্থগিত রাখার আদেশ দেন হাইকোর্ট। গতকাল মঙ্গলবার হাইকোর্টে এ-সংক্রান্ত শুনানি হয়। আজ বাবরের রিমান্ড শুনানির দিন ধার্য ছিল। এর আগে ৩ অক্টোবর তাঁকে ১০ ট্রাক অস্ত্র আটক মামলায় গ্রেপ্তার দেখানোর আদেশ দেন চট্টগ্রাম মহানগর হাকিম হুসাইন মুহাম্মদ ফজলুল বারী । জামিন শুনানির বিরোধিতা করে চট্টগ্রাম মহানগর পুলিশের সহকারী কমিশনার (প্রসিকিউশন) নির্মলেন্দু বিকাশ চক্রবর্তী আদালতে বলেন, বাবরকে ১০ ট্রাক অস্ত্র ও চোরাচালান মামলায় গ্রেপ্তার দেখানো (শ্যোন অ্যারেস্ট) হয়েছে। কিন্তু তিনি এখনো সিআইডি পুলিশের হেফাজতে আসেননি। তাই এ অবস্থায় তাঁর জামিন চাওয়ার কোনো সুযোগ নেই। মহানগর আদালতের সরকারি কৌঁসুলি (পিপি) কামালউদ্দিন আহাম্মদ আদালতে বলেন, লুত্ফুজ্জামান বাবরের স্ত্রীর আবেদনের পরিপ্রেক্ষিতে হাইকোর্ট তাঁর স্বাস্থ্য পরীক্ষার জন্য দুই সপ্তাহ সিআইডির রিমান্ডের আবেদন স্থগিত রাখার নির্দেশ দেন। ২০০৪ সালের ১ এপ্রিল রাতে সিইউএফএল জেটিঘাট থেকে ১০ ট্রাক অস্ত্র আটক করা হয়। উত্তর-পূর্ব ভারতের বিচ্ছিন্নতাবাদী সংগঠন উলফার জন্য অস্ত্রগুলো আনা হয় বলে বিভিন্ন সাক্ষীর বক্তব্যে জানা গেছে। বিগত বিএনপি-জামায়াত জোট সরকারের আমলে ১০ ট্রাক অস্ত্র মামলার তদন্ত বেশি দূর এগোতে পারেনি।