দস্যু ও বিদ্রোহ দমনে তৈরি হবে জলদুর্গ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সুবা বাংলার রাজধানী ঢাকা, তথা সমগ্র সুবার নিরাপত্তা জোরদার করতে মহামহিম মোগল শাহানশাহ্ নূরুদ্দীন মুহাম্মদ জাহাঙ্গীর এ অঞ্চলে জলদুর্গ গড়ে তোলার নির্দেশ দিয়েছেন। শীতলক্ষ্যার ভাটি অঞ্চলে কৌশলগত স্থান চিহ্নিত করে জলদুর্গ নির্মাণ করা হবে বলে জানা গেছে।সুবাদারের সেনাবিষয়ক কর্মকর্তা বকশি খাজা তাহির মোহাম্মদ প্রথম আলোকে জানিয়েছেন, জলদুর্গ ও সামরিক স্থাপনার বিষয়ে সুবাদার শেখ আলাউদ্দীন ইসলাম খান চিশতির সঙ্গে আলোচনা করে চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন তাঁর প্রধান নৌ-অধিকর্তা মির-ই-বহর ইহতিমাম খান। বকশি আরও জানান, সুবাদারের অনুরোধক্রমে শাহানশাহ্ জাহাঙ্গীর ইহতিমাম খানকে ৫০ হাজার সৈন্যের নেতৃত্ব দান করে সুবা বাংলার মির-ই-বহর পদে উন্নীত করেছেন। তিনি রাজকীয় নৌবহরসহ এলাহাবাদ ও প্রাক্তন রাজধানী রাজমহল হয়ে সুবাদারের পরপর নতুন রাজধানীতে উপনীত হয়েছেন।এরই মধ্যে সুবাদার তাঁর সামরিক কর্মকর্তাদের সঙ্গে এক বৈঠকে বসেছিলেন। একটি সামরিক সূত্র মারফত জানা গেছে, পর্যায়ক্রমে ইদ্রাকপুর, সোনাকান্দা ও ভাটি অঞ্চলের কৌশলগত স্থানে একাধিক জলদুর্গ গড়ে তোলার জন্য সামরিক কর্মকর্তাদের দেওয়া প্রস্তাবে সে বৈঠকে সুবাদার নীতিগত সম্মতি দিয়েছেন। এসব দুর্গ ভারী কামান ও উন্নত অস্ত্রে সজ্জিত করা হবে। দুর্গসংলগ্ন ঘাটে নৌবহর সদাপ্রস্তুত অবস্থায় মোতায়েন রাখা হবে। এ ছাড়া দুর্গগুলিতে দ্রুতগতিসম্পন্ন অশ্বারোহী বাহিনী ও গজবাহিনীও মোতায়েন করা হবে।বকশির দপ্তর জানিয়েছে, সৈন্যরা আপাতত ঢাকার দুর্ভেদ্য দুর্গ ঢাকা কেল্লাতেই অবস্থান করবেন। ঢাকা কেল্লা অবশ্য সুবাদারের প্রশাসনিক ভবন হিসেবেও ব্যবহূত হবে। এ ছাড়া দোলাই নদীতে বেগ মুরাদ খান নির্মিত কেল্লা দুটিও সংস্কার করা হবে। সেগুলির একটির দায়িত্ব মির-ই-বহর ইহতিমাম খান নিজে গ্রহণ করবেন। অন্যটির দায়িত্ব দেবেন তাঁর সুযোগ্য পুত্র বীর সেনাধ্যক্ষ আলাউদ্দীন ইস্পাহানী ওরফে মীর্জা নাথানকে। তাঁরা পিতা-পুত্র এই দুই দুর্গেই অবস্থান করবেন। বাংলার প্রধান যোগাযোগব্যবস্থা জলপথনির্ভর বলে ব্যবসাবাণিজ্য ও নদীতীরবর্তী জনপদের নিরাপত্তা নিশ্চিত করতে বিপুলসংখ্যক নৌসেনা মোতায়েন করা দরকার বলে সুবাদার ও তাঁর সেনাকর্মকর্তারা মনে করছেন। জানা গেছে, জলপথে মগ ও পর্তুগিজ জলদস্যু এবং অভ্যন্তরীণ বিদ্রোহীদের দমনের জন্য কামান ও ভারী অস্ত্রসজ্জিত নৌবহর শীতলক্ষ্যাসহ পার্শ্ববর্তী নদীগুলিতে নিয়মিত টহল দেবে। রাজধানীর পূর্বোল্লিখিত তিনটি দুর্গে সৈন্যসংখ্যা পর্যাপ্ত পরিমাণে বাড়ানো হবে।