দশভুজা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আমি সেই গুটিকতক সৌভাগ্যবানদের একজন, যার ফেরদৌসী মজুমদার বা রামেন্দু মজুুমদারের মতো মা-বাবা আছে।আসলে যেকোনো সন্তানের জীবনেই তার মায়ের প্রভাব বোধ করি সবচেয়ে বেশি। আমি-ও এর ব্যতিক্রম নই। জ্ঞান হওয়ার পর থেকে মা-ই আমার প্রধান শিক্ষক, সবচেয়ে বড় বন্ধু। অথচ আজ অবধি একটা দিনের জন্যও মাকে শুধুই ঘরের কাজ বা শুধুই বাইরের কাজ করতে দেখিনি। সমানতালে মা চালিয়ে যাচ্ছেন তাঁর পেশা, নেশা আর সাংসারিক দায়দায়িত্ব।পেশা হিসেবে মা বরাবরই বেছে নিয়েছেন শিক্ষকতাকে। পড়াতে, বিশেষ করে ছোটদের পড়াতে এবং সেই সঙ্গে নিজে পড়াশোনা করতে ভীষণ ভালোবাসেন মা। ফলে মায়ের এই স্কুলশিক্ষকতার কারণে আমি দিনের অনেকটা সময়ই মাকে আমার পাশে পেয়েছি। উচ্চমাধ্যমিক পর্যন্ত অঙ্ক আর বিজ্ঞান বাদে আমার কোনো বিষয়ের কোনো শিক্ষক ছিলেন না। মা নিজেই আমাকে সবকিছু পড়িয়েছেন।শিক্ষকতার বাইরে মায়ের অন্যতম কাজ অভিনয়। নাটক মায়ের প্রাণ; বিশেষ করে মঞ্চ আমাদের পরিবারের এক অবিচ্ছেদ্য অংশ। আমি শুনেছি, আমাকে কোলে শুইয়ে ঘুম পাড়াতে পাড়াতে মা বাড়িতে বসেই মঞ্চ নাটকের মহড়া করেছেন। আমার শিশু-কান বোধ করি সেদিন থেকেই মঞ্চ সংলাপে অভ্যস্ত হয়ে উঠেছে আর আমি ভালোবাসতে শুরু করেছি মঞ্চকে। সেই ছোট্টবেলা থেকে মাকে দেখেছি একটা চরিত্র তৈরি করতে কতটা সময় দিয়েছেন, নিজের ঘরের যাবতীয় জিনিস নিয়ে গিয়েছেন নাটকের প্রয়োজনে, কোনো চরিত্রে একটা পোশাক পরলে সেটা পুরোপুরি সেই নাটকের ব্যাগে তুলে রেখেছেন—পরম প্রিয় হলেও সেটিকে আর কোনো দিন বাইরে ব্যবহার করেননি। আমি এই ছোট ছোট বিষয় উল্লেখ করছি এই কারণে যে এই সবকিছুর একটা প্রভাব আজ আমার মধ্যে আছে। অনেকে ভাবতে পারেন ‘এটা তো খুব ভালো শাড়ি’ বা ‘এটা আমার খুব প্রিয় গয়না, এটা নাটকে নেব না।’ মা ঠিক উল্টোভাবে আমাকে ভাবতে শিখিয়েছেন, ‘তুমি নাটক ভালোবাসো। তাই তোমার সবচেয়ে প্রিয় জিনিসটিই তো তুমি ভালোবাসার কাজে লাগাবে।’মা স্কুল, মঞ্চ, টেলিভিশন সমানতালে চালিয়ে গিয়েছেন। আমার কোনো ভাইবোন নেই। আমার বাবা চরম ব্যস্ত মানুষ। তাহলে কী আমার শৈশব-কৈশোর খুব খারাপ কেটেছে? একাকীত্বে কেটেছে? মোটেই না। আর তা না হওয়ার মূলে আমার মা। মায়ের ক্ষমতা সম্পর্কে আমার মাঝেমধ্যে রীতিমতো বিস্ময় জাগে। একটা মানুষ এই স্কুলের জন্য লেসন প্ল্যান তৈরি করছেন, এই চুলায় রান্না চড়াচ্ছেন, এই খাতা দেখছেন, এই আবার মাথা খাটিয়ে নিজের জন্য নিত্যনতুন ব্লাউজ বানাচ্ছেন দরজিকে দিয়ে, পরমুহূর্তেই নামাজে বসে যাচ্ছেন, এই আবার ডুবে যাচ্ছেন নতুন কোনো নাটকের পাণ্ডুুলিপির মধ্যে। দশভুজা শব্দটি মায়ের ক্ষেত্রে যেন অক্ষরে অক্ষরে মিলে যায়।বাইরে কাজ করার ফলে মায়ের মধ্যে আরেকটি বিশেষ গুণ আমি লক্ষ করেছি, সেটি হলো, মায়ের কাছে ছেলে বা মেয়ের কাজ বলে আলাদা কিছু নেই। রাত ১০টার সময় বাবার শরীর খারাপ হলে আমি মাকে একা বেরিয়ে গিয়ে ওষুধ আনতে দেখেছি। সেখানে কোনো ভয় ছিল না, সংশয় তো নয়ই।মায়ের দিন শুরু হয় ভোরের আজানের সময়। শেষ হয় রাত সাড়ে এগারোটায়। সারাটা দিন ঘরে-বাইরে শুধু কাজ আর কাজ। অথচ সন্তান হিসেবে আমার মায়ের কাছ থেকে পেয়েছি অখণ্ড মনোযোগ। সেটা কীভাবে সম্ভব? সম্ভব হয়েছে কারণ মা তাঁর কাজগুলোকে নির্দ্বিধায় অগ্রাধিকারের ভিত্তিতে সাজাতে পেরেছেন। কখনোই মায়ের তেমন কোনো সামাজিক জীবন ছিল না। বিয়ে, জন্মদিন, পার্টি—এগুলোকে সব সময় এড়িয়ে চলেছেন। সে জন্য সমাজের কিছু কটু কথা যে শুনতে হয়নি তা নয়। কিন্তু দৃঢ়চেতা আমার মা জানেন কোনটা তাঁর জন্য বেশি জরুরি এবং সে অনুযায়ী সিদ্ধান্ত নিতে, ওই কাজে সময় দিতে তাঁর এতটুকু বাধে না।আজ এই বয়সে এসে যখন আমারও দিন শুরু হয় ভোর পাঁচটায়; চলে দুই পায়ের ওপর সেই রাত পর্যন্ত। মাঝে মাঝে ক্লান্তই হয়ে পড়ি। মনে হয়, যেন আর পারছি না! ঠিক সেই মুহূর্তে আমার চোখের সামনে দেখি আমার মাকে; ভাবি, মা পারলে আমি কেন পারব না? আমাকে পারতেই হবে, আমাদের সব কর্মজীবী মাকেই পারতে হবে, এ যে আমাদেরই সংগ্রাম। জিততে আমাদের হবেই... ত্রপা মজুমদার: পরিচালক এবং হেড অব ক্রিয়েটিভ, এক্সপ্রেশনস্ লিমিটেড, অভিনয়শিল্পী