দশ বছর পেরিয়ে সম্মুখ পানে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

এরই মধ্যে আমরা ১০ বছর পার করেছি। গণিত উৎসব এখন বাংলাদেশের শিক্ষার্থীদের প্রাণের উৎসবে পরিণত হয়েছে। সারা দেশের শিক্ষার্থীরা সারা বছর ধরে অপেক্ষায় থাকে—কখন এই উৎসব হবে, কখন সে অংশ নেবে, কখন পাবে তার কাঙ্ক্ষিত প্রশ্নের উত্তর!শুরুর দিকে অনেকেই আমাকে বলতেন, ‘বৃথা এই সাধনা!’ সিলেবাসের বাইরের গণিতে মোটেই পারঙ্গম নয় আমাদের শিক্ষার্থীরা। কিন্তু আমরা জানতাম, ‘আমরাও পারি’।২০০৯ সালে সামিন রিয়াসাত আর নাজিয়া চৌধুরী পদক পাওয়ার পর অন্য দেশের দলনেতারা আমাদের কাছে জানতে চান, কীভাবে আমরা এত দ্রুত এই অর্জন সম্ভব করলাম।২০০৪ সালের মতো আমাকে আবারও বলতে হলো গণিতের প্রতি ভালোবাসার কথা, প্রথম আলো আর ডাচ্-বাংলা ব্যাংকের পৃষ্ঠপোষকতার কথা। বলতে হলো, ২০০৪ সালে এথেন্সের আন্তর্জাতিক গণিত অলিম্পিয়াডে যখন আমি বাংলাদেশের সদস্যপদের জন্য আবেদন করি, তখন সঙ্গে সঙ্গে সেটি অনুমোদিত হয়। আমি ২০০৪ সালের গণিত উৎসবের প্রথম আলোর চার পাতার ক্রোড়পত্রটি সঙ্গে করে নিয়ে গিয়েছিলাম। সেটি দেখে বেশির ভাগ দলনেতা অবাক হয়েছেন। ‘তুমি বলছ, তোমাদের শিক্ষার্থীরা ৫০ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় গণিতের জন্য মাঠে জড়ো হয়েছে?’আমি বলেছি, হ্যাঁ। ২০০৪ সালের মে-জুন মাসের প্রচণ্ড খরতাপের মধ্যেও আমাদের শিক্ষার্থীরা গণিতের প্রতি তাদের ভালোবাসা প্রকাশ করেছে। এরও দুই বছর আগে, ২০০২ সালের ২৬ জানুয়ারি ঢাকার সিএ ভবনের নয় তলার মিলনায়তনে আমাদের প্রথম মিনি অলিম্পিয়াড হয়। আমি আর স্বর্ণা (ফারহানা আলম) আগের দিন রাতে অভিভাবকদের বাসায় বাসায় গিয়ে তাঁদের রাজি করিয়েছি, সন্তানদের যেন মিনি অলিম্পিয়াডে পাঠান।‘এইটটি ইয়ার্স ইয়ং’ স্যারদের কথা, যাঁরা শীতের কুয়াশা মোড়া রাতে এক শহর থেকে আরেক শহরে ঘুরে বেড়ান, গণিতকে ভালোবেসে!একটি জ্ঞানভিত্তিক সমাজ প্রতিষ্ঠায় বিজ্ঞানই হলো মূল হাতিয়ার। আর গণিত হলো সেই বিজ্ঞানেরই ভিত্তি। বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক মোহাম্মদ কায়কোবাদ ১৯৮৬ সালে দেশে ফিরে গণিত অলিম্পিয়াড আয়োজনের কথা বলেন। কেউ পাত্তা দেয়নি। ১৯৯৫ সালে মুহম্মদ জাফর ইকবাল দেশে ফিরলে সেই ইচ্ছাটা প্রবল হয়ে ওঠে। মুহম্মদ জাফর ইকবাল ও মোহাম্মদ কায়কোবাদ ২০০১ সালের এপ্রিল মাসে দেখা করেন প্রথম আলোর সম্পাদক মতিউর রহমানের সঙ্গে। দাবি করেন পত্রিকার পাতায় এক অভিনব গণিত অলিম্পিয়াড আয়োজনের। সেই থেকে শুরু। ২০০৩ সালে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ২১৭ জন শিক্ষার্থীকে নিয়ে হয় প্রথম জাতীয় পর্যায়ের অলিম্পিয়াড। ওই বছরই গঠিত হয় বাংলাদেশ গণিত অলিম্পিয়াড কমিটি। সামনে থেকে নেতৃত্বের দায়ভার নিলেন অধ্যাপক জামিলুর রেজা চৌধুরী। প্রথম আলো তো ছিলই। ২০০৪ সালে ডাচ্-বাংলা ব্যাংকের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান শাহাবুদ্দিন আহমেদের ভালোবাসায় তাঁর ব্যাংক যুক্ত হলো গণিত অলিম্পিয়াডের সঙ্গে। সূচনা হলো এক নতুন ইতিহাসের—ডাচ্-বাংলা ব্যাংক-প্রথম আলো গণিত উৎসব।উৎসব কেবল প্রতিযোগিতা নয়শুরু থেকে আমরা আমাদের শিক্ষার্থীদের গাণিতিক উৎকর্ষ বাড়াতে চেয়েছি। আইএমওর জন্য দল গঠনের একটা ব্যাপার ছিল বটে, তবে সেটা মুখ্য ছিল না। মুখ্য হলো কেবল দশম-একাদশ শ্রেণীর শিক্ষার্থীদের নিয়েই প্রতিযোগিতা করলে হতো! গণিতকে ঘিরে উৎসবের আয়োজন হলেও তার মূল উপজীব্য হয়ে ওঠে—দেশ, বাংলাদেশ। উৎসবে তাই শিক্ষার্থীরা খালি গণিত করে না, তারা জেনে যায়, দেশ গড়তে হলে দেশকে পরিষ্কার রাখতে হয়। প্রতিদিনই মাকে খুশি করতে হয়, যাতে তারা তৈরি হতে পারে মাকে বড় করলে যে মা হয় দেশ, সেই দেশমাতৃকার জন্য লড়াকু হয়ে উঠতে। লাল-সবুজের যে পতাকাটি ১৯৭১ সালে আমাদের এনে দিয়েছেন শহীদ ও জীবিত মুক্তিযোদ্ধারা, তাঁদের প্রতি যথাযথ সম্মান জানালেই তা কেবল সত্যিকারের পতাকা হয়ে ওঠে। আর ১৯৭১ হয়ে ওঠে চার অঙ্কের সবচেয়ে সুন্দর সংখ্যা। প্রতিযোগিতায় বিজয়ী হয় কয়েকজন, কিন্তু উৎসবে জয়ী হয় সবাই। দিন বদলানোর প্রত্যয় নিয়ে তারা ঘরে ফেরে, তৈরি হতে থাকে পরের লড়াইয়ের জন্য। উৎসব শুরু করতে গিয়ে আমরা টের পাই গণিতের বইয়ের অপ্রতুলতা। বিদেশ থেকে সংগ্রহ করে আনা হয় অনেক বই। ফটোকপি করে সেগুলোর অংশবিশেষ পৌঁছে দেওয়া হয় সারা দেশে। আর পাশে এসে দাঁড়ান দেশের প্রকাশকেরা। প্রবীণ গণিতবিদেরা তো ছিলেনই। তৈরি হলো একঝাঁক নতুন গণিত লেখক। গণিত লেখক আর প্রকাশকদের অঙ্গীকারের ফসল এই ২০১১ সালে বইমেলায় একটি স্টলই সাজানো গেছে কেবল গণিতের বই দিয়ে—ভাবা যায়! একটি পাহাড় যখন পাহাড় হয়ে ওঠে, তখন অনেকেই ভুলে যান যে পাহাড়ের একেবারে পাদদেশের শিলাখণ্ডগুলোই কিন্তু পাহাড়কে ধরে রাখে! বাংলাদেশের গণিত উৎসবের আজকের সাফল্যের পেছনে অবদান স্বেচ্ছাসেবকদের। বাংলাদেশের শিক্ষার্থীদের অন্যতম প্রাণের উৎসবের এই মহাযজ্ঞ সামাল দেন সারা দেশে প্রথম আলো বন্ধুসভার বন্ধু আর গণিত অলিম্পিয়াড স্বেচ্ছাসেবক বা মুভার্সরা। কাকডাকা ভোর থেকে গভীর রাত পর্যন্ত নানা কাজকর্মের মাধ্যমে তাঁরা উৎসবকে রাঙিয়ে তোলেন। এ তো গেল ব্যবস্থাপনার দিক। আর একাডেমিক অংশ?