দাঁতে নখে শাণ দিচ্ছে বাঘেরা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিসিবির অফিসে বসে কথাটা পাড়লেন বাংলাদেশ জাতীয় দলের সাবেক অধিনায়ক রকিবুল হাসান, ‘ঢাকার ক্রিকেটপ্রেমী ছেলেমেয়েরা মিলে বাংলা ব্রিগেড নামে একটা দল বানিয়েছে। বাংলাদেশ ক্রিকেট দলের কঠিন ভক্ত ওরা, দল যদি ৫ রানে অলআউটও হয়, তবু আমাদের ক্রিকেটারদের পাশে থাকবে তারা।’রকিবুল হাসানের মুখ থেকে কথাটা শুনেই বাংলা ব্রিগেডের খোঁজখবর শুরু। আরও পাওয়া গেল বাংলাদেশের ক্রিকেটের একনিষ্ঠ সমর্থকগোষ্ঠী ‘দৌড়া বাঘ আইলো’ আর ‘বেঙ্গল টাইগার্স’-এর নাম। দেশের মাটিতে ক্রিকেট বিশ্বকাপে বাংলাদেশ দলকে অকুণ্ঠ সমর্থন দিতে আর প্রতিপক্ষ দলের মধ্যে ভীতি জাগাতে দাঁতে ধার আর নখে শাণ দিচ্ছেন এসব সমর্থকগোষ্ঠীর সদস্যরা। আর খেলা উপভোগ আর আনন্দ উদ্যাপন করার প্রস্তুতিও শুরু করে দিয়েছেন তাঁরা।বাংলা ব্রিগেডের পালের গোদাদের একজন সানিউল ইনাম। অল্প বয়সী দুবলো পাতলা একটা ছেলে, তো কী হলো? দলের মধ্যে পদটা তাঁর বেশ ভারী। বাংলা ব্রিগেডের প্রধান সমন্বয়ক তিনি। সানিউল ইনাম বললেন, ‘আসলে একদিন ইংলিশ প্রিমিয়ার লিগের খেলা দেখতে দেখতে আমরা বন্ধুরা মিলে ঠিক করলাম, যদি ক্লাব ফুটবলের এত বড় ফ্যান ক্লাব থাকে, তাহলে আমরা বাংলাদেশিরা যারা ক্রিকেট ভালোবাসি, তাদের একটা ফ্যান ক্লাব থাকবে না কেন। সেই চিন্তা থেকে আমরা কয়েকজন বন্ধু মিলে আমাদের বাংলাদেশ ক্রিকেট দলের একটা ফ্যান ক্লাব খোলার কথা মাথায় এল। সবাই মিলে নাম ঠিক করলাম বাংলা ব্রিগেড।’নিউজিল্যান্ডের বিরুদ্ধে গত সিরিজে নিজস্ব টি-শার্ট পরে গ্যালারিতে দল বেঁধে খেলা দেখতে গিয়েছিলেন বাংলা ব্রিগেডের সদস্যরা। ভুভুজেলা আর ড্রাম বাজিয়ে আনন্দ-উল্লাস করে তাঁরা সবাইকে মুগ্ধ করে দিয়েছেন এরই মধ্যে। ভালো খেলুক, মন্দ খেলুক—বাংলাদেশ ক্রিকেট দলের পাশে সব সময় থাকার দৃঢ় প্রত্যয় তাঁদের। বাংলা ব্রিগেডের সদস্যদের সঙ্গে কথা বলেই সে বিষয়টা বেশ টের পাওয়া গেল। ব্রিগেডের সদস্যদের মধ্যে ভুভুজেলার ওস্তাদ বলে খ্যাতি পেয়েছেন অরূপ। বললেন, ‘মাঠে তো খেলতে পারব না, কিন্তু গ্যালারিতে বসে বাংলাদেশ ক্রিকেট দলকে অকুণ্ঠ সমর্থন দিয়ে সেই সাধটা মিটিয়ে নিতে চাই।’বিশ্বকাপ সামনে রেখে তাই ব্যাপক প্রস্তুতি চলছে তাঁদের। ভুভুজেলা, ড্রাম, পতাকা—সবকিছু নিয়ে তৈরি হচ্ছে। সে কথাটাই বলছিলেন বাংলা ব্রিগেডের আরেক সদস্য মোজাম্মিল তানজিল, ‘বিশ্বকাপটা গ্যালারিতে বসেই দেখতে চাই আমরা। কেননা, নেচে-গেয়ে, বাদ্য বাজিয়ে, চিৎকার করে প্রতিটা ম্যাচে বাংলাদেশ দলকে অন্য রকম শক্তি জোগাবে বাংলা ব্রিগেড। আমরা চাই, সব সময় বাংলাদেশ দলের পাশে থাকতে; জিতলেও, হারলেও।’বাংলা ব্রিগেডের সদস্যরা বয়সে সবাই তরুণ। তাঁদের মধ্যে সবচেয়ে জ্যেষ্ঠ যাঁকে পাওয়া গেল তিনি ডা. আশিকুর রহমান। তিনি বলছিলেন, ‘আমরা তিন ভাইবোনই বাংলা ব্রিগেডের সঙ্গে আছি। এবারের বিশ্বকাপে প্রতিটি খেলা আমরা একসঙ্গে গ্যালারিতে বসে দেখতে চাই। বাংলাদেশ ক্রিকেট দলকে জানাতে চাই, আমরা তাদের পাশেই আছি সব সময়।’ তাঁর ছোট বোন তানজিলাও ভাইয়ের কথায় সুর মেলালেন, ‘আমরা প্রায় ২০ জন মেয়ে আছি বাংলা ব্রিগেডে। ক্রিকেট খেলা যেমন ভালোবাসি, তেমনি ভালোবাসি আমাদের ক্রিকেট দলকে। তাই বাংলাদেশ দলকে সমর্থন দিয়ে যাব সব সময়।’হ্যাঁ, এই একটা কথা বাংলা ব্রিগেডের সবার মুখে। হারুক, জিতুক—বাংলাদেশ দলের পাশে সব সময়। বাংলাদেশ ক্রিকেট দলের জন্য এটাও অনেক বড় প্রাপ্তি।বাংলাদেশ ক্রিকেট দলের আরেকটি ফ্যান ক্লাব দৌড়া বাঘ আইলো। ২০০৮ সালে জিম্বাবুয়ে ক্রিকেট দলের বাংলাদেশ সফরের সময় তৈরি হয় ক্রিকেটভক্তদের এই দল। সেই থেকে তারা একসঙ্গে মাঠে আসে খেলা দেখতে, প্রিয় দলকে শক্তি জোগাতে। সামনের বিশ্বকাপ মাথায় রেখে তারাও তৈরি। একযোগে টিকিট কাটা থেকে শুরু করে দলের নামে ডিজিটাল ব্যানার ছাপানো—সবকিছু সারা। এখন শুধু বাংলাদেশ দলের মাঠে নামার অপেক্ষা। ক্রিকেটভক্তদের আরেক সংগঠন বেঙ্গল টাইগার্সের তুলনায় অবশ্য তরুণদের সংগঠন দুটি বয়সে শিশু। কেননা, বেঙ্গল টাইগার্সের জন্ম ২০০৩ সালে। তখন ঢাকায় ইংল্যান্ড দল এসেছিল। তাদের সঙ্গে এসেছিল ইংল্যান্ড ক্রিকেটের ফ্যান ক্লাব বার্মি আর্মি। মূলত ওদের সঙ্গে টক্কর দিতেই বেঙ্গল টাইগার্সের সূচনা। ক্রিকেট ক্লাবগুলোর তরুণ সংগঠকেরা এক ছাতার তলায় এসে বেঙ্গল টাইগার্সের জন্ম দেন। তাঁদের সঙ্গে আস্তে আস্তে জুটে যান আরও অনেক ক্রিকেটপ্রেমিক। দেশের খেলা তো বটেই, বাংলাদেশ ক্রিকেট দলকে সাহস জোগাতে বিদেশে গিয়েও হাজির হয়েছেন তাঁরা। সঙ্গে বিশাল বিশাল পতাকা নিয়ে গেছেন। যে হোটেলে থেকেছেন, সেই হোটেলের গায়ে ঝুলিয়ে দিয়েছেন বাংলাদেশের পতাকা। তাঁদের সরব উপস্থিতি দেখে সে দেশের মিডিয়া পর্যন্ত আগ্রহী হয়ে উঠেছে। খেলা দেখতে গিয়ে নিজেরাই খবর বনে যান ভিনদেশি গণমাধ্যমে।বেঙ্গল টাইগার্সের সদস্য শামীম চৌধুরী বলেন, ‘বাংলাদেশের ক্রিকেট দলকে প্রতিনিয়ত সাহস জোগাতেই বেঙ্গল টাইগার্স সব সময় মাঠে হাজির থাকে। শুধু তা-ই নয়, খেলা দেখার পাশাপাশি ক্রিকেটারদের বিভিন্ন সংবর্ধনা আর সম্মাননাও দিয়ে থাকে বেঙ্গল টাইগার্স।’বেঙ্গল টাইগার্সের প্রেসিডেন্ট কাজী আজিজ আহম্মেদ তৈমুর বলেন, ‘আমাদের সঙ্গে এখন প্রায় ৩০০ ক্রিকেটভক্ত আছে, যারা মাঠে গিয়ে খেলা দেখতে ভালোবাসে। আশা করছি, এবার আমরা সবাই মিলে গ্যালারিতে বসে বাংলাদেশের ক্রিকেটারদের পাশে থাকব সর্বক্ষণ।’তবে নতুন কি পুরোনো, এবারের ক্রিকেট বিশ্বকাপ নিয়ে বাংলাদেশ ক্রিকেট দলের বিভিন্ন ভক্তসংগঠনের সদস্যদের উৎসাহের কোনোই কমতি নেই। এবারের বিশ্বকাপে তাঁরাও সবাই বাংলাদেশের হয়েই লড়বেন; তবে মাঠে নয়, গ্যালারিতে বসে। অকুণ্ঠ সমর্থন আর নিরন্তর ভালোবাসা নিয়ে দলের পাশেই থাকবেন তাঁরা।