দাউদ ইব্রাহিমের সঙ্গে তারেকের ঘনিষ্ঠ সম্পর্ক ছিল: হানিফ
ভারতের নাগরিক ও বর্তমানে দুবাইভিত্তিক বিশ্বের অন্যতম মাফিয়া ডন দাউদ ইব্রাহিমের সঙ্গে বিএনপির যুগ্ম মহাসচিব তারেক রহমানের ঘনিষ্ঠ সম্পর্ক ছিল বলে মন্তব্য করেছেন বাংলাদেশ আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মাহবুবুল আলম হানিফ। আজ রোববার ধানমন্ডির দলীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এ মন্তব্য করেন।বিএনপির মহাসচিব খোন্দকার দেলোয়ার হোসেনের সাম্প্রতিক বক্তব্যের প্রতিবাদে ডাকা এ সংবাদ সম্মেলনে হানিফ বলেন, সবাই জানেন, দাউদ ইব্রাহিমের মেয়ের বিয়েতে মূল্যবান হীরা উপহার দিয়েছিলেন তারেক রহমান। তারেক রহমানকে নিয়ে আওয়ামী লীগ শঙ্কিত—খোন্দকার দেলোয়ারের এমন মন্তব্যের জবাবে হানিফ বলেন, ‘যিনি ঠান্ডা মাথায় মানুষ হত্যা করতে পারেন, তাঁকে তো জনগণ ভয় পাবেই। আসলেই জনগণ এ হিংস্র মানুষটির কার্যকলাপে শঙ্কিত।’ তারেক রহমান রাজনৈতিক প্রতিহিংসা চরিতার্থ করতে বিদেশ থেকে ষড়যন্ত্রের পরিকল্পনা করছেন বলে জানান আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক।বাকশাল সম্পর্কে এক প্রশ্নের জবাবে মাহবুবুল আলম জানান, বাকশাল-যুগে ফিরে যাওয়ার কোনো ইচ্ছা আওয়ামী লীগের নেই। তিনি বলেন, ‘তবে এখনো আমরা বাকশালের আদর্শ হূদয়ে ধারণ করে চলেছি। কারণ, বাকশাল ছিল জনগণের অর্থনৈতিক মুক্তির জন্য যুগান্তকারী পদক্ষেপ।’ ইউএনবি