লালমনিরহাটের পাটগ্রামের ছিটমহল দহগ্রাম-আঙ্গরপোতাবাসীকে এখন থেকে আর তিনবিঘা করিডর দিয়ে যাতায়াতের সময় তল্লাশি করবে না ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। একই সঙ্গে হাতীবান্ধা উপজেলার ট্যাপাখড়িবাড়ী বাঁধ ও পাটগ্রামের কলসিরমুখে রাস্তা মেরামতের কাজে বাধা দেবে না বিএসএফ। গতকাল সোমবার বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সঙ্গে বিএসএফের সেক্টর কমান্ডার পর্যায়ে এক বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়।দুপুর ১২টা থেকে বিজিবির পাটগ্রাম উপজেলার পানবাড়ি সীমান্ত ফাঁড়ির রেস্টহাউসে এ বৈঠক শুরু হয়ে বেলা আড়াইটা পর্যন্ত চলে। বৈঠকে বাংলাদেশের সাত সদস্যের দলের নেতৃত্ব দেন বিজিবির রংপুর সেক্টরের কমান্ডার কর্নেল নেয়ামুল ইসলাম ফাতেমী বীর প্রতীক। বিএসএফ দলের নেতৃত্ব দেন জলপাইগুড়ি সেক্টর কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল গাজিন্দর সিং রাঠোর।বৈঠক শেষে বিজিবির কর্মকর্তা কর্নেল নেয়ামুল সাংবাদিকদের বলেন, হাতীবান্ধায় ট্যাপাখড়িবাড়ী বাঁধ এবং পাটগ্রামের কলসিরমুখে ৮০০ মিটার রাস্তা মেরামতের কাজে এত দিন বাধা দিচ্ছিল বিএসএফ। বিএসএফ বলেছে, তারা আর ওই দুটি কাজে বাধা দেবে না।কর্নেল নেয়ামুল বলেন, পাটগ্রামে সপ্তাহে দুুটি হাটের দিন আগে ১০টি করে ২০টি গরু নেওয়ার অনুমতি পেত দহগ্রাম-আঙ্গরপোতাবাসী। এখন থেকে তাদের ৩০টি করে সপ্তাহে ৬০টি গরু পাটগ্রামে নেওয়ার অনুমতি দিয়েছে বিএসএফ। তবে এই সিদ্ধান্ত ৭ অক্টোবর পর্যন্ত বহাল থাকবে। আগামী ২৫ সেপ্টেম্বর ঢাকায় দুই দেশের সীমান্তরক্ষী বাহিনীর মহাপরিচালক (ডিজি) পর্যায়ে বৈঠকে এই বিষয়টি তোলা হবে। বিজিবি কর্মকর্তা বলেন, দহগ্রাম-আঙ্গরপোতা থেকে তিনবিঘা করিডর হয়ে পাটগ্রামসহ বাংলাদেশের মূল ভূখণ্ডে যাত্রীবাহী বাস চলাচলের ব্যাপারে কোনো সিদ্ধান্ত হয়নি। বিষয়টি ডিজি পর্যায়ের বৈঠকে তোলার পরামর্শ দিয়েছেন বিএসএফ কমান্ডার গাজিন্দর সিং রাঠোর। বৈঠকে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বিজিবির ৩১ ব্যাটালিয়ন লালমনিরহাটের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. আসলাম হোসেন ও ৩৪ বিজিবি ব্যাটালিয়ন রংপুরের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল ওমর সাদী এবং বিএসএফের ৪৯ ব্যাটালিয়ন কমান্ড্যান্ট রাজীব কুমার ও ১৭ ব্যাটালিয়নের কমান্ড্যান্ট এ কে ত্যাগী। গত ৬ সেপ্টেম্বর ঢাকায় বাংলাদেশ ও ভারতের প্রধানমন্ত্রীর মধ্যে অনুুষ্ঠিত বৈঠকে দহগ্রাম-আঙ্গরপোতায় যাতায়াতের জন্য ১২ ঘণ্টার পরিবর্তে ২৪ ঘণ্টা তিনবিঘা করিডর খোলা রাখার সিদ্ধান্ত নেওয়া হয়। দুই দিন পর ৮ সেপ্টেম্বর সন্ধ্যা থেকে ওই সিদ্ধান্ত কার্যকর হয়েছে। কিন্তু এখনো তিনবিঘা করিডর দিয়ে গবাদিপশু নেওয়াসহ বাসে করে যাতায়াত করতে পারে না দহগ্রাম-আঙ্গরপোতাবাসী।