একসময় গ্রামটির অধিকাংশ লোকেরই বসতবাড়ি ছিল না। পেশা বলতে ছিল মাছ ধরা। মাছ পেলে খাবার জুটত, নইলে অনাহার।এখন দিন বদলেছে। সবাই দুই বেলা পেট ভরে খেতে পারে। তাদের রয়েছে জমিজমা, গবাদিপশু। সন্তানেরা এখন স্কুল-কলেজে যায়।গ্রামটির নাম ধুমের কুটি। অবস্থান রংপুরের কাউনিয়া উপজেলার সাড়াই ইউনিয়নে।গ্রামের মানুষের আর্থিক সচ্ছলতার পেছনে বড় ভূমিকা একটি সমিতির। এই সমিতির নাম ধুমের কুটি মৎস্যজীবী সমবায় সমিতি।সমিতির সদস্যদের ক্ষুদ্র ক্ষুদ্র সঞ্চয় আজ বড় মূলধনে পরিণত। সমিতির কল্যাণে সদস্য ছাড়াও গ্রামে অনেকের ভাগ্যের বদল হয়েছে। স্বীকৃতি হিসেবে সমিতিটি গত বছর উপজেলার সেরা সমবায় সমিতির পুরস্কার পেয়েছে। পেয়েছে মাছ চাষের জন্য মৎস্য অধিদপ্তরের পুরস্কার।শুরুর গল্প: কাউনিয়া উপজেলা সদর থেকে ১৫ কিলোমিটার দূরে ধুমের কুটি গ্রাম। গ্রামের অন্য পরিবারের মতো আবদুল্লাহ মিয়ার (৫৮) পরিবারেও অভাব ছিল নিত্যসঙ্গী। অন্যদের মতো তাঁর বাবা আছিম উদ্দিনেরও কোনো জমি ছিল না। জুটত না দুবেলা ভাত। ১৯৭১ সালের শেষের দিকে ২২০ টাকা ঋণ পরিশোধ করতে না পারায় এক দাদন ব্যবসায়ী বাড়িতে এসে তাঁর বাবাকে অপদস্ত করেন। এরপর তিনি প্রতিজ্ঞা করেন, গ্রামে দাদন ব্যবসা চলতে দেবেন না। ইতিমধ্যে দেশও স্বাধীন হয়। আবদুল্লাহর মাথায় আসে সমবায় সমিতির কথা। গ্রামের লোকদের বুঝিয়ে সমিতি গঠনের সিদ্ধান্ত নেন। ১৯৭২ সালের শুরুতে ৮০ জন হতদরিদ্র লোক নিয়ে গঠন করেন ধুমের কুটি মৎস্যজীবী সমবায় সমিতি।আবদুল্লাহ মিয়া জানান, কষ্ট হলেও সমিতির প্রত্যেক সদস্য তখন সপ্তাহে সাত টাকা করে জমা দিতেন। এমনি করে আট বছরে সমিতির সঞ্চয় আর তা বিনিয়োগ করে পাওয়া লাভে তহবিলে জমা হয় পাঁচ লাখ টাকা। ১৯৮০ সালে সদস্যরা তা ভাগ করে নেন। ওই টাকা দিয়ে প্রত্যেক সদস্য গাভি ও ছাগলের সঙ্গে ৫০টি করে হাঁস কেনেন। হাঁসগুলো গ্রামের সামনে দিয়ে চলে যাওয়া ধুম নদী বিলে লালন-পালন শুরু হয়। নতুন উপার্জনের সুযোগ হওয়ায় হাসি ফুটতে থাকে পরিবারগুলোর মুখে।সমিতির প্রাথমিক এই সাফল্য আত্মবিশ্বাসী করে আবদুল্লাহকে। আরও কিছু করার চিন্তা আসে তাঁর মাথায়। ১৯৮০ সাল থেকে সমিতির সাপ্তাহিক চাঁদা বাড়িয়ে করেন ১০ টাকা। কিছু নতুন সদস্য নেওয়া হয়। মোট সদস্য দাঁড়ায় ১১৫ জন। পাঁচ বছরের সঞ্চয় আর তা বিনিয়োগ করে তহবিল দাঁড়ায় সাড়ে ছয় লাখ টাকা।সমিতির সদস্যরা ১৯৮৫ সালে ৮০ হাজার টাকা দিয়ে এক বছরের জন্য ১৪৪ একর ধুম নদী বিল সরকারের কাছ থেকে ইজারা নেন। শুরু করেন মাছের চাষ। প্রথম বছরে আয় হয় ১২ লাখ টাকা। এই টাকা ভাগ করে নেন সদস্যরা। এভাবে প্রতিবছর সমিতির নামে ধুম নদী বিলে মাছের চাষ করে সব সদস্য নিজেদের ভাগ্য বদল করেছেন। সমিতিতে একদিন: সম্প্রতি এক সকালে ধুমের কুটি গ্রামে গিয়ে দেখা যায়, সেখানকার বেশির ভাগ বাড়িতে চকচক করছে টিনের চালা। আধা পাকা বাড়িও আছে বেশ কয়েকটি। খড়ের কুঁড়েঘর নেই বললেই চলে।সমিতির পাকা ভবনে গিয়ে দেখা যায়, সদস্যদের নিয়ে বৈঠক করছেন উদ্যোক্তা আবদুল্লাহ মিয়া। কথা হয় সমিতির সদস্য আমজাদ হোসেনের সঙ্গে। তিনি বলেন, ‘আমাদের সাত টাকা সাপ্তাহিক সঞ্চয় ক্ষুদ্র হলেও আজ তা বড় হয়েছে। সমিতির নামে ব্যাংকে জমা আছে ৩০ লাখ টাকা। আছে চার একর জমি, মাছ ধরার জন্য দুই লাখ টাকার জাল, নয়টি নৌকা, তিন লাখ টাকার পাকা ভবন। গত বছর সমিতির নামে ইজারা নিয়ে ধুম নদী বিলে ১০ লাখ টাকার বিভিন্ন মাছের পোনা ছাড়া হয়েছে। তা থেকে এখন পর্যন্ত ২৪ লাখ টাকার মাছ বিক্রি করা হয়েছে। সমিতির সভাপতি জহির উদ্দিন বললেন, সমিতির আয় কেবল সদস্যরা যে ভাগ করে নেন তা নয়, আয়ের ১০ শতাংশ টাকা গ্রামের বিভিন্ন সমস্যা সমাধান ও অসহায় মানুষের কল্যাণে ব্যয় হয়। যেমন: দরিদ্র প্রাপ্তবয়স্ক ছেলেমেয়ের বিয়েতে সহযোগিতা করা হয়। দরিদ্র শিক্ষার্থীদের কিনে দেওয়া হয় বই-খাতা। ঈদ-পূজায় পাশের গ্রামের গরিবদের মধ্যেও সেমাই, চিনি, কাপড় টাকা বিতরণ করা হয়। যৌতুক, বাল্যবিবাহের কুফল সম্পর্কে গ্রামের লোকদের সচেতন করা হয়। পারিবারিক ও সামাজিক কলহ, অপরাধগুলো মিটমাট করা হয় সমিতির মাধ্যমে।সফলদের অন্যতম: উদ্যোক্তা আবদুল্লাহ সমিতি থেকে পাওয়া লাভের অংশ দিয়ে আবাদি জমি, টিনের বাড়ি ও হালের বলদ কিনেছেন। তাঁর দুই সন্তানের মধ্যে মেয়ে রুজিনার বিয়ে হয়েছে। ছেলে আবদুর রাজ্জাক পড়ছে কলেজে।সমিতির সদস্য আবদুল হালিমের একসময় কোনো জায়গাজমি ছিল না। এক বেলা ভাত জুটলেও আরেক বেলা জুটত না। এখন ঘরে সারা বছর চাল থাকে। জমি কিনেছেন ৬৫ শতক, করেছেন টিনের বাড়ি। তিনি জানান, এগুলো হয়েছে সমিতির কল্যাণে।নূর মোহাম্মদ আগে মাছ ধরে সংসার চালাতেন। মাছ না পেলে অনাহারে থাকতেন। তিনিও সমিতিতে যুক্ত হয়ে ৮০ শতক জমি কিনেছেন। করেছেন টিনের বাড়ি। গাছগাছালিতে ঘেরা তাঁর বাড়ি।এমনি করে সমিতির ১১৫ জন সদস্য সংসারের অর্থনৈতিক অবস্থা বদলে ফেলেছেন। দিন-রাত ধুম নদী বিলের মাছের খামারে পাহারা দিয়ে গ্রামটির দিনমজুর লুৎফর রহমানের মতো আরও ১০ জন মাসে চার হাজার টাকা করে উপার্জন করছেন।গৃহবধূ আছমা খাতুন, জুঁই খাতুনসহ দুই শতাধিক গৃহবধূ ধুম নদী বিলে হাঁস পালন করে বাড়তি আয় করছেন।অন্যদের কথা: সাড়াই ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্য ও ধুমের কুটি গ্রামের বাসিন্দা নেহার আলী জানান, আগে গ্রামের মানুষের কষ্টের শেষ ছিল না। সমিতি গঠনের মাধ্যমে গ্রামের লোকজন তাদের জীবনমানের উন্নতি করতে পেরেছে। সাড়াই ইউপি চেয়ারম্যান আশরাফুল ইসলাম জানান, ধুমের কুটি মৎস্যজীবী সমবায় সমিতি একটি অনুকরণীয় দৃষ্টান্ত স্থাপন করেছে। কাউনিয়া উপজেলা সমবায় কর্মকর্তা আজগার আলী জানান, এই সমিতির কার্যক্রম উপজেলার আর দশটি সমিতি থেকে একেবারে ভিন্ন। উপজেলা মৎস্য কর্মকর্তা কাজী আবেদ লতিফ প্রথম আলোকে বলেন, বছরে এক লাখ আট হাজার টাকার বিনিময়ে ধুমের কুটি সমিতিকে ধুমের নদী বিল ইজারা দেওয়া হয়েছে। মাছ চাষে বিশেষ অবদান রাখায় ২০১০ সালে সমিতিকে মৎস্য অধিদপ্তর থেকে পুরস্কারও দেওয়া হয়েছে।