বুয়েট, ঢাকা বিশ্ববিদ্যালয়সহ একঝাঁক শিক্ষার্থী পালন করেন অলিম্পিয়াডের একাডেমিক দায়িত্ব। ১৩টি ভেন্যু, চারটি ক্যাটাগরি, প্রতি ক্যাটাগরির ১০টি করে প্রশ্ন। সব প্রশ্নই নতুন। আর জাতীয় উৎসবে আরও ১০টি প্রশ্ন। নতুন সব প্রশ্ন করতে প্রশ্নকর্তাদের জন্য আয়োজন করা হয় প্রশ্ন ক্যাম্পের। সেখানে তৈরি হয় নতুন প্রশ্ন। নতুন দিনের ক্যাম্পদেশে গণিত উৎসবের সর্বোচ্চ প্রাপ্তি গণিত ক্যাম্পে ডাক পাওয়া। প্রতিবছর ৩৫-৪০ জন ডাক পায় এই ক্যাম্পে। ক্যাম্পে সারা দিনই খালি গণিত করতে হয়। গণিত করতে করতে তারা শিখে যায়, জীবনে সাফল্যের মূলমন্ত্র ‘লেগে থাকা’। বিশ্বখ্যাত বিশ্ববিদ্যালয় এমআইটির অধ্যাপক যখন জানতে চান, ‘চার দিন ধরে একটি মাত্র সমস্যার সমাধানের পেছনে লেগে থাকা তুমি কোথা থেকে শিখেছ?’ তখন দ্বিধাহীন চিত্তে নাজিয়া চৌধুরী তাঁকে শুনিয়ে দেয় গণিত ক্যাম্পের গল্প। আর এই ক্যাম্পটিও চলে পুরোনো ক্যাম্পারদের নেতৃত্বে। মূল নেতৃত্বে থেকে তাঁদের পথ দেখান গণিত অলিম্পিয়াডের কোচ মাহবুব মজুমদার। বিশ্বকাপের পর আইএমও ১০ বছরের প্রথম ধাপ অতিক্রম করে এসেছে আমাদের প্রাণের উৎসব। আগামী দশকে তাই নতুন লক্ষ্যমাত্রা নিয়ে কাজ শুরু করেছে গণিত অলিম্পিয়াড কমিটি। এবারের লক্ষ্য কয়েকটি—দেশে শিক্ষার্থীদের গাণিতিক উৎকর্ষ বাড়ানোর জন্য নতুন শিক্ষানীতি যথাযথ প্রয়োগে সঙ্গে থাকা; শিক্ষকদের জন্য শিক্ষক-সহায়ক বইয়ের প্রকাশ, শিক্ষার্থীদের জন্য অনেক বই। সরকারি-বেসরকারি উদ্যোগে গণিত শিখন সামগ্রী উদ্ভাবন, বিকাশ ও বিতরণ। গণিত ক্যাম্প ছড়িয়ে দেওয়া তৃণমূলে। গণিত ক্যাম্পের সম্প্রসারণ শুরু হবে ২০১১ থেকেই। বিভাগীয় শহরগুলোতে হবে এই আয়োজন। উৎসবের আঞ্চলিক পর্বের ভেন্যুও ধীরে ধীরে পৌঁছাবে বৃহত্তর সব জেলায়। প্রাইমারি ক্যাটাগরির ক্যাম্প তো আবার শুরু হচ্ছে। জ্যামিতির ইশকুল আর নম্বর ভ্রমণের বাড়বে ব্যাপ্তি! দেশের বাইরে আন্তর্জাতিক গণিত অলিম্পিয়াডে একটি সামনের সারির দেশে পরিণত হওয়া, বাকি পদকগুলোর হদিস পাওয়া। আর হ্যাঁ, হয়ে যাওয়া আন্তর্জাতিক গণিত অলিম্পিয়াডের আয়োজক। স্বাধীনতার সুবর্ণজয়ন্তীর আগে বাংলাদেশেই আমরা আয়োজন করব আন্তর্জাতিক গণিত অলিম্পিয়াড (আইএমও)! বিশ্বকাপ ক্রিকেট আয়োজন করে আমরা প্রমাণ করেছি, আমরা পারি। গণিত অলিম্পিয়াড আয়োজন করে আমরা দেখাব, ‘কত সহজ আইএমও’। স্বপ্নপূরণের প্রত্যাশায়, দিনবদলের চেতনায় জেগে উঠছে বাংলাদেশের শিক্ষার্থীরা। স্বপ্নপূরণ না হওয়া পর্যন্ত তাদের এই পথচলা চলতেই থাকবে।