দহগ্রাম-আঙ্গরপোতায় অন্য রকম আনন্দ
আলোচিত ছিটমহল লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার দহগ্রাম-আঙ্গরপোতায় যাতায়াতের জন্য তিনবিঘা করিডরের ফটক ২৪ ঘণ্টা খোলা রাখার সিদ্ধান্তে আনন্দ ও সন্তোষ প্রকাশ করেছে সেখানকার বাসিন্দারা।গতকাল বুধবার তারা মিলাদ মাহফিল, আনন্দ শোভাযাত্রা ও আলোচনা সভা করে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও ভারতের প্রধানমন্ত্রী মনমোহন সিংয়ের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে। তারা দুই প্রধানমন্ত্রীর সিদ্ধান্ত দ্রুত কার্যকর করার দাবি জানিয়েছে।গত মঙ্গলবার রাতে গণমাধ্যমের কল্যাণে দহগ্রাম-আঙ্গরপোতার লোকজনও জানতে পারে, তাদের বহুল প্রত্যাশিত তিনবিঘা করিডর ২৪ ঘণ্টা খোলা রাখার জন্য বাংলাদেশ ও ভারতের প্রধানমন্ত্রীর যৌথ বৈঠকে সিদ্ধান্ত হয়েছে। এ খবর শুনে রাত থেকে আনন্দে ভাসতে থাকে ২৬ বর্গকিলোমিটার আয়তনের দহগ্রাম ছিটমহলের ১৬ হাজার বাসিন্দা। সকালে এই আনন্দের খবর ছড়িয়ে পড়ে পুরো ছিটমহলে।তিনবিঘা করিডর ২৪ ঘণ্টা খোলা রাখার সিদ্ধান্তে সৃষ্টিকর্তার প্রতি শুকরিয়া জানিয়ে সকাল সাড়ে আটটার দিকে দহগ্রাম-আঙ্গরপোতা ইউনিয়ন পরিষদ (ইউপি) কার্যালয়ে মিলাদ মাহফিল হয়। সকাল সাড়ে নয়টার দিকে স্থানীয় বঙ্গেরবাড়ী বাজার থেকে একটি আনন্দ শোভাযাত্রা বের হয়। শোভাযাত্রাটি ইউনিয়নের বিভিন্ন গ্রামের পাড়া-মহল্লার সড়ক প্রদক্ষিণ করে বেলা ১১টার দিকে একই স্থানে এসে শেষ হয়। শোভাযাত্রায় স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন বিভিন্ন বয়সের নারী ও পুরুষ।এরপর স্থানীয় বঙ্গেরবাড়ী উচ্চবিদ্যালয় চত্বরে আলোচনা সভা হয়। এতে সভাপতিত্ব করেন দহগ্রাম-আঙ্গরপোতা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি কামাল হোসেন। বক্তব্য দেন দহগ্রাম-আঙ্গরপোতা ছিটমহল সংগ্রাম পরিষদের সাধারণ সম্পাদক স্কুলশিক্ষক রেজানুর রহমান, ইউপি সদস্য রফিজুল ইসলাম প্রমুখ।রেজানুর রহমান তাঁর স্বরচিত কবিতা আবৃত্তি করে বলেন, ‘থাকল না আর গেটের চাবি, আদায় হলো মোদের দাবি; করিডর থাকবে খোলা ২৪ ঘণ্টা, ভালো থাকবে সবার মনটা।’ সবাইকে কবিতা শুনিয়ে রেজানুর বলেন, ‘এখন আমরা চাই ২৪ ঘণ্টা তিনবিঘা করিডর খোলা রাখার সিদ্ধান্ত দ্রুত কার্যকর করা হোক। কোনো অজুহাতে বা কোনো কারণে যেন এ ঘোষণা বাস্তবায়ন বিলম্বিত না হয়, সে জন্য সংশ্লিষ্ট সবার নজর রাখা উচিত।’ দহগ্রাম-আঙ্গরপোতা ইউপির চেয়ারম্যান হাবিবুর রহমান বলেন, ‘ছিটমহলবাসীর বেঁচে থাকার অন্যান্য মৌলিক চাহিদাও সরকার পূরণে আন্তরিক হবে, এমনটি আমরা আশা করি।’দহগ্রাম-আঙ্গরপোতা ছিটমহলটি বাংলাদেশ সীমান্তে পড়লেও তা মূল ভূখণ্ড থেকে বিচ্ছিন্ন। সেখানকার বাসিন্দারা ছিল বন্দীর মতো। বঞ্চিত ছিল সব ধরনের নাগরিক সুযোগ-সুবিধা থেকে। ছিটমহলের বাসিন্দাদের বাংলাদেশের মূল ভূখণ্ডে যাতায়াতের জন্য ১৯৯২ সালের ২৬ জুন ভারত সরকার তিনবিঘা করিডর দেয়। ওই দিন দুই দেশের সরকার সিদ্ধান্ত নেয়, ছিটমহলের বাসিন্দারা প্রতিদিন সকাল ছয়টা থেকে এক ঘণ্টা পর পর সন্ধ্যা ছয়টা পর্যন্ত ওই করিডর দিয়ে বাংলাদেশে যাতায়াত করতে পারবে। ছিটমহলবাসীর দাবি ছিল কোনো বিরতি ছাড়াই ২৪ ঘণ্টা তিনবিঘা করিডর দিয়ে যাতায়াত করার। দাবিদাওয়া ও আন্দোলনের পর ২০০১ সালের ১১ মার্চ থেকে শুধু দিনের বেলা ১২ ঘণ্টা কোনো বিরতি ছাড়া তিনবিঘা করিডর দিয়ে চলাচলের অনুমতি পাওয়া যায়। কিন্তু আগের মতোই ছিটমহলের বাসিন্দাদের সন্ধ্যা ছয়টার মধ্যেই করিডরের ফটকে পৌঁছাতে হতো। ছয়টার একটু দেরি হলেও বাড়ি ফিরতে পারত না তারা। অনেক আন্দোলনের পর দুই দেশের প্রধানমন্ত্রীর যৌথ সিদ্ধান্তের ফলে দহগ্রাম-আঙ্গরপোতাবাসী এখন ২৪ ঘণ্টাই তিনবিঘা করিডর দিয়ে যাতায়াতের সুযোগ পেতে যাচ্ছে। কিন্তু সিদ্ধান্ত কার্যকর না হওয়ায় আগের মতো গতকাল সন্ধ্যা ছয়টায় তিনবিঘা করিডরের ফটক বন্ধ হয়ে যায় বলে জানিয়েছেন দহগ্রাম-আঙ্গরপোতা ছিটমহল সংগ্রাম পরিষদের নেতা রেজানুর।