বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, বিদেশিরাও বলছে, নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন হতে হবে। তিনি বলেন, দলীয় সরকারের অধীনে নির্বাচনের যে স্বপ্ন দেখছেন, তা বাস্তবায়ন হবে না।আজ বুধবার বিকেলে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে আয়োজিত এক বিক্ষোভ সমাবেশে মির্জা ফখরুল এ কথা বলেন। বিএনপির নিখোঁজ নেতা ইলিয়াস আলীকে ফেরত দেওয়া, দলের নেতাদের বিরুদ্ধে দায়ের করা মিথ্যা মামলা প্রত্যাহার এবং গ্রেপ্তার হওয়া নেতাদের মুক্তির দাবিতে বিএনপির নেতৃত্বাধীন ১৮ দলীয় জোটের ঢাকা মহানগর শাখা এ সমাবেশের আয়োজন করে। সমাবেশ থেকে আগামী রোববার দেশের সব জেলা ও মহানগরে বিক্ষোভ মিছিল ও পরের দিন সোমবার ঢাকায় গণমিছিল কর্মসূচির ঘোষণা করেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব।কর্মসূচি ঘোষণার সময় নেতা-কর্মীরা ‘হরতাল হরতাল’ স্লোগান দিতে থাকে। তখন নেতা-কর্মীদের উদ্দেশে মির্জা ফখরুল বলেন, ‘দাঁড়ান, দাঁড়ান হরতাল তো হবেই। আমরা পাঁচ দিন হরতাল দিয়েছি। জনগণ স্বতঃস্ফূর্ত সমর্থন দিয়েছে। আমাদের ধাপে ধাপে এগোতে হবে।’এর আগে সরকারকে উদ্দেশ করে মির্জা ফখরুল ইসলাম বলেন, ‘আপনারা ভেবেছিলেন, মামলা দিয়ে নেতাদের হতোদ্যম করা যাবে। নির্যাতন-নিপীড়ন যতই করবেন, নেতারা ততই উজ্জীবিত হবে, প্রতিরোধ গড়ে তুলবে।’ তিনি গণতন্ত্রের স্বার্থে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান। তিনি বলেন, ‘সরকার ইলিয়াস আলীকে তুলে নিয়ে গিয়েছিল। আমরা তাঁকে সরকারের কাছ থেকে জীবিত অবস্থায় ফেরত চাই’। মির্জা ফখরুল অভিযোগ করেন, সরকার দেশকে কারাগারে পরিণত করেছে। তিন বছরে ১২৭ জনকে গুম করেছে।বিএনপির স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন বলেন, ‘সরকারের উচ্চ পর্যায়ের ব্যক্তিদের বক্তব্যে স্পষ্ট যে সরকার জানে, ইলিয়াস আলী কোথায় আছে। ইলিয়াস আলীকে ফেরত দিন। তত্ত্বাবধায়ক সরকার সংবিধানে পুনর্বহাল করার ঘোষণা দিন। না হলে রাজনীতি সংঘাতের দিকে গেলে, দায় সরকারকে নিতে হবে।’বিএনপির স্থায়ী কমিটির আরেক সদস্য মওদুদ আহমদ বলেন, এই সরকার সব ক্ষেত্রেই ব্যর্থ। কারণ তাদের পুরো নজর দুর্নীতির দিকে। তিনি বলেন, এই সরকার আগামী বাজেটে কালো টাকা সাদা করার ব্যবস্থা নিচ্ছে। কারণ তারা বস্তায় বস্তায় টাকা নিয়েছে। শেয়ারবাজার থেকে ৮৬ হাজার কোটি টাকা লুট করেছে। মন্ত্রীরা এত দিন যেসব অর্থ জমা করেছেন, এখন তা সাদা করবেন। তিনি বলেন, কালো টাকা সাদা করতে দেওয়া হবে না। এটা জনস্বার্থ ও জনকল্যাণ-বিরোধী।স্থায়ী কমিটির অপর সদস্য গয়েশ্বর চন্দ্র রায় সচিবালয়ে বোমা বিস্ফোরণ ও গাড়িতে অগ্নিসংযোগের ঘটনায় তাঁর নামে মামলা দায়েরের উল্লেখ করে বলেন, ‘এখনো যদি বোমা মারতে হয়, গাড়িতে আগুন দিতে হয়, তাহলে ৪৫ বছর ধরে কি ঘোড়ার ঘাস কেটেছি? নির্দেশ দিলেই হাজার হাজার গাড়ি ভাঙবে, আগুন লাগানোর জন্য কোনো ঘর বাকি থাকবে না। তবে আমরা এ রাজনীতি করি না।’ঢাকা মহানগর বিএনপির সদস্যসচিব আবদুস সালামের সভাপতিত্বে সমাবেশে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আবদুল মঈন খান, মির্জা আব্বাস, জাতীয় গণতান্ত্রিক পাটির সভাপতি শফিউল আলম প্রধান, জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য মুজিবুর রহমান, বিজেপির মহাসচিব শামীম আল মামুন, ইসলামী ঐক্যজোটের মহাসচিব আবদুল লতিফ নেজামী, এলডিপির সভাপতি মণ্ডলীর সদস্য রেদওয়ান আহমেদ প্রমুখ বক্তব্য দেন।