দশে মিলে দাবি আদায়
লালবাগের ঋষিপাড়ায় ব্রিটিশ আমলে পয়োনিষ্কাশন নালা ছিল। একপর্যায়ে এটি বন্ধ হয়ে যায়। বৃষ্টি হলে জলাবদ্ধ হয়ে পড়ত ঋষিপাড়া বস্তি। আর নালায় জমে থাকা তরল বর্জ্যের দুর্গন্ধ সারা বছরই সইতে হতো আশপাশের বাসিন্দাদের। ২০০৯ সালে এসে সংস্কারের মাধ্যমে পয়োনালাটি সচল করে ঢাকা ওয়াসা (পানি সরবরাহ ও পয়োনিষ্কাশন কর্তৃপক্ষ)। তবে এর আগে তাদের দরবারে তিন বছর ধরে ধরনা ধরতে হয়েছে নাগরিক অধিকার সংরক্ষণ ফোরামের (নাসফ) ঢাকা সিটি করপোরেশনের (ডিসিসি) ৬১ নম্বর ওয়ার্ড কমিটিকে।বেসরকারি সংস্থা রিকের (রিসোর্স ইন্টিগ্রেশন সেন্টার) সহায়তায় ২০০৫ সালে যাত্রা করে নাসফ। সেবা সংস্থাগুলোর কাছ থেকে নগরবাসীর অধিকার আদায়ে তারা কাজ করছে। এমন কাজে নামার কারণ জানালেন নাসফ সভাপতি হাফিজুর রহমান ময়না। তাঁর ভাষ্য, ‘ঢাকা নগরে বিভিন্ন সেবা সংস্থা কাজ করছে। এগুলো নগরবাসীর চাহিদা ঠিকমতো পূরণ করতে পারছে না। কোনো নাগরিক ব্যক্তিগতভাবে এলাকার সমস্যা নিয়ে সংশ্লিষ্ট সেবা সংস্থার কাছে গেলে তারা প্রায়ই তাতে কান দেয় না। আর অভিযোগের কথা শুনলেও বেশির ভাগ ক্ষেত্রেই তা সমাধানে এগিয়ে আসে না। কিন্তু একই অভিযোগ নিয়ে এলাকাবাসী যদি ঐক্যবদ্ধ হয়ে সেবা সংস্থার কাছে যায়, তবে তা গুরুত্ব পায়।’অধিকার আদায়ে ডিসিসির প্রতিটি ওয়ার্ডের বাসিন্দাদের ঐক্যবদ্ধ করতে শুরু থেকেই নাসফ ওয়ার্ড কমিটি গঠন করে। এ ক্ষেত্রে যেসব ওয়ার্ডে সুবিধাবঞ্চিত মানুষের বসবাস বেশি, সেসব ওয়ার্ডে কমিটি গঠনে জোর দিয়েছে তারা। এখন এ রকম ২৫টি ওয়ার্ড নিয়ে নাসফ কাজ করছে। এগুলো হচ্ছে ডিসিসির ২, ৩, ৫, ৬, ১৮, ২০, ২১, ২২, ২৩, ২৪, ২৫, ২৯, ৩০, ৪৭, ৪৮, ৫৪, ৫৮, ৫৯, ৬০, ৬১, ৬৫, ৭৪, ৮৪, ৮৫ ও ৮৬ নম্বর ওয়ার্ড। ওয়ার্ডভিত্তিক কমিটি গঠনের শুরুটা কিন্তু মসৃণ ছিল না। সে কথাই বলছিলেন রিকের আরবান গভর্নেন্স প্রোগ্রামের (সিআইডিসি প্রকল্প) সমন্বয়ক এস এম এ মুয়ীদ। তিনি বলেন, ‘নাগরিক জীবনে মানুষ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। একই ভবনে থেকেও এক ফ্ল্যাটের মানুষ আরেক ফ্ল্যাটের মানুষকে চেনে না। এলাকার সমস্যায় সবাই ভুক্তভোগী হলেও