দশজনের দশে দশ
১০ জোড়া চোখ। অগণিত স্বপ্ন। এগিয়ে যাওয়ার স্বপ্ন। কেউ হতে চান শিক্ষক, কেউ গবেষক, কেউ বিসিএস ক্যাডার, কেউ চিকিৎসক, কেউ প্রযোজক, কেউ বা আত্মনিয়োগ করতে চান সমাজসেবামূলক কর্মকাণ্ডে। স্বপ্নে ভিন্নতা থাকলেও একটি বিষয়ে মিল রয়েছে তাঁদের মধ্যে। এই ১০ জন ঢাকা বিশ্ববিদ্যালয়ের কলা অনুষদের ডিন পদক পেয়েছেন।২০১২ সালের ঢাকা বিশ্ববিদ্যালয়ের কলা অনুষদ আয়োজিত ডিন পদক (ডিনস অ্যাওয়ার্ড) প্রদান অনুষ্ঠানটি অন্যবারের চেয়ে এবার একটু ভিন্ন ছিল বৈকি। কারণ, গত ৩০ আগস্ট নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনে আয়োজিত অনুষ্ঠানে ২০১০ সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কলা অনুষদের স্নাতক পরীক্ষায় উত্তীর্ণ ডিন সম্মাননা পদক ও ডিন পদকপ্রাপ্ত ১৩ জন সেরা শিক্ষার্থীর মধ্যে ১০ জনই ছিলেন নারী। বাংলাদেশের সর্বোচ্চ বিদ্যাপীঠ ঢাকা বিশ্ববিদ্যালয়ের কলা অনুষদের মেধাতালিকায় মেয়েদের এই অসাধারণ সাফল্য মনে করিয়ে দেয়, শুধু মাধ্যমিকেই ভালো ফলাফল করছে না মেয়েরা, বরং বিশ্ববিদ্যালয় পর্যায়েও মেধায় মেয়েরাই এগিয়ে।২০১২ সালের এবারের ডিন সম্মাননা পদক ও ডিন পদকপ্রাপ্তরা হলেন নাট্যকলা বিভাগের সৈয়দা ইফাত আরা, ইসলামিক স্টাডিজ বিভাগের সিরাজুম মুনীরা, উর্দু বিভাগের শামিমা নাসরীন, ফারসি ভাষা ও সাহিত্যের শারমিন নাহার, সংস্কৃতের সোমা দে, ইতিহাসের জাফরিন রেজওয়ানা, দর্শনের তানজিনা মেনোজ, ইসলামের ইতিহাস ও সংস্কৃতির নাজমা, তথ্যবিজ্ঞান ও গ্রন্থাগার ব্যবস্থাপনার শামিমা ইয়াসমিন এবং ভাষাবিজ্ঞান বিভাগের তাওহিদা জাহান।দিনাজপুরের মেয়ে ইতিহাস বিভাগের মেধাবী মুখ জাফরিন রেজওয়ানা। ইতিহাস ঘিরেই তাঁর স্বপ্ন। ভবিষ্যতে ইতিহাস বিষয় নিয়ে উচ্চতর গবেষণা করাই তাঁর লক্ষ্য।তথ্যবিজ্ঞান ও গ্রন্থাগার ব্যবস্থাপনা বিভাগের পরিচিত মুখ শামিমা ইয়াসমিন ফেনীর মেয়ে। শিক্ষকতাকে পেশা হিসেবে গ্রহণ করতে চান তিনি। এর বাইরেও একটি বড় স্বপ্ন আছে তাঁর। একটি ডিজিটাল লাইব্রেরি প্রতিষ্ঠা।ভাষাবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী তাওহিদা জাহান। নরসিংদীর মেয়ে তাওহিদা স্বপ্ন দেখেন ভাষাবিজ্ঞানের জ্ঞান কাজে লাগিয়ে বাংলাদেশে অটিজমে আক্রান্ত ছোট ছোট শিশুদের কথা বলার সমস্যা প্রতিকারের জন্য কিছু করার। তাই এ বিষয় নিয়ে উচ্চতর পর্যায়ে পড়াশোনা করার ইচ্ছা আছে তাঁর।শরীয়তপুরের মেয়ে নাজমা ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের শিক্ষার্থী। শিক্ষকতাকে তিনি গ্রহণ করতে চান পেশা হিসেবে। এর বাইরে তাঁর একটি স্বপ্ন আছে। তাঁর গ্রামের পিছিয়ে পড়া মেয়েদের জন্য একটি কলেজ প্রতিষ্ঠা।বরিশালের মেয়ে সোমা দে। সংস্কৃত বিভাগের মেধাবী মুখ। একজন সুনাগরিক হিসেবে সমাজসেবামূলক কর্মকাণ্ডের সঙ্গে যুক্ত হতে চান তিনি। সংস্কৃত বিষয় নিয়ে উচ্চতর পর্যায়ে পড়াশোনা করার স্বপ্ন আছে তাঁর।দর্শন বিভাগের মেধাবী মুখ তানজিনা মেহনাজ গাইবান্ধার মেয়ে। পেশা হিসেবে বেছে নিতে চান শিক্ষকতাকে।গাজীপুরের মেয়ে সৈয়দা ইফাত আরা। নাট্যকলা বিভাগের সুপরিচিত মুখ। নাটক নিয়েই বিভোর। কাজও করতে চান এই নাট্যজগতেই।উর্দু বিভাগের শামীমা নাসরীনও নরসিংদীর মেয়ে। মা-বাবার স্বপ্ন পূরণ করতে নিজেকে একজন শিক্ষক হিসেবেই দেখতে চান তিনি। উর্দু সাহিত্য নিয়ে উচ্চতর গবেষণা করারও ইচ্ছা আছে। ফারসি ভাষা ও সাহিত্য বিভাগের শিক্ষার্থী শারমিন নাহার মাগুরার মেয়ে। তাঁর স্বপ্ন একজন বিসিএস ক্যাডার হওয়ার।সিরাজুম মুনীরা। ইসলামিক স্টাডিজ বিভাগের মেধাবী শিক্ষার্থী মুনীরা পটুয়াখালীর মেয়ে। নারী-পুরুষ সবার লেখাপড়ার সমান অধিকার রয়েছে, মনেপ্রাণেই এটি বিশ্বাস করেন তিনি। সে কারণে শিক্ষক হয়ে লেখাপড়ার সঙ্গে সব সময় সম্পৃক্ত থাকতে চান তিনি।আমাদের এই ১০টি মেধাবী মুখ উঠে এসেছে সারা বাংলাদেশের বিভিন্ন অঞ্চল থেকে। তাঁদের এ সাফল্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য আ আ ম স আরেফিন সিদ্দিক বলেন, ‘নারী ক্ষমতায়নের মূল হচ্ছে শিক্ষা। শিক্ষায় নারীরা যত এগিয়ে যাবে, বাংলাদেশে নারীর ক্ষমতায়নও তত দ্রুত প্রতিষ্ঠিত হবে। বাংলাদেশে নারীরা পিছিয়ে আছে—এ কথা সত্য নয়। ঢাকা বিশ্ববিদ্যালয়ের মেধাবী শিক্ষার্থীরা এটাই প্রমাণ করেছেন। এই মেধাবী মেয়েরাই একদিন জাতীয় পর্যায়ে উল্লেখযোগ্য ভূমিকা পালনের মাধ্যমে বাংলাদেশে নারীর ক্ষমতায়ন ত্বরান্বিত করবেন।’ হ্যাঁ, আমরা অপেক্ষায়। আমরা জানি, এ দেশে এখনো একটা পর্যায়ের পর হঠাৎ থেমে যায় নারীর এগিয়ে যাওয়া। মেধাবী মেয়েরা সবাই কর্মজীবনে প্রবেশ করার সুযোগ পান না। এতে তাঁর ক্ষতি, সমাজেরও ক্ষতি। এই মেধাবী মেয়েদের জীবনে তা যেন না হয়। এই ১০ জন কর্মজীবনেও যেন পান দশে দশ।