কেউ এ নিয়ে সেবা সংস্থার কাছে যেতে চায় না। সবাই ঝামেলা এড়িয়ে চলতে চায়। এ অবস্থায় নাসফের ওয়ার্ড কমিটি গঠনের আগে এলাকাবাসীকে এর গুরুত্ব সম্পর্কে বোঝাতে হয়েছে। যাদের কমিটিতে রাখা হয়েছে, তাদের আবার প্রশিক্ষণ দিতে হয়েছে, যাতে তারা সহজে এলাকার সমস্যা চিহ্নিত করতে পারে এবং তারা বুঝতে পারে সমস্যাটির সমাধানে কোন সংস্থার কাছে যেতে হবে।’নাগরিক জীবনের আবশ্যক উপাদান নিশ্চিত করতে নাসফ বরাবরই তাগিদ দিয়ে আসছে ডিসিসি, ঢাকা ওয়াসা, তিতাস গ্যাস সঞ্চালন ও বিতরণ কোম্পানি লিমিটেড, ঢাকা বিদ্যুৎ বিতরণ কোম্পানি (ডিপিডিসি) লিমিটেড, ঢাকা বিদ্যুৎ সররবরাহ (ডেসকো) লিমিটেড, বাংলাদেশ টেলিযোগাযোগ কোম্পানি লিমিটেডসহ (বিটিসিএল) বিভিন্ন সেবা সংস্থাকে।ওয়ার্ডে ওয়ার্ডে থাকা সরকারি-বেসরকারি সেবা সংস্থাগুলো মানুষকে ঠিকঠাক স্বাস্থ্যসেবা দেয় কি না সেদিকেও নজর রাখে নাসফ। এ বিষয়ে নাসফের ডিসিসির ২৯ নম্বর ওয়ার্ড কমিটির সাধারণ সম্পাদক মোহাম্মদ সালাউদ্দিন বলেন, ‘স্বাস্থ্যকেন্দ্রগুলোয় দেখা যায় ঠিকমতো চিকিৎসক বসেন না। আবার সেগুলোয় দরকারি ওষুধও থাকে না। এর ফলে সুবিধাবঞ্চিত মানুষ স্বাস্থ্যসেবা থেকে বঞ্চিত হচ্ছে। দরিদ্র জনগোষ্ঠী যাতে স্বাস্থ্যকেন্দ্রে গিয়ে ঠিকমতো স্বাস্থ্যসেবা পায়, সেদিকে আমরা নজর রাখছি।’মুগদাপাড়ায় বিদ্যুৎসেবার মান বাড়াতে তাঁদের কমিটির অবদান আছে বলে জানান সালাউদ্দিন। তিনি বলেন, ‘আমাদের এলাকায় ট্রান্সফরমার কম ছিল। ফলে অতিরিক্ত লোডের কারণে ট্রান্সফরমার প্রায়ই বিকল হয়ে যেত। এ জন্য আমরা স্থানীয় ওয়ার্ড কাউন্সিলরকে সঙ্গে নিয়ে তিন বছর আগে ডেসার কাছে ট্রান্সফরমার চেয়ে আবেদন করি। তারপর কিছুদিনের মধ্যেই এলাকায় গোটা তিনেক ট্রান্সফরমার বসানো হয়।’ওয়ার্ডের মানুষ ঐক্যবদ্ধ হওয়ায় পরিষেবা সংস্থাগুলোর কাছ থেকে কিছু সেবা আদায় করা যাচ্ছে বলে জানালেন নাসফের ডিসিসির ৬১ নম্বর ওয়ার্ড কমিটির সভাপতি হাজি শুকুর মোহাম্মদ ফালান। তাঁর কথা, ‘এখন কাউন্সিলরের কাছে যদি কোনো দাবি নিয়ে যাই, তাহলে তিনি দ্রুত তা পূরণ করার চেষ্টা করেন। এভাবেই আমাদের এলাকার আবর্জনা পরিবহনের কাজে শৃঙ্খলা এসেছে